বাড়ির বিদ্যুৎ ইজিবাইকে
নগরের পতেঙ্গা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ভাড়া কম, আবার রিকশার চেয়ে দ্রুতগতির বলে শহরতলিতে এর জনপ্রিয়তা বাড়ছে। তবে অনুমোদনহীন এই যান যেমন দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে, তেমনি বিদ্যুৎ ঘাটতিও তৈরি করছে।পতেঙ্গার কাটগড়, স্টিলমিল বাজার, মাইজপাড়া ও সি-বিচসহ বেশ কয়েকটি জায়গায় এখন টমটম প্রধান বাহনে পরিণত হয়েছে। এক-দেড় লাখ টাকায় পাওয়া যায় বলে স্থানীয় অনেকেই টমটম নামে পরিচিত এই ইজিবাইক কিনে ভাড়া দিচ্ছেন। বর্তমানে এ এলাকার প্রায় ৩০০ পরিবারের আয়ের প্রধান উৎস টমটম। তবে কোনো ধরনের অনুমোদন বা লাইসেন্স ছাড়াই টমটম চলছে পতেঙ্গার রাস্তায়।জানা গেছে, প্রতিটি টমটম গাড়িতে ১২ ভোল্টের পাঁচটি করে ব্যাটারি থাকে, যা ছয় ঘণ্টা চার্জ দিলে ১২ ঘণ্টা পর্যন্ত চলে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টমটমের কারণে এলাকায় বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে । কাটগড় এলাকার বেশ কয়েকজন বাসিন্দা জানান, এলাকায় বিদ্যুতের অবস্থা এমনিতেই নাজুক। এর পাশাপাশি যে হারে টমটম বাড়ছে তাতে বিদ্যুতের সমস্যা আরও প্রকট হবে।এলাকায় টমটম গাড়ি বৃদ্ধির কথা স্বীকার করে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক জানান, প্রতিদিন অবৈধভাবে এলাকায় নতুন নতুন টমটম গাড়ি নামানো হচ্ছে। বসতবাড়ির জন্য সরবরাহকৃত বিদ্যুৎ খরচ হচ্ছে টমটমের ব্যাটারি চার্জ করতে। এতে লোকজনের দুর্ভোগ বাড়ছে।এ ব্যাপারে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ বলেন, ‘আমরা অনেকবার এসব গাড়ি আটক করেছি। জরিমানা করেছি। কিন্তু তার পরও রাস্তায় টমটম চলাচল বন্ধ করা যাচ্ছে না।’জানা গেছে, বিভিন্ন স্থানে এসব গাড়িতে চার্জ দেওয়ার জন্য গড়ে উঠেছে একাধিক অবৈধ গ্যারেজ। গ্যারেজের মালিককে ব্যাটারি চার্জ করার জন্য গাড়িপ্রতি দিনে ৫০ থেকে ১০০ টাকা ভাড়া দিতে হয়। এ ব্যাপারে পূর্ব কাটগড়ের বাসিন্দা মনজুর কাদের বলেন, ‘চার্জ দেওয়ার জন্য গড়ে ওঠা গ্যারেজগুলো অবৈধ লাইন নিয়ে বিদ্যুৎ সরবরাহ করছে, ফলে ট্রান্সফরমারের ওপর চাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং ঘন ঘন ট্রান্সফরমার বিকল হচ্ছে।’ তবে অবৈধ বিদ্যুৎ সংযোগের কথা অস্বীকার করেছেন মো. শফিক নামের এক গ্যারেজ মালিক। ইজিবাইক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহানুর বলেন, ‘টমটমে খুব বেশি বিদ্যুৎ প্রয়োজন হয় না। এ নিয়ে বিভ্রান্তি আছে।’এ ব্যাপারে ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার ফারুক আহমেদ বলেন, ‘ইতিমধ্যে আমরা শহরে চলাচল করা অবৈধ টমটম গাড়ির বিরুদ্ধে অভিযানে নেমেছি। শিগগিরই এগুলো উচ্ছেদ করা হবে।’