বাড়ির আঙিনায় তামাকচুল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপজেলা সদরে পুরান মারিশ্যা গ্রামে বাড়ির আঙিনায় তামাকচুল্লি l প্রথম আলো
উপজেলা সদরে পুরান মারিশ্যা গ্রামে বাড়ির আঙিনায় তামাকচুল্লি l প্রথম আলো

ফসলি জমি ও সংরক্ষিত বন তো আছেই, বাদ পড়েনি বাড়ির আঙিনাও। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় নিয়মনীতি না মেনে গড়ে উঠেছে অসংখ্য তামাকচুল্লি। কেবল বসতবাড়ির আঙিনায় ছয় শতাধিক তামাকচুল্লি স্থাপন করা হয়েছে। চুল্লির বিষাক্ত ধোঁয়া জনস্বাস্থের জন্য হুমকি তৈরি করেছে। পাশাপাশি বসতবাড়িতেও বেড়েছে অগ্নিকাণ্ডের ঝুঁকি।
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, পুরান মারিশ্যা, মাস্টারপাড়া, রুপকারী মুসলিম ব্লক, পূর্ব লাল্যাঘোনা, পশ্চিম লাল্যাঘোনা, তুলাবান, উলুছড়ি ও শিজক গ্রামে ব্যাপক তামাক চাষ হয়েছে। ওই সব এলাকায় বাড়ির আঙিনায় স্থাপন করা হয়েছে তামাকচুল্লি। তামাকের মৌসুম শুরু হওয়ায় চুল্লিগুলোতে এখন ২৪ ঘণ্টাই তামাক পুড়ছে। চুল্লির ধোঁয়া ঢুকছে আশপাশের বসতবাড়িতে। এসব এলাকার অনেক বাসিন্দা জানান, বিষাক্ত ধোঁয়ার কারণে শিশু ও বৃদ্ধদের শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তামাকের কটু গন্ধে ঘরে থাকাই দায় হয়ে পড়েছে অনেকের পক্ষে। তা ছাড়া চুল্লি থেকে যেকোনো সময় বসতবাড়িতে আগুন লাগার আশঙ্কা করছেন তঁারা।
লাল্যাঘোনা এলাকার তামাক চাষি মো. আবদুল খালেকও বসতবাড়ির আঙিনায় তামাকের চুল্লি স্থাপন করেছেন। তিনি বলেন, ‘আমি এক একর জমিতে তামাক চাষ করেছি। এলাকার আরও কয়েকজন চাষির সহযোগিতায় চুল্লি তৈরি করেছি। খোলা জায়গা না পাওয়া যাওয়ায় বাড়ির আঙিনায় চুল্লি স্থাপন করতে হয়েছে।’ লাল্যাঘোনা এলাকায় এমন দেড় শতাধিক চুল্লি রয়েছে বলে তিনি জানান।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ৯০০ তামাকচুল্লির মধ্যে ৬০০টি বসতবাড়ির আঙিনায় অবস্থিত। এর মধ্যে পাঁচ শতাধিক চুল্লিতে ইতিমধ্যে তামাক শুকানো শুরু হয়েছে। প্রশাসনের নিষেধ থাকা সত্ত্বেও তামাক চুল্লিগুলোতে সংরক্ষিত বনের কাঠ পোড়ানো হচ্ছে। প্রতিবছর তামাকচুল্লি থেকে বসতবাড়িতে আগুন লেগে ক্ষয়ক্ষতিও হচ্ছে।
তামাক চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তামাকচুল্লিগুলোতে প্রতিদিন কয়েক হাজার মণ কাঠ পোড়ানো হচ্ছে। এর অধিকাংশই কাঠ আসছে সংরক্ষিত বন থেকে। প্রতিটি চুল্লিতে গড়ে ৩০ জন শ্রমিক কাজ করেন। এ ছাড়া উপজেলার তামাক খেতগুলোতে নিয়োজিত রয়েছেন ৩৫ হাজারের বেশি শ্রমিক। কৃষি কার্যালয় ও তামাক কোম্পানি সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর দুই হাজার ৭০০ একর জমিতে তামাক চাষ হয়েছে। পৌরসভাসহ খেদারমারা, সারোয়াতলী, বাঘাইছড়ি, রুপকারী ও মারিশ্যা ইউনিয়নে এসব তামাক চাষ হয়েছে। প্রতি তিন একর জমিতে একটি তামাক চুল্লি লাগে। সে হিসাবে উপজেলায় নয় শতাধিক তামাক চুল্লি আছে। একটি চুল্লিতে তামাক পাতা শুকাতে ৬০০ মণ কাঠের প্রয়োজন হয়। সেই হিসাবে শুধু এ বছর তামাকচুল্লিতে ৮ লাখ ১০ হাজার মণ কাঠ পোড়ানো হবে।
বাঘাইছড়ি পরিবেশ আন্দোলন কমিটির সভাপতি মো. আবুল ফজল বলেন, তামাকচুল্লির কারণে পরিবেশ হুমকির মুখে পড়েছে। সংরক্ষিত বন ও সামাজিক বনায়ন ধ্বংস করা হচ্ছে। এ ছাড়া জনস্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে। জমি সংকুলান না হওয়ায় এ বছর বেশির ভাগ এলাকায় বাড়ির আঙিনায় তামাকচুল্লি স্থাপন করা হয়েছে। ফলে সাত থেকে আটটি গ্রামের বাসিন্দারা আগুনের ঝুঁকিতে রয়েছে বলে তিনি জানান।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম বলেন, ‘সরকার তামাক চাষে কোনো বিধিনিষেধ আরোপ করেনি। সে জন্য আমরা চাষিদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারছি না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, এ বছর তামাক চাষ বেড়েছে। কিছুদিনের মধ্যে তামাকচুল্লিগুলোতে অভিযান চালানো হবে বলে তিনি জানান।
তামাক নিয়ন্ত্রণ আইন বা পরিবেশ সংরক্ষণ আইনে তামাকচুল্লি স্থাপনের ক্ষেত্রে সুস্পষ্ট কোনো বিধান নেই। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক শহীদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ আইনে তামাকচুল্লি স্থাপনের ক্ষেত্রে কোনো সুস্পষ্ট বিধিবিধান নেই। তবে তামাক পোড়ালে যেহেতু বায়ুদূষণ হয়, সে কারণে এসব চুল্লির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে বায়ুদূষণ কতটুকু মাত্রায় হচ্ছে তা বের করতে হবে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে।