বায়িং হাউসের জন্য দরকার নিবন্ধন
যে কয়টি খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, তার মধ্যে তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান অন্যতম। প্রতিবছর এ খাত থেকে বাংলাদেশ আয় করছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা। সঙ্গে অনেক লোকের কর্মসংস্থানের বিষয়টি তো আছেই।আমাদের দেশের তৈরি পণ্য ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের অনেক দেশে রপ্তানি হচ্ছে। আর বিদেশি ক্রেতাকে বাংলাদেশের তৈরি পোশাক কিনতে আগ্রহী করতে গড়ে উঠছে বায়িং হাউস ব্যবসা। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি—বিজিএমইএ থেকে জানা যায়, বর্তমানে ৯৮৮টি বায়িং হাউস কাজ করছে। চাইলে আপনিও পুঁজি বিনিয়োগ করে শুরু করতে পারেন এই ব্যবসা। আর সফলভাবে ব্যবসা পরিচালনার জন্য ও বিজিএমইএ থেকে সংশ্লিষ্ট সহায়তা পেতে আপনাকে এর সহযোগী সদস্য (অ্যাসোসিয়েট মেম্বার) হতে হবে।বায়িং হাউসের কাজ: বিজিএমইএ সূত্রে জানা যায়, বর্তমানে বাংলাদেশে পাঁচ হাজারের ওপরে তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। আর এ দেশে তৈরি পোশাকপণ্যের বাজার প্রতিনিয়ত বাড়ছে। বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো সাধারণত সরাসরি কোনো তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে না। তারা পণ্য কিনতে তৃতীয় কোনো প্রতিষ্ঠানকে বেছে নেয়। আবার এসব প্রতিষ্ঠানও বিদেশি ক্রেতাদের নানাভাবে উৎসাহ জোগায় এ দেশ থেকে রপ্তানি করতে। দুই পক্ষের আলোচনার ভিত্তিতে তাদের মধ্যে চুক্তি হয়। চুক্তি মোতাবেক প্রতিষ্ঠানটি ক্রেতার চাহিদা মোতাবেক নির্দিষ্ট ধরনের পণ্য সরবরাহ করার যাবতীয় দায়িত্ব পালন করে থাকে। আর এ ধরনের প্রতিষ্ঠানই বায়িং হাউস নামে পরিচিত। প্রতিষ্ঠানগুলো ক্রেতার পক্ষে কোনো তৈরি পোশাকপণ্য তৈরির কাজ দেয়।কেন সদস্য হবেন: যদি বিজিএমইএ থেকে নিবন্ধন না নেন, তাহলে আপনাকে প্রতিনিয়ত পড়তে হবে নানা রিড়ম্বনায়। তা ছাড়া বিদেশি ক্রেতাদের কাছ থেকে কার্যাদেশও (ওয়ার্ক অর্ডার) পাবেন না তেমন একটা। কারণ ক্রেতা আপনার সঙ্গে চুক্তি করার আগে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে বিজিএমইএতে যোগাযোগ করবে। সে ক্ষেত্রে আপনি এখানে নিবন্ধিত না থাকলে প্রতিষ্ঠানটি আপনার সম্পর্কে কোনো তথ্য দিতে পারবে না।ফলে আপনি কাজটি না-ও পেতে পারেন। কারণ বিদেশি ক্রেতারা ব্যবসায়িক ঝুঁকির কারণে বিজিএমইএর সদস্য নয়, এমন বায়িং হাউসগুলোর সঙ্গে চুক্তি করতে চায় না। দেশে ও বিদেশে বিভিন্ন মেলায় অংশগ্রহণ, বিদেশে ব্যবসায়িক ভ্রমণ ও ভিসাসংক্রান্ত সেবা, ব্যবসায়িক নানা ধরনের তথ্য বিনা মূল্যে পৌঁছে দেওয়া, প্রয়োজনে বিদেশি ক্রেতাকে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে আনতে চাইলে তার ব্যবস্থা করে দেওয়া, ক্রেতা-বিক্রেতার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপন ও উন্নয়নসহ বায়িং হাউসগুলোর প্রয়োজন মোতাবেক প্রায় সব ধরনের সেবা দিতে প্রস্তুত থাকে বিজিএমইএ।আবেদন-প্রক্রিয়া: আপনার যদি বায়িং হাউস থেকে থাকে, আর তার জন্য যদি আপনি সনদ নিয়ে বিজিএমইএর সদস্য হতে চান, আপনাকে এর সভাপতি বরাবর আবেদন করতে হবে। বিজিএমইএর সদস্য ও নিবন্ধন শাখার জ্যেষ্ঠ নির্বাহী মো. মফিজুল ইসলাম বলেন, আবেদনপত্রের নমুনা কপি বিজিএমইএর দপ্তর থেকে বিনা মূল্যে নিতে পারেন। নমুনা অনুযায়ী আপনাকে আপনার প্রতিষ্ঠানের নির্দিষ্ট প্যাডে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট তথ্যাদি দিয়ে প্রতিষ্ঠানের প্যাডে করা আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে হবে। আবেদন করার পর বিজিএমইএ কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে দেখার জন্য একজন তদন্ত কর্মকর্তা পাঠাবে। তদন্ত কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে একটি প্রতিবেদন জমা দেবে। আর তার প্রতিবেদনের ওপর নির্ভর করে আপনাকে সদস্যপদ দেওয়া হবে কি না। আবেদনের দিনও প্রয়োজনে আপনি পেয়ে যেতে পারেন সনদ। সর্বোচ্চ সাত দিন লাগতে পারে সদস্য হিসেবে নিবন্ধন পেতে। সদস্য হিসেবে আপনাকে একটি সনদপত্র দেবে বিজিএমইএ।কাগজপত্র: বায়িং হাউসের ব্যবসায়ী হিসেবে বিজিএমইএ থেকে সদস্যপদ নিতে আবেদন করলে তার সঙ্গে নিচের কাগজপত্র দিতে হবে। কাগজপত্র সব অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ দ্বারা সত্যায়িত হতে হবে। ট্রেড লাইসেন্সের কপি মেমোরেন্ডাম অব আর্টিকেল বা অংশীদারি দলিলের কপি। উদ্যোক্তা বা অংশীদার বা শেয়ারহোল্ডারদের দুই কপি ছবি। প্রতিষ্ঠানের নির্দিষ্ট প্যাডে স্বাক্ষর। ভাড়ার চুক্তিপত্র বা ক্রয় দলিল। টিন (ট্যাক্স আইডেনটিফিকেশন নাম্বার) সনদ। বাংলাদেশ ব্যাংকের প্রত্যয়নপত্র (যদি থাকে)। বিনিয়োগ বোর্ডের ওয়ার্ক পারমিট।মো. মফিজুল ইসলাম জানান, বিজিএমইএ কর্তৃক বায়িং হাউসের জন্য নিবন্ধন ফি ধরা হয়েছে ১৫ হাজার টাকা। সঙ্গে এক বছরের সদস্য ফি আরও আট হাজার টাকা। সব মিলিয়ে আপনাকে জমা দিতে হবে ২৩ হাজার টাকা। এই টাকা এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক (এক্সিম ব্যাংক), প্রিমিয়ার ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের কারওয়ান বাজার শাখায় বিজিএমইএর নির্ধারিত হিসাব নম্বরে জমা দিতে হবে।সদস্যপদ নবায়ন: সহযোগী সদস্য হিসেবে আপনাকে এক বছরের জন্য সনদ দেওয়া হবে। তাই এক বছর পর পর আপনাকে সনদ নবায়ন করে নিতে হবে। এ জন্য আপনাকে প্রতিবছরের জন্য নির্ধারিত ফি বিজিএমইএতে জমা দিতে হবে। নবায়ন ফি রাখা হয়েছে আট হাজার টাকা। প্রতিবছরের জানুয়ারি থেকে ডিসেম্বর মেয়াদকালের জন্য আপনি এর সদস্য হিসেবে তালিকাভুক্ত থাকবেন।