বায়তুল ইজ্জতে কুচকাওয়াজ অনুষ্ঠানে শহীদ বীরশ্রেষ্ঠদের অবদান স্মরণ
কুচকাওয়াজ দিয়েই সৈনিকজীবনের সূচনা এবং কুচকাওয়াজের মাধ্যমে একজন জওয়ানের রূপান্তর ঘটে প্রকৃত সৈনিকে। ৩ মার্চ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে ৭৮তম ব্যাচ রিক্রুটদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এ কথা বলেন। বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম, এনডিসি, পিএসসি এবং বিজিটিসিএন্ডের কমান্ড্যান্ট কর্নেল মুহম্মদ কামরুজ্জামান, পিএসসি প্রধান অতিথির সঙ্গে অভিবাদন-মঞ্চে প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন। কুচকাওয়াজ প্যারেড পরিচালনা করেন প্যারেড কমান্ডার মেজর সৈয়দ আশিকুল ইসলাম ও প্যারেড অ্যাডজুটেন্ট উপসহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহান স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী বর্ডার গার্ড বাংলাদেশের শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আবদুর রউফ, শহীদ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখসহ অন্য শহীদদের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি তৎকালীন সদরদপ্তর বিডিআর পিলখানা ঢাকায় কিছু উচ্ছৃঙ্খল বিডিআর সদস্যের কাণ্ডজ্ঞানহীন বিবেকবর্জিত কর্মকাণ্ডে অর্ধশত সৈনিক নিহত হওয়ার ঘটনা বর্ডার গার্ড বাংলাদেশের ২১৪ বছরের মধ্যে কলঙ্কিত অধ্যায় বলে মনে করেন। তিনি পিলখানা হত্যাযজ্ঞে নিহত সব সৈনিকের আত্মার মাগফেরাত কামনা করেন। কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি আরও বলেন, কুচকাওয়াজের সাবলীলতা, তেজ ও উদ্দীপনায় পেশাগত দক্ষতার মাপকাঠি। বর্ডার গার্ড বাংলাদেশ দু শ বছরেরও অধিক পথ পরিক্রমায় বহু চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে একটি সুসংগঠিত, সুশৃঙ্খল ও শক্তিশালী দেশপ্রেমিক বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তিনি বর্ডার গার্ড বাংলাদেশের চার মূলনীতি —মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা মেনে নবীনদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার আহ্বান জানান।