
একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সায়মন জুয়েল। তাঁর কর্মস্থল সীতাকুণ্ডের ভাটিয়ারীতে। সীতাকুণ্ডের এসকেএম গেট এলাকার বাড়ি থেকে ওই স্থানের দূরত্ব ১৫ কিলোমিটার। আগে সিএনজিচালিত আটোরিকশায় পৌঁছে যেতেন আধা ঘণ্টায়। কিন্তু এখন এক থেকে দেড় ঘণ্টা হাতে নিয়ে বের হয়েও ঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেন না। কারণ, যানবাহন–সংকট। যাত্রীবাহী লোকাল বাস পওয়া যায় খুব কম। অনেক সময় পেলেও ভিড়ে ঠাসা থাকায় এখন নিয়মিত পিকআপে চড়ে অফিসে আসা-যাওয়া করছেন তিনি। তাঁর মতো দুর্ভোগে পড়ছেন স্বল্প দূরত্বে আসা-যাওয়া করা হাজারো মানুষ।
একইভাবে চট্টগ্রাম শহর থেকে যাঁরা সীতাকুণ্ড-মিরসরাইয়ে কর্মস্থল কিংবা অন্য কোনো কাজে যাতায়াত করছেন, তাঁরাও পড়ছেন বিপাকে। পর্যাপ্ত বাস নেই। বাড়েনি লোকাল ট্রেনের সংখ্যাও। ১ আগস্ট থেকে মহাসড়কে বন্ধ হয়ে গেছে সিএনজিচালিত অটোরিকশা চলাচল।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকায় চট্টগ্রাম-সীতাকুণ্ড ও চট্টগ্রাম–মিরসরাই রুটে যাত্রী পরিবহনের সুযোগ নিচ্ছেন পিকআপ ও মাইক্রোবাসের চালকেরা। পিকআপের পেছনের খোলা অংশে দাঁড়িয়ে ও অ্যাম্বুলেন্সে করে গন্তব্যে রওনা হতে দেখা গেছে অনেককে। বেশি ভোগান্তিতে পড়ছেন নারীরা। তাঁরা পিকআপে উঠতে পারছেন না। দীর্ঘ সময় অপেক্ষার পর আসা নাভানা নামের মিনিবাসই তাঁদের ভরসা।
বাঁশবাড়িয়া এলাকার স্বর্ণকার গৌতম বণিক জানান, আগে তিনি সিএনজি অটোরিকশায় পাঁচ টাকা ভাড়া দিয়ে দেড় কিলোমিটার দূরে ছোট কুমিরা যেতেন। সেখান থেকে উত্তরা পরিবহন নামে মিরসরাইয়ের একটি লোকাল বাসে করে শহরে যেতে হয় তঁার কাজে। কিন্তু এখন তাঁকে হেঁটে ছোট কুমিরা গিয়ে তারপর বাসে উঠতে হয়।
রেলের কর্মকর্তারা জানান, বন্দরনগর চট্টগ্রাম থেকে তিন দিকের জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক দিয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়া যায়। এই তিনটি মহাসড়কের পাশেই কলকাতার আদলে ব্রিটিশ আমলে চালু হয় রেলযোগাযোগ ব্যবস্থা। বিকল্প ব্যবস্থা হিসেবে তিনটি রেলপথে লোকাল ট্রেনের সংখ্যা না বাড়িয়ে জাতীয় মহাসড়ক থেকে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়ায় বিপুলসংখ্যক যাত্রী দুর্ভোগে পড়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের যানবাহন শাখার হিসাবমতে, ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় ২৫ হাজার অটোরিকশা চলাচল বন্ধ হয়ে গেছে। তবে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক নিষেধাজ্ঞার আওতায় নেই। তাই ওই সড়কপথে অটোরিকশা চলছে।
