বাড়িভাড়া নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির মালিকদের ইচ্ছেমতো বাড়িভাড়া নির্ধারণ, যখন-তখন ভাড়া বৃদ্ধি এবং অগ্রিম হিসেবে বিপুল অঙ্কের টাকা নেওয়ার প্রতিবাদে গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বাড়িভাড়াসংক্রান্ত কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান। ‘নিয়ন্ত্রণহীন বাড়িভাড়াবিরোধী নাগরিক আন্দোলন’ এ কর্মসূচির আয়োজন করে। এতে নারীনেত্রী রেখা চৌধুরী, কবি ওমর কায়সার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, শরীফ চৌহান, মোস্তফা নঈম, মিন্টু চৌধুরী, রমেন দাশগুপ্ত প্রমুখ বক্তব্য দেন। এ কর্মসূচিতে সংহতি জানিয়ে দুজন বাড়িওয়ালাও বক্তব্য দেন। বক্তারা বলেন, চট্টগ্রামে ভাড়াটেরা বাড়িওয়ালাদের কাছে জিম্মি হয়ে পড়েছে। কথায় কথায় বাড়িভাড়া বৃদ্ধির পাশাপাশি যখন-তখন ভাড়াটেদের ঘর থেকে বের করে দেওয়ার মতো ঘটনাও ঘটছে। বাড়ি ভাড়া নেওয়ার সময় জামানত হিসেবে লক্ষাধিক টাকা দাবি করারও প্রতিবাদ জানান তাঁরা। তাঁরা অভিযোগ করেন, পাঁচ হাজার টাকা বাড়িভাড়ার জন্য আগাম দিতে হয় ৫০ হাজার থেকে এক লাখ টাকা। একজন সাধারণ ও নিম্ন আয়ের লোকের জন্য যা খুবই কষ্টকর। তাঁরা আরও বলেন, ‘বাড়িভাড়াসংক্রান্ত সিটি করপোরেশনের একটি আইন থাকলেও তার কোনো প্রয়োগ নেই। তাই মেয়র ও সরকারের প্রতি আমাদের দাবি, শিগগির একটি সুনির্দিষ্ট নীতিমালা করে যথাযথ আইন প্রয়োগের প্রতি তাঁরা নজর দেবেন।’ মানববন্ধন ও নাগরিক সমাবেশে শিক্ষক, সংস্কৃতিকর্মী, শ্রমিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।বক্তারা ভাড়াটিয়াদের সহযোগিতার জন্য একটি আইনি সহায়তাকেন্দ্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।