
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন বলেছেন, কক্সবাজার বায়তুশশরফ চক্ষু হাসপাতাল দুর্গম ও পাহাড়ি অঞ্চলে আলো ছড়াচ্ছে। কম মূল্যে স্বাস্থ্যসেবা নিয়ে অসহায় গরিব মানুষ চোখের আলো ফিরে পাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।
২০ অক্টোবর দুপুরে কক্সবাজার শহরের বৌদ্ধমন্দির সড়কের বায়তুশশরফ চক্ষু হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।
এ সময় বায়তুশশরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালের যাত্রা হয়েছে ১৯৯২ সালে। হাসপাতালে গত আট মাসে ৩ হাজার ২০০ রোগীকে সেবা দেওয়া হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি লোকের সেবা হয়েছে নামমাত্র মূল্যে। এ ছাড়া ১৯৯৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৩ লাখ ২৯ হাজার ২৩৯ রোগীকে চোখের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বিনা মূল্যে চোখের ছানি অস্ত্রোপচার করা হয়েছে ৩০ হাজার ৯৩০ জনকে। এ ছাড়া এই হাসপাতালের বিশেজ্ঞ চিকিৎসকেরা বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান, আনোয়ারা, বাঁশখালী, পটিয়াসহ কক্সবাজার জেলার আনাচে-কানাচে বিনা মূল্যে চক্ষুচিকিৎসা শিবির পরিচালনা করে হাজারো মানুষকে সেবা দিয়েছে।
এর আগে বিভাগীয় কমিশনার হাসপাতালের পাশে স্থাপিত বায়তুশশরফ জব্বারিয়া একাডেমি পরিদর্শন করেন ও দশম শ্রেণিতে একটি মাল্টিমিডিয়া ক্লাস নেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আলী হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান, মুক্তিযোদ্ধা এস এম কামাল, চক্ষু হাসপাতালের চিফ সার্জন মুশফিকুর রহমান, সার্জন সাইফুল ইসলাম, মিশকাত জাহান নুর, সুমাইয়া ইয়াসমিন প্রমুখ।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, বায়তুশশরফের নাম শুনলে মনে হয় এটি কোনো মাদ্রাসা। প্রকৃতপক্ষে এটি সব ধর্মের শিক্ষার্থীদের সমান সুবিধায় লেখাপড়ার অন্য রকম একটি প্রতিষ্ঠান। বিদ্যালয় পরিচালনা কমিটির ঐকান্তিক প্রচেষ্টায় এ পরিবেশ তৈরি করা সম্ভব হয়েছে।