ভুক্তভোগীরা জানান, বিকল্প ব্যবস্থা হিসেবে বাস ও ট্রেনের সংখ্যা না বাড়ানোর কারণে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা জনপ্রিয় হয়ে ওঠে। এসব অটোরিকশার কারণে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যাও বাড়ছিল। তাঁদের মতে, অটোরিকশা চলাচল বন্ধে করে দেওয়ার সিদ্ধান্ত সঠিক। তবে এর আগে বিকল্প ব্যবস্থা হিসেবে চট্টগ্রাম থেকে ফেনী বা চিনকি আস্তানা, চট্টগ্রাম থেকে নাজিরহাট ও চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত লোকাল ও ডেমু ট্রেনের সংখ্যা বাড়ানো দরকার ছিল। এ ছাড়া সীতাকুণ্ড ও মিরসরাই রুটে এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চাহিদা অনুপাতে যাত্রীবাহী বাস নামানো জরুরি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘পৃথিবীর কোথাও জাতীয় মহাসড়কে তিন চাকার গাড়ি চলতে দেওয়া হয় না। যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করার স্বার্থেই আমরা কেবল জাতীয় মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছি। তবে বিকল্প হিসেবে জাতীয় মহাসড়ক ঘেঁষা রেলপথে লোকাল বা ডেমু ট্রেন চলাচল করবে। রেলপথ মন্ত্রী সুস্থ হয়ে উঠলেই এ ব্যাপারে তাঁর সঙ্গে আমরা কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করব।’
রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আগামী বছরের জানুয়ারিতে রেলের বহরে ইন্দোনেশিয়া থেকে নতুন ১৫০ কোচ (বগি) পর্যায়ক্রমে যুক্ত হবে। তখন আন্তনগর ট্রেনের পুরোনো কোচগুলো দিয়ে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো যাবে।’
মো. মফিজুর রহমান আরও বলেন, ‘কর্তৃপক্ষ মনে করলে জানুয়ারির পর ১৫-২০ বছর আগের নিয়মে চট্টগ্রাম থেকে দোহাজারী, নাজিরহাট ও চিনকি আস্তানা বা ফেনী পর্যন্ত—এই তিন রুটে প্রতিদিন পাঁচ-ছয় জোড়া করে লোকাল ট্রেন চালানো সম্ভব। তখন পর্যাপ্ত যাত্রী পাওয়া যাবে বলে আমরা আশা করছি।’
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ ঘেঁষে দেশের দীর্ঘ ও মজবুত রেলপথ রয়েছে। লোকাল ট্রেনের ব্যবস্থা থাকলে চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলার যাত্রীরাও জেলা সদরে যাতায়াত করার সুবিধা পেতেন। কিন্তু এই রেলপথে চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত এক জোড়া ডেমু ট্রেন চলাচল করছে। ডেমু বা সার্কুলার ট্রেনের গন্তব্য ৪০-৫০ কিলোমিটারের বেশি হওয়া উচিত নয় বলে রেলের একাধিক প্রকৌশলী জানিয়েছেন। গন্তব্য কমিয়ে এনে চট্টগ্রাম-চিনকি আস্তানা (চট্টগ্রামের শেষ সীমানা) বা ফেনী পর্যন্ত কমপক্ষে পাঁচ-ছয় জোড়া ডেমু বা লোকাল ট্রেনের ব্যবস্থা করা উচিত বলে রেল কর্মকর্তারা মনে করেন। চট্টগ্রাম থেকে চিনকি আস্তানার দূরত্ব ৭০ এবং ফেনীর দূরত্ব ৯০ কিলোমিটার।
