বাড়িতে বর্ষবরণ

ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে যে উৎসবের সূচনা, দুপুর গড়িয়ে বিকেল পর্যন্ত তা শহরজুড়ে এনে দেয় আনন্দের দ্যুতি। রমনার বটমূল থেকে ধানমন্ডি লেক, চারুকলার মঙ্গল শোভাযাত্রা থেকে পুরান ঢাকার চকবাজার উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে পুরো রাজপথ৷ আর এখন তো শুধু বাইরে নয়, অন্দরেও এসে লাগে সেই উৎসবের রং৷ শুধু গৃহসজ্জা আর খাবারদাবারেই নয়, বাড়িতে বাড়িতেও চলে নববর্ষের আয়োজন৷
প্রতিবছর বাড়িতে বৈশাখের আয়োজনটা করে থাকেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব৷ ‘আমাদের বন্ধুবান্ধব প্রতিবছরই এই দিনটির অপেক্ষায় থাকে৷ বাইরে এত গরম আর ভিড় থাকে যে সারা দিন সবাই মিলে ঘোরাঘুরিটা খুব একটা হয়ে ওঠে না’, জানালেন ওয়ার্দা রিহাব৷ এ জন্য ঘরে একটা স্থায়ী মঞ্চ বানিয়ে ফেলেছেন ওয়ার্দা রিহাব আর অরুপ কুমার সাহা দম্পতি৷ যেখানে বন্ধুবান্ধব মিলে একটা ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ফেলে৷ এই বাড়ির খাবারদাবারেও এদিন থাকে বাঙালিয়ানার ছাপ৷ পাচঁফোড়ন দেওয়া নিরামিষ, চিংড়ির মালাইকারি, ভাপা আর সরষে দুই রকমের ইলিশ, আম-ডাল, সজনে-ডালের মতো নানা খাবারের আয়োজন থাকে বাড়িতে৷ ওয়ার্দা রিহাবের মা আর শাশুড়ি মিলে সামলান এই রান্নার আয়োজন৷ তবে পরিবেশনার দায়িত্বটা ওয়ার্দা রিহাবের ওপরই৷ সে ক্ষেত্রে পরিবেশনায় প্রতিবছরই অতিথিদের জন্য একটা চমক থাকে৷ যেমন এই বছর খাবার পরিবেশনায় থাকবে কাসার বাসনকোসন। কখনো মাটি আবার কখনো অন্য কোনো উপাদানের থালাবাটি ব্যবহার করেন পয়লা বৈশাখে। বাসাজুড়েই থাকে লোকজ পণ্য। আর লাল-সাদা রঙের প্রাধান্য৷ ‘পয়লা বৈশাখে যাঁরা আমার বাসায় আসেন, তাঁরা যাতে বাসাতেই একটা বৈশাখী উৎসবের আবহ পান, সে জন্য থাকে এত আয়োজন’, বললেন ওয়ার্দা রিহাব৷

বাড়িতে পয়লা বৈশাখ উদ্যাপনের রীতিটা একেবারেই নতুন নয়৷ বেশ আগে থেকেই পুরান ঢাকার অনেক বনেদি পরিবারেই করা হতো এমন আয়োজন৷ ফ্যাশন ডিজাইনার এমদাদ হকের ছোটবেলাটা কেটেছে পুরান ঢাকার বকশী বাজারে৷ জানালেন, ছোটবেলায় থেকেই তাঁদের বাড়িতে থাকত বর্ষবরণে নানা আয়োজন৷ বিশেষ স্থান থেকে খাবার আসত বাড়িতে৷ বড় কাটরার আমিত্তি, ধোপাপাড়ার লুচি আর ভাজির আয়োজন দিনটাকে আরও বিশেষ করে তুলত৷ এসব খাবার খেতে খেতেই পরিবারের সবাই মিলে চলত খুনসুটি আর আড্ডা৷ পারিবারিক এই ঐতিহ্যটাকে এখনো ধরে রাখার চেষ্টা করেছেন এমদাদ৷
>পয়লা বৈশাখে নির্দিষ্ট কারও বাসায় নয়, বরং একেক বৈশাখে একেক আত্মীয় বা বন্ধুবান্ধবের বাড়িতে মিলিত হন সবাই৷ খাবারের আয়োজনে যোগ হয়েছে ‘ওয়ান ডিস পার্টি’র ভাবনা
এখন অনেকের বাড়িতেই নতুন বছরের প্রথম দিনটিতে এই ধরনের আয়োজন হয়ে থাকলেও বদলেছে তার ধরন৷ যেমন পয়লা বৈশাখে নির্দিষ্ট কারও বাসায় নয়, বরং একেক বৈশাখে একেক আত্মীয় বা বন্ধুবান্ধবের বাড়িতে মিলিত হন সবাই৷ খাবারের আয়োজনে যোগ হয়েছে ‘ওয়ান ডিস পার্টি’র ভাবনা৷ অর্থাৎ একজনের বাসায় সব রান্নার আয়োজন নয়, বরং যাঁরা বেড়াতে আসেন, তাঁরা সবাই এক একটি পদ রান্না করেই নিয়ে আসেন৷

এদিকে বাড়ির ভেতরে এমন আয়োজন করতে চাইলে যে সব সময় আলাদা করে প্রস্তুতি নিতে হবে, তা নয়৷ অন্দরের কোনো একটা ফাঁকা জায়গায় শতরঞ্জির ওপর কুশন রেখে অস্থায়ী একটা মঞ্চ বানিয়ে তার ওপর চলতে পারে গল্প, গান আর আড্ডা৷ ঘরে ফাঁকা জায়গা না পেলে বিছানার ওপর শীতলপাটি বিছিয়েও এমন আয়োজন করা যেতে পারে৷ চাইলে বৈশাখের আয়োজন চলতে পারে বাড়ির ছাদে৷ এদিন ঘরের কোণে একটা মাটির বোলে রেখে দিতে পারেন ফুল আর মোম৷ সব সময়ই যে ওয়ান ডিস পার্টি বা ইলিশ-পান্তার আয়োজন রাখতে হবে, তেমনটাও কিন্তু নয়৷ মুড়ি-মুড়কি আর বাতাসার আয়োজনেও জমে উঠতে পারে আড্ডা৷ এখন তো কাঁচা আমের সময়৷ এ দিনটায় বাড়িতে তৈরি কাঁচা আমের শরবতেই চলতে পারে অতিথি আপ্যায়ন৷ যেমনটা করে থাকেন তপন ও শ্যামা দম্পতি৷
প্রতিবছর পয়লা বৈশাখ ঘরবাড়ি সাজিয়ে অতিথি আপ্যায়ন করেন তপন। তিনি জানালেন, সারা বছর হয়তো ব্যস্ততার কারণে কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ রাখাটা সম্ভব হয় না৷ তাই বিশেষ দিনগুলোতে বাড়ির এমন আয়োজনে কিছুটা সময়ের জন্য হলেও সবাই একসঙ্গে উৎসব উদ্যাপনের চেষ্টা করি৷ খাবারদাবার প্রস্তুত করতে গিয়ে যাতে আড্ডার সময়টুকু নষ্ট না হয়, সে জন্য আগের দিনই সব প্রস্তুতি নেওয়া হয়৷