
ভাড়াবাড়িতে থাকছেন। বলা নেই-কওয়া নেই যখন-তখন আপনার বাড়িওয়ালা বাড়ির ভাড়া বাড়িয়ে দেওয়ার কথা বলছেন। কয়েক মাস পেরুতে না পেরুতেই আপনার ভাড়ায় যোগ হচ্ছে বাড়তি টাকা। কিন্তু বাড়ির মালিক কি যখন-তখন বাড়ির ভাড়া বাড়িয়ে দিতে পারেন? আর যদি ভাড়া বাড়িয়ে দেন তাহলে ভাড়াটে হিসেবে আপনার কি কোনো আইনি প্রতিকারের সুযোগ আছে?
এর উত্তর হচ্ছে—হ্যাঁ, আছে। আপনার বাড়িওয়ালা ইচ্ছে করলেই যখন-তখন বাড়ির ভাড়া বাড়িয়ে দিতে পারেন না। আর যদি বাড়িয়ে দেন তাহলে আপনি বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ অনুযায়ী প্রতিকার চাইতে পারেন। আইনে বলা হয়েছে, প্রতি দুই বছর পর বাড়িওয়ালা বাড়িভাড়া বাড়াতে পারবেন, তবে তাও হতে হবে যুক্তিসংগত। অনেক সময় দেখা যায়, বাড়িওয়ালা ভাড়া বাড়ানোর অজুহাতে আপনাকে উচ্ছেদের চেষ্টা করছেন। এ জন্য আপনাকে ভাড়াখেলাপি হিসেবে প্রমাণ করার জন্য আপনার দেওয়া ভাড়া বাড়িওয়ালা গ্রহণ করছেন না। এ ক্ষেত্রে আইনে আপনার প্রতিকারের পথ খোলা আছে। আপনি বাড়িভাড়ার টাকা আদালতে জমা দেওয়ার মাধ্যমে ভাড়াখেলাপির দায় থেকে বাঁচতে পারেন।
কীভাবে আইনের আশ্রয় নেবেন
আইন অনুযায়ী বাড়িভাড়া নিয়ন্ত্রণ এবং সমস্যা সমাধানের জন্য ভাড়া নিয়ন্ত্রক রয়েছেন। বর্তমানে সিনিয়র সহকারী জজ আদালত ভাড়া নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করে থাকেন। এ নিয়ন্ত্রক কোনো অভিযোগের ভিত্তিতে দরখাস্তের শুনানি করতে পারবেন। বাড়িওয়ালা কোনো কারণে ভাড়া গ্রহণে অস্বীকৃতি জানালে ভাড়াটেকে চুক্তি অনুযায়ী সময়ের মধ্যে অথবা চুক্তি না থাকলে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে মানি অর্ডারযোগে বাড়িওয়ালার ঠিকানায় ভাড়া প্রেরণ করতে হবে। মানি অর্ডারযোগে প্রেরিত ভাড়ার টাকাও যদি বাড়িওয়ালা গ্রহণ না করেন, তাহলে ওই টাকা ফেরত আসার পরবর্তী ১৫ দিনের মধ্যে ভাড়াটেকে ভাড়া নিয়ন্ত্রক অর্থাৎ সিনিয়র সহকারী জজের বরাবর দরখাস্ত এবং একই সঙ্গে ভাড়ার টাকাও জমা দিতে হবে। এ জন্য একজন আইনজীবীর মাধ্যমে নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। ভাড়া নিয়ন্ত্রক প্রাথমিকভাবে শুনানির পর যদি সন্তুষ্ট হন যে ভাড়া প্রদানের জন্য অনুমতি দেওয়া যাবে, সে ক্ষেত্রে ভাড়ার টাকা আদালতে জমা দেওয়া যাবে এবং তা প্রতি মাসেই আদালতে জমা দেওয়া যাবে। আদালতে ভাড়ার টাকা জমা দিলে আইনত ভাড়াটেকে ভাড়াখেলাপি হিসেবে বলার সুযোগ থাকবে না।
যা করণীয়
বাড়ি ভাড়া নেওয়ার সময় বাড়িওয়ালার সঙ্গে লিখিত চুক্তি করুন। এই চুক্তিতে কী কী শর্তে ভাড়া দেওয়া হলো এবং করণীয় কী, সেসব নির্দিষ্ট করে দিতে হবে। ভাড়া কখন বাড়ানো যাবে এবং তা কোন হারে হবে, অগ্রিম কত জমা দিতে হবে, কখন বাড়িওয়ালা ভাড়াটেকে বাড়ি ছাড়তে বলতে পারেন, ভাড়াটে কখন বাড়ি ছাড়বেন, তা অবশ্যই চুক্তিপত্রে উল্লেখ করে দিতে হবে। আর প্রতি মাসে বাড়িওয়ালার কাছ থেকে ভাড়ার লিখিত রসিদ সংগ্রহ করে রাখতে হবে। ভাড়াটের যেমন অধিকার রয়েছে যুক্তিসংগত উপায়ে আইনের আশ্রয় নেওয়ার, তেমনি বাড়িওয়ালারও অধিকার রয়েছে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে ভাড়াটে উচ্ছেদের জন্য আদালতের শরণাপন্ন হওয়ার।
হাইকোর্ট বিভাগের নির্দেশনা
সারা দেশে এলাকাভেদে সর্বোচ্চ ও সর্বনিম্ন বাড়িভাড়া নির্ধারণের জন্য সরকারকে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ। আগামী ছয় মাসের মধ্যে এই কমিশন গঠন করতে হবে। ১ জুলাই হাইকোর্ট বিভাগের দেওয়া এ রায়ে কমিশন গঠনের আগ পর্যন্ত আর্থিক সক্ষমতা সাপেক্ষে সরকারকে ওয়ার্ডভিত্তিক ভাড়া নিয়ন্ত্রক নিয়োগ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া অবৈধভাবে ভাড়াটেদের গ্যাস-বিদ্যুৎ-পানির লাইন বন্ধ বা জোর করে উচ্ছেদ বা অবৈধভাবে ভাড়া বাড়ানোর ঘটনা ঘটলে সংশ্লিষ্ট থানার ওসিদের ভাড়াটেদের সুরক্ষা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট