বাড়িভাড়া বাণিজ্য
নগরের আবাসিক এলাকাগুলোর প্রায় ভবনে এখন বাসাভাড়ার বিজ্ঞপ্তি (টু-লেট) ঝুলছে। একসঙ্গে এত বাসা খালি হলো কেন? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মালিকদের ‘বাড়িভাড়া বাণিজ্য’ সম্পর্কে পাওয়া গেল নানা তথ্য। অনুসন্ধানে জানা যায়, নতুন বছরের শুরুতে একযোগে বাড়িভাড়া বাড়িয়ে দেন মালিকেরা। ভাড়াটেরা প্রতিবাদ করলে তাঁদের জানিয়ে দেন হয় বর্ধিত হারে ভাড়া দিতে হবে, নয়তো বাসা ছাড়তে হবে। এ ছাড়া, প্রয়োজনীয় পানি না দেওয়া, ইচ্ছেমতো ভবনের ফটক বন্ধ করে দেওয়াসহ নানাভাবে মানসিক নির্যাতনের অভিযোগ তো আছেই।মালিকদের এ ধরনের উত্পাতে বিরক্ত ভাড়াটেরা অনেক সময়। ঝামেলা এড়াতে বাসা ছেড়ে দেওয়াই ভালো মনে করেন। সাধ্যের মধ্যে আর একটা বাসার সন্ধান করেন তাঁরা। আর সে সুযোগে বেশি ভাড়া ও অগ্রিম নিয়ে নতুন ভাড়াটেরা আনেন মালিকেরা।মালিকদের ইচ্ছেমতো বাড়িভাড়া বাড়ানোর প্রবণতা বন্ধ করার জন্য বাড়িভাড়া আইন থাকলেও এর প্রয়োগ নেই। মালিকেরা আইন মানেন না, ভাড়াটেদের বড় অংশ এ সম্পর্কে জানেন না। আর বিভিন্ন আবাসিক এলাকায় মালিকদের নিয়ে কল্যাণ সমিতি থাকলেও তাঁরা ভাড়াটেদের কল্যাণ নিয়ে তেমন ভাবেন না। পূর্ব নাসিরাবাদের জাকির হোসেন বাইলেনের মা মঞ্জিলে দুটি শোবার ঘর, দুটি শৌচাগার নিয়ে একটি বাসার গত বছর ভাড়া ছিল ছয় হাজার ৮০০ টাকা। এ বছর তিন হাজার ৭০০ টাকা বাড়িয়ে সাড়ে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একবারে এত টাকা বাড়ানো যুক্তিসংগত কি না জানতে চাইলে বাড়ির তত্ত্বাবধায়ক মুহাম্মদ কালাম বলেন, ‘মালিক বিদেশে থাকেন। তিনি যেভাবে বলেছেন সেভাবেই ভাড়া নিচ্ছি।’গত কয়েক বছর যাবত বাড়িটি সংস্কার বা রং করা হয়নি বলে জানান কালাম। সুগন্ধা আবাসিক এলাকার আবু হেনা ভবনের মধ্যম মানের ফ্ল্যাটের ভাড়া ১৮ হাজার টাকা নির্ধারণ করেছেন মালিক। আগে ভাড়া ছিল ১৫ হাজার টাকা। চলতি জানুয়ারির শুরুতে বিনা বিজ্ঞপ্তিতে তিন হাজার টাকা বাড়ানো হয়। ১৮ হাজার টাকা দিতে না পারলে বাসা ছেড়ে দিতে বলা হয়েছে বলে অভিযোগ ভাড়াটেদের। মালিকের এ সিদ্ধান্তে বাসা ছেড়ে দিয়েছেন দুটি পরিবার। অবশ্য এ দুই পরিবার নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি। গত বুধবার বাড়ির সামনে ‘বাসাভাড়া দেওয়া হবে’ ফলক ঝুলতে দেখা গেছে। এ বিষয়ে বাড়ির মালিক আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘আমি ভাড়া বাড়াইনি। আমার কয়েকজন আত্মীয় আসবেন। এমনিতে বললে ভাড়াটেরা যাবেন না। তাই ভাড়া বেশি চাইছি, যাতে তাঁরা চলে যান।’১৯৯১ সালে বাড়িভাড়া নিয়ন্ত্রণ (সংশোধন) আইনের আট নম্বর ধারায় আছে ভাড়াটেদের সঙ্গে আলাপ করে ভাড়া বাড়াতে হবে। ১০ নম্বর ধারায় এক মাসের বেশি ভাড়া বা এককালীন অগ্রিম নেওয়া যাবে না এবং ১৩ নম্বর ধারায় প্রতি মাসে ভাড়ার রশিদ দেওয়ার কথা উল্লেখ আছে। ১৫ নম্বর ধারায় বলা হয়েছে দুই বছর পর পর বাড়ির স্থিরকৃত বাজার মূল্যের ১৫ শতাংশ হারে ভাড়া বাড়ানো যাবে। আইন অমান্য করলে মালিকদের জন্য শাস্তির বিধানও রয়েছে। জানা যায়, নগরের প্রথম জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে বাড়িভাড়াসংক্রান্ত বিষয়ে ২০০৯ সালে ১১৬টি মামলা হয়েছে। ২০০৮ সালে হয়েছে ১২৫টি মামলা। খোঁজ নিয়ে জানা যায়, বিচারক সংকটের কারণে বাড়ি ভাড়া সংক্রান্ত মামলাগুলো শেষ হতে দীর্ঘদিন সময় লাগে। ছয়-সাত বছরের মামলা এখনো শেষ হয়নি এমন নজিরও রয়েছে। এ বিষয়ে অ্যাডভোকেট মোরশেদুল ইসলাম বলেন, ‘বাড়ি ভাড়া সংক্রান্ত মামলা পরিচালনার জন্য স্বতন্ত্র একটি আদালত করা হলে কম সময়ের মধ্যে মামলাগুলো শেষ করা যাবে।’কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সূত্রে জানা যায়, নগরের ১৫ ভাগ মানুষের নিজবাড়ি রয়েছে, ১৮ ভাগ চাকরিসূত্রে সরকারি বাড়িতে থাকেন বাকি ৩৪ ভাগ ভাড়াবাসায়, ১৩ ভাগ কলোনি বা বস্তিতে (ভাড়ায়) এবং ২০ ভাগ ভাসমান অবস্থায় বসবাস করেন। ক্যাবের অন্য একটি পরিসংখ্যানে দেখা যায়, ২০০৩ সালে ভাড়া বৃদ্ধির হার ছিল আট দশমিক ৪০ ভাগ, ২০০৯ সালে আবাসিকে সর্বোচ্চ ৩০ শতাংশ, অনাবাসিকে সর্বোচ্চ ২০ শতাংশ ভাড়া বেড়েছে।হালিশহর আবাসিক এলাকার এইচ ব্লকের লুত্ফা সানজিদা বলেন, ‘মালিকের সঙ্গে পাঁচ বছরের জন্য বাড়িভাড়ার চুক্তি করেছি। অথচ দু বছর পর বাসা ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন মালিক, বলেন, আমি বাসা ছেড়ে দিলে তিনি দ্বিগুণ ভাড়া পাবেন। বাসা না ছাড়ায় মালিক নানারকম হয়রানি করেন। দারোয়ান মেহমানদের সঙ্গেও খারাপ আচরণ করেন।’ সরেজমিনে জানা যায়, আবাসিক এলাকায় সর্বোচ্চ সাড়ে তিন হাজার টাকা, অনাবাসিক এলাকায় দুই হাজার টাকা, বস্তি এলাকায় ১০০-৫০০ টাকা হারে ভাড়া বেড়েছে। কুসুম বাগ আবাসিক এলাকায়ও ভাড়া বাড়ানো হয়েছে এক থেকে দেড় হাজার টাকা। এ বিষয়ে কুসুম বাগ এলাকার মঞ্জু ভিলার মালিক মমতাজ বেগম বলেন, ‘ভবন করতে অনেক টাকা খরচ হয়েছে। বাজারে জিনিসপত্রের দাম বেশি। আমাদেরও চলতে হবে। তাই ভাড়া কিছুটা বাড়িয়েছি। এটা তো আমাদের বিষয় আপনারা এ নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন?’ভাড়াটিয়াদের অভিযোগ, সমিতি সব সময় বাড়ির মালিকের স্বার্থ দেখে, ভাড়াটিয়াদের নয়। কল্যাণমুখী কাজ—মিলাদ মাহফিল, জাতীয় দিবস পালনসহ নানা অনুষ্ঠানের নামে ভাড়াটিয়াদের কাছ থেকে চাঁদা আদায় করে। কিন্তু ভাড়া বৃদ্ধিসহ নানা সমস্যা নিয়ে সমিতিতে গেলে কোনো ফল পান না।আরাকান হাউজিং সোসাইটির সভাপতি কাজী নুরুল আলম বলেন, ‘বাড়ির মালিকেরা কী হারে ভাড়া বাড়াবেন এটা আমরা নির্দিষ্ট করে দিতে পারি না। তবে অভিযোগ পেলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে একটা সমাধানের চেষ্টা করতে পারি।’ ক্যাবের সভাপতি নাজের হোসেন বলেন, ‘বাড়ি মালিকেদের মধ্যে প্রতি বছর বাড়ি ভাড়া বাড়ানোর প্রবণতা বেড়েই চলেছে। আমরা সিটি করপোরেশনকে বারবার অনুরোধ করলেও তারা এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। জেলা প্রসাশন থেকেও অতিরিক্ত হারে বাড়ি ভাড়া প্রতিরোধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত। সরকার একটু সচেতন হলে ভাড়াটিয়ারা অতিরিক্ত ভাড়া আদায়ের হাত থেকে রক্ষা পেতো।’