বায়না এখন গয়নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাক কেনা হলো, মিলিয়ে গয়না হলে পূর্ণতা পাবে ঈদের সাজ। নগরের আমিন সেন্টারে পছন্দের গয়নার খোঁজে দুই তরুণী l জুয়েল শীল
পোশাক কেনা হলো, মিলিয়ে গয়না হলে পূর্ণতা পাবে ঈদের সাজ। নগরের আমিন সেন্টারে পছন্দের গয়নার খোঁজে দুই তরুণী l জুয়েল শীল

পছন্দের পোশাক কেনা শেষ। বায়না এবার গয়নার। মনের মতো গয়না না হলে ঈদের সাজে যে পূর্ণতা আসবে না! তাই এখন ভিড় জমেছে গয়নার দোকানে।
সোনার দাম অনেকের সামর্থে্যর বাইরে, চলও কমেছে ধীরে ধীরে। সে জায়গা দখল করে নিয়েছে সুলভ ধাতু। মেটাল, তামা, পাথর, গোল্ড প্লেটেড বা অ্যান্টিক ডিজাইনের গয়নার বাজার জমজমাট। পিছিয়ে নেই পুঁতি, বাঁশ ও বেতের তৈরির গয়নাও।
বাজার ঘুরে দেখা গেল, শাড়ির সঙ্গে রুপার ওপর গোল্ড প্লেটেড অথবা অ্যান্টিক প্লেটেড দুল আর নেকলেস সেটের কদর বেশি। এসব সেটে পাথরের পাশাপাশি ব্যবহার করা হচ্ছে কুন্দন ও পলকি। মিনা করা ও ডায়মন্ড কাটের গয়নাও বেশ চলছে। সঙ্গে পাথরের বালা ও আংটি। এ ছাড়া মুক্তার আবেদন চিরায়ত। মুক্তার তৈরি দু-তিন লহরির মালা ও দুলও অনেকে পছন্দ করছেন।
নগরের আমিন সেন্টারে গয়না কিনতে আসা গৃহবধূ আফরিন সুলতানা বললেন, ‘শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে পাথরের গয়না সেট কিনব এবার। তবে অন্যান্য সময়ের তুলনায় দাম বেশ চড়া মনে হচ্ছে।’
সালোয়ার-কামিজের সঙ্গে ভারী দুল পছন্দ করলেও তরুণীরা সাধারণত নেকলেস এড়িয়ে চলছেন। কানে ছোট দুল কিনছেন যাঁরা, তাঁরা গলায় পরার জন্য বেছে নিচ্ছেন পুঁতি ও বিডস। পঁুতির মালার ক্ষেত্রে বড় মালা এবারও চলছে।
নগরের আফমি প্লাজার গয়নার দোকান ‘অফেলিয়া’র পণ্য তত্ত্বাবধায়ক আবদুল আল মামুন জানান, রামলীলা নামের পাথরের তৈরি ঝুমকা এবার বেশ বিক্রি হচ্ছে। এ ছাড়া নীল, হলুদ—এ দুই রঙের গয়নায় ক্রেতাদের আগ্রহ রয়েছে।
স্কার্ট, টপস ও ফতুয়ার সঙ্গে বাঁশ ও বেতের গয়নাই বেশি জনপ্রিয়। হাত ও পায়ে আংটির পাশাপাশি কিশোরী ও তরুণীরা এক পায়ে নূপুর পরছেন। রুপার নূপুরের পাশাপাশি পঁুতি ও বিডসের পায়েলও অনেকে বেছে নিচ্ছেন।
দরদাম: নগরের নিউমার্কেট, মিমি সুপার মার্কেট, সানমার ওশান সিটি, আখতারুজ্জামান সেন্টার, ইউনুস্কো সেন্টার, আফমি প্লাজা, লাকি প্লাজা, আমিন সেন্টারসহ সব বিপণিকেন্দ্রে গয়নার দোকান রয়েছে। এ ছাড়া আড়ং, অঞ্জনস, বিবিয়ানা, নিপুণসহ বেশ কিছু ফ্যাশন হাউসেও পাওয়া যাচ্ছে নানা ধরনের গয়না। নকশা ও মানভেদে এগুলোর দামও ভিন্ন।
তামার ওপরে গোল্ড প্লেটেড অথবা অ্যান্টিক প্লেটেড দুল আর নেকলেস সেট বিক্রি হচ্ছে ৭০০ থেকে তিন হাজার ৫০০ টাকার মধ্যে। রুপার ওপর করা গোল্ড প্লেটেড সেটের দাম কিছুটা বেশি। ওজনের ওপর নির্ভর করে এক হাজার ৮০০ থেকে ১০ হাজার টাকার মধ্যে কেনা যাবে এসব গয়না। পাথরের তৈরি সেট বিক্রি হচ্ছে দুই থেকে সাত হাজার টাকার মধ্যে। ঝুমকাসহ কানের দুল বিক্রি হচ্ছে ২৫০ থেকে দুই হাজার ৫০০ টাকায়। ১৫০ থেকে ৫৫০ টাকার মধ্যে আংটি কেনা যাবে। তুলনায় কাঠ বা বাঁশের তৈরি গয়নার দাম কম। ১৫০ থেকে ৫০০ টাকার মধ্যে মনমতো কাঠের গয়না পাওয়া যাবে।