রেলের একজন প্রকৌশলী নাম প্রকাশ না করে বলেন, ডেমু ট্রেনের গন্তব্য পৃথিবীর কোথাও একটানা ৫০ কিলোমিটারের বেশি রাখা হয়নি। অথচ চট্টগ্রাম থেকে ১৭০ কিলোমিটার দূরে কুমিল্লা পর্যন্ত ডেমু চালানো হচ্ছে। এতে ইঞ্জিনের ওপর চাপ পড়ছে। আর দূরবর্তী যাত্রায় শৌচাগার থাকে। ডেমু ট্রেনে সেই সুবিধা নেই। এই ট্রেনগুলো দিয়ে সিএনজিচালিত অটোরিকশার বিকল্প হিসেবে নগরের সঙ্গে শহরতলীর যোগাযোগব্যবস্থা স্থাপন করা যায়। আরও বেশি সংখ্যক লোকাল ট্রেন চালু করলে যাত্রীদের দুর্ভোগ কমবে।
চট্টগ্রাম বাস মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম বলেন, ‘মিরসরাই থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া পর্যন্ত ৫০টি বিআরটিসি বাস চালু করলে যাত্রীদের ভোগান্তি থাকবে না। সিএনজিচালিত ২০-২৫ হাজার অটোরিকশার বিকল্প হিসেবে বাসগুলো চালু করা যেতে পারে। এতে মহামড়কে দুর্ঘটনার হার কমে আসবে। এ ব্যাপারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে। কারণ সিএনজিচালিত অটোরিকশা তিনি বন্ধ করেছেন। বিআরটিসি বাসও তাঁর মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে রয়েছে।’
বেসরকারিভাবে বাস নামানোর ব্যাপারে মঞ্জুরুল আলম বলেন, ‘একেকটি বাস নামাতে ২৫-৩০ লাখ টাকার প্রয়োজন। ব্যাংক থেকে ঋণ নিয়ে বাস নামালে মালিকের কিছু থাকে না, বরং দেনা বেড়ে যায়। তাই মালিকপক্ষ লোকাল বাস নামানোর ব্যাপারে আগ্রহী নয়।’
চন্দনাইশের বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, রেললাইন সংস্কার করে যাত্রীবাহী লোকাল ট্রেনের সংখ্যা বাড়িয়ে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দিলে আপত্তি ছিল না। তার উপর বাসও কম। ফলে হঠাৎ করে হাজার হাজার অটোরিকশা বন্ধ করে দেওয়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়ে গেছে।’
সীতাকুণ্ডের বাসিন্দা আরিফ রহমান বলেন, ‘ব্রিটিশ ও পাকিস্তান আমল এবং দেশ স্বাধীনের পরও ট্রেন ভ্রমণ জনপ্রিয় ছিল। ১৪-১৫ বছর আগে ট্রেন স্টেশনগুলো একের পর এক বন্ধ হতে থাকে। ফলে লোকাল ট্রেন চলাচল সীমিত হয়ে আসে। ট্রেন চলাচল স্বাভাবিক থাকলে সিএনজিচালিত অটোরিকশার যাত্রীরা বিকল্প হিসেবে ট্রেন ভ্রমণ করতে পারতো।’
রেলওয়ে সূত্র জানায়, ১৫-১৬ বছর আগেও চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে পাঁচ জোড়া লোকাল ট্রেন দিয়ে যাত্রী পরিবহন করা হত। এই রেলপথে এখন এক জোড়া ডেমুসহ বর্তমানে দুই জোড়া ট্রেন চলাচল করে। চট্টগ্রাম-দোহাজারী রেলপথে এক জোড়া লোকাল ট্রেন দিয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে। তা-ও নিয়মিত নয়। অথচ ২০০০ সালের আগে এই রেলপথে পাঁচ জোড়া ট্রেন দিয়ে যাত্রী পরিবহন করা হতো। ১৯৩০ সালে ব্রিটিশ সরকার চট্টগ্রাম থেকে ৩৮ কিলোমিটার দূরে নাজিরহাট এবং চট্টগ্রাম থেকে ৪৭ কিলোমিটার দূরে দোহাজারীর সঙ্গে রেলযোগাযোগ ব্যবস্থা চালু করেছিল।