সাতকানিয়া উপজেলার বায়তুল ইজ্জত বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড) প্রশিক্ষণকেন্দ্রে ১৪-১৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে বৈশাখী মেলা। এতে বিভিন্ন ইউনিটে কাপড় ও তাঁতশিল্প, মাটির তৈরি জিনিসপত্র, পিঠা-পায়েস, জাদুঘর, ইলিশ-পান্তার স্টল খোলা হয়। এ ছাড়া ছিল নাগরদোলাসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন।সরকারি অফিস-আদালত বন্ধ থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পরিবারের সদস্যদের নিয়ে ছুটে এসেছেন মেলায়। অনেকেই মেলা ঘুরে কিনেছেন পছন্দের জিনিস। ইলিশ-পান্তার স্টলে গিয়ে দেখা গেছে, অনেক লোকজন আগ্রহ নিয়ে ইলিশ-পান্তা খাচ্ছেন।ইলিশ-পান্তার স্টলের দায়িত্বরত সুবেদার দিলীপ বড়ুয়া জানান, দুটি প্যাকেজে এখানে ইলিশ-পান্তা বিক্রি করা হচ্ছে।একটি প্যাকেজে রয়েছে ইলিশ-পান্তার সঙ্গে টাকিমাছ ভর্তা, আলু ভর্তা আর গরুর মাংস—দাম ১৫০ টাকা। আরেকটি প্যাকেজে রয়েছে ইলিশ-পান্তার সঙ্গে টাকিমাছ ভর্তা ও আলু ভর্তা—দাম ১২০ টাকা।মেলার তত্ত্বাবধানকারী বায়তুল ইজ্জত প্রশিক্ষণকেন্দ্রের মেজর শাহ্জাহান বলেন, ‘আমরা বৈশাখী মেলার আয়োজন করে আমাদের ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতিকে নিজেদের মাঝে ধরে রাখার এবং দেশবাসীর কাছে তুলে ধরার কিছুটা চেষ্টা করেছি।’