বাড়েনি শিক্ষাবৃত্তির সংখ্যা ও টাকার অঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছরে শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষাবৃত্তির সংখ্যা ও বৃত্তির টাকার অঙ্ক বাড়েনি। এ ছাড়া বৃত্তি প্রদানের নীতিমালায় মেধা ও সাধারণ—উভয় প্রকার বৃত্তির ৪০ শতাংশ কেবল ছাত্রীদের জন্য সংরক্ষিত রাখার কথা বলা হলেও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের সংখ্যাই বেশি। বিশ্ববিদ্যালয় বৃত্তি কমিটি সূত্রে জানা যায়, এ বছর ৩৭৫টি সাধারণ বৃত্তির মধ্যে ছাত্ররা ২২৮টি ও ছাত্রীরা ১৪৭টি বৃত্তি পেয়েছে। শতকরা হিসাবে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৬০ শতাংশ ছাত্র ও ৪০ শতাংশ ছাত্রী। অথচ ৪০ শতাংশ বৃত্তি ছাত্রীদের জন্য সংরক্ষিত থাকার পর বাকি ৬০ শতাংশ বৃত্তি মেধা অনুসারে ছাত্রছাত্রীদের মধ্যে বণ্টন হওয়ার কথা। নাম প্রকাশে অনিচ্ছুক বৃত্তি কমিটির এক সদস্য বলেন, ‘নিয়ম অনুযায়ী ৬০ শতাংশ বৃত্তি ছাত্র ও ছাত্রীদের জন্য বরাদ্দ। বাকি ৪০ শতাংশ শুধু ছাত্রীদের জন্য সংরক্ষিত। কিন্তু ৩৭৫টি বৃত্তির মধ্যে ৬০ শতাংশই দেওয়া হয় ছাত্রদের। এর ফলে ছাত্রদের তুলনায় অপেক্ষাকৃত ভালো ফল করেও অনেক ছাত্রী বৃত্তির জন্য বিবেচিত হচ্ছেন না।’বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৫টি বিভাগ ও তিনটি ইনস্টিটিউটে অধ্যয়নরত প্রায় ২০ হাজার শিক্ষার্থীর দুটি শাখায় ৩৮৭টি বৃত্তি দেওয়া হয়। এর মধ্যে ১২টি মেধা বৃত্তি ও ৩৭৫টি সাধারণ বৃত্তি। মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন পান এক হাজার ২০০ টাকা ও প্রতি মাসে ৭৫০ টাকা। সাধারণ বৃত্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা এককালীন ৬০০ টাকা ও মাসে ৩০০ টাকা পান। উভয় ক্ষেত্রে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে বিনা বেতনে পড়ার সুযোগ পান। কয়েক বছর ধরে বৃত্তির সংখ্যা ও আর্থিক পরিমাণের কোনো পরিবর্তন হয়নি বলে বৃত্তি কমিটি সূত্রে জানা যায়। গত ২৯ মে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ বৃত্তি কমিটির সভায় কমিটির সদস্যরা বৃত্তির সংখ্যা ও টাকার পরিমাণ বাড়ানোর দাবি জানান।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের জন্য একটি সাধারণ বৃত্তি তহবিল গঠন করা হবে। এ জন্য সমাজের শিল্পপতি ও ধনাঢ্য ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন।’বিশ্ববিদ্যালয়ের বৃত্তি কমিটির সদস্য ও প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘বর্তমান আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে বৃত্তির সংখ্যা ও আর্থিক পরিমাণ বাড়ানো উচিত।’ জানা যায়, ১২টি মেধাবৃত্তির মধ্যে কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ এবং ব্যবসায় প্রশাসন অনুষদে দুটি করে, আইন অনুষদে একটি এবং বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের তিনটি মেধাবৃত্তি দেওয়া হয়। এ ছাড়া কলা অনুষদে ৯৭টি, সমাজবিজ্ঞানে ৮৬টি, বিজ্ঞান অনুষদে ৭০টি, জীববিজ্ঞানে ২৫টি, ব্যবসায় প্রশাসনে ৭৭টি এবং আইন অনুষদে ২০টি করে সাধারণ বৃত্তি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘প্রতিবছর শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। এ বছর নতুন একটি বিভাগ চালু হবে। তাই বৃত্তির সংখ্যা ও আর্থিক পরিমাণ বাড়ানোর জন্য কর্তৃপক্ষের চিন্তাভাবনা রয়েছে।’ এদিকে নির্ধারিত সময়ে বিজ্ঞপ্তি প্রকাশ না করায় অনেক শিক্ষার্থী বৃত্তির জন্য আবেদন করতে পারেন না বলে জানা গেছে। এ জন্য সর্বশেষ সভায় সাধারণ বৃত্তি দেওয়ার ক্ষেত্রে যথাসময়ে দরখাস্ত আহ্বান করার সিদ্ধান্ত হয়।