বাড়ির আঙিনায় প্যাশন ফল
শখের বশে চারা কেনা। তারপর টবে পুঁতে রাখা। অযত্ন-অবহেলায় কেটে গেছে বহু দিন। তিন বছরের মাথায় লতাগুল্ম-জাতীয় চারাটি ছড়িয়ে পড়ে চারপাশে। দেখা যায় সবুজ পেয়ারা আকৃতির ফলও। নাম প্যাশন ফল। পাঁচ বছর আগের সেই গাছটি এখন পুরো বাড়ির আঙিনায় আচ্ছাদন দিয়ে রেখেছে। আর তাতে শত শত প্যাশন ফল। নগরের ফয়’স লেক এলাকায় এক বাড়ির আঙিনায় এভাবে প্যাশন ফল ধরেছে। লতাগুল্মটি পেঁচিয়ে পেঁচিয়ে যেদিকেই গেছে, সেদিকেই ফলটি দেখা যাচ্ছে। সবুজ রঙের ফলটি পাকলে হলুদ আবরণ ধারণ করে। বিদেশি এই ফলটি জুস হিসেবে ব্যবহূত হয়। ট্যাং-জাতীয় জুস তৈরি করা হয় ফলটি থেকেই। ফয়’স লেকের ওই বাড়ির বাসিন্দা মোহাম্মদ ফোরকান বলেন, ‘পাঁচ বছর আগে আমার ছোট বোন রুবিনা আক্তার বৃক্ষমেলা থেকে একটি চারা কিনে টবে লাগায়। আস্তে আস্তে পরে তিন বছরের মাথায় চারাটি লতার মতো বাসার গ্রিল ও আশপাশে ছড়িয়ে পড়ে। ওই সময়ই ফল আসে। তখন টব থেকে প্যাশন ফলের চারাটি একসময় বাড়ির আঙিনায় মাটিতে পুঁতে দেওয়া হয়। এরপর তার কলেবর আরও বাড়ে। মাটির উর্বরতা পেয়ে প্যাশন চারাটি এখন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। বাড়ির আঙিনা, পাশের অর্জুনগাছ, ফুলগাছ ছাপিয়ে এটি এখন দোতলার ছাদে পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে। ছোট-বড় বিভিন্ন আকৃতির ফলের ভারে যেন নুইয়ে পড়তে চাইছে লতাগুলো।’ প্যাশন ফলের পাতাগুলো ত্রিশূল আকৃতির। ফলটি টক। তবে পাকলে সুমিষ্ট হয়। ফলের ওপরের চামড়াটি কাটলে দেখা যায় একটি আবরণের ভেতরে রসাল দানা। রস নিঃসরণের পর এই দানাগুলো পুনরায় বীজ হিসেবে ব্যবহার করা যায়। ফোরকানের বাসার বাসিন্দারা জানান, তাঁরা তিন বছর ধরে নিজেরাই এই ফল জুস বানিয়ে খাচ্ছেন। এ ছাড়া স্বজন ও প্রতিবেদশীদেরও বিলি-বণ্টন করছেন। চায়ের ছাঁকনিতে রসযুক্ত দানাগুলো নিয়ে ঘসে রসটি পাত্রে নিয়ে চিনি মিশিয়ে জুস তৈরি করা হয়। পাঁচ বছর আগের সেই চারা গাছ থেকে প্যাশন ফল তো পাওয়া যাচ্ছেই। পাশাপাশি বীজ থেকে চারা করিয়ে গাছও বিতরণ করা হচ্ছে অন্যদের।