বায়ুদূষণে যেভাবে চ্যাম্পিয়ন হওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেমন-তেমন ব্যাপার নয় মোটেও। তামাম বিশ্বের বাঘা-বাঘা সব শহরকে পেছনে ফেলে বায়ুদূষণে আমাদের ঢাকা হয়েছে দ্বিতীয়। দূষণের রানি হিসেবে এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়বে ঢাকার নাম। আহা, ভাবতেই গা কেমন-কেমন করে উঠছে! কিন্তু এত গা কেমন-কেমন করা টাইপ আত্মতুষ্টিতে ভুগলে চলবে না। কারণ, ‘দুই নম্বর’ হওয়া কোনো কাজের কথা নয়। আনন্দে তাইরে-নাইরে না করে, না নেচে বরং আরেকটু ‘এফোর্ট’ দিলেই আমরা হতে পারি নম্বর ওয়ান! চ্যাম্পিয়ন! সেই ‘এফোর্টগুলোর’ কথাই জানাচ্ছে দূষণজ্ঞ শরীফ মজুমদার

১. ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে নিজ উদ্যোগে বাতাসে ক্ষতিকর ধূলিকণার পরিমাণ আরও বাড়ানোর জোর চেষ্টা চালাতে হবে। শিল্প-কারখানাগুলো এতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। প্রত্যেকেই নামতে পারে বায়ুদূষণের ক্ষেত্রে একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার সুস্থ প্রতিযোগিতায়।

২. পরিবেশদূষণ সম্পর্কিত যাবতীয় কঠিন কঠিন আইন আরও শিথিল করতে হবে কিংবা লোপাট করে দিতে হবে। আইনের প্রয়োগে অবশ্যই ‘গদাই লস্করি’ নীতি অবলম্বন করতে হবে। কাগজ-কলম থেকে আইন যাতে বাস্তবে উঠে আসতে না পারে সেদিকে রাখতে হবে কঠোর দৃষ্টি। কেউ ব্যাপকভাবে দূষণে লিপ্ত হলেও দেখেও না দেখার যথাসম্ভব ভান করার নিয়মও জারি করা জরুরি।

৩. ঢাকায় যে কটা হাতে গোনা গাছপালা বেহায়ার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশুদ্ধ বাতাস সরবরাহের নির্লজ্জ প্রচেষ্টা চালাচ্ছে, সেগুলো কেটে সাফ করে দিতে হবে। এ উদ্দেশ্যে ‘গাছ কাটুন, চ্যাম্পিয়ন হোন’ স্লোগান নিয়ে ‘ভিশন চ্যাম্পিয়ন ইন এয়ার পলুউশন’ নামক প্রকল্প হাতে নেওয়া যেতে পারে।

৪. যানবাহনের জ্বালানি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ। ফলে একটি টেকসই ও কার্যকর দূষণব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে অপরিকল্পিত গণপরিবহনব্যবস্থা গড়ে তুলতে হবে। ফিটনেসবিহীন, লক্কড়ঝক্কড় গাড়ির অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ চলাচল নিশ্চিত করার সঙ্গে আরও বেশি বেশি বিষাক্ত ধোঁয়া নির্গমনকল্পে প্রযুক্তির ‘সেকেলেকরণ’ করাও জরুরি।

৫. বায়ুদূষণের জন্য হেভি মেটাল বা ভারী ধাতুর ভূমিকাও অগ্রগণ্য। তাই বাতাসে যেন উল্লেখযোগ্য পরিমাণে ভারী ধাতু মিশে একটি বন্ধুত্বপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে পারে এ জন্য সংশ্লিষ্ট শিল্পকে ব্যাপকভাবে উৎসাহিত করতে হবে।

৬. ইটের ভাটাশিল্পকে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকার আশপাশে তো বটেই, প্রয়োজনে ঢাকার প্রাণকেন্দ্রগুলোতেও দু-চারটি করে ইটের ভাটা স্থাপন করা যেতে পারে। ইট উৎপাদন হোক বা না হোক, অবশ্যই লক্ষ রাখতে হবে যেন সব ভাটাই বেশি বেশি ধোঁয়া নির্বিচারে বাতাসে ছাড়তে পারে।

৭. রাস্তার খোঁড়াখুঁড়ি থেকে নির্গত ধুলা বায়ুদূষণের একটি বিরাট উৎস। এ জন্য রাস্তাঘাটে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির পরিমাণ আরও বাড়াতে হবে। বছরের বারোটা মাসই যাতে এটা বজায় থাকে তা নিশ্চিতকরণে খোঁড়াখুঁড়ি বিভাগের অধীনে একটি দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলা উচিত।

৮. বিষাক্ত ধোঁয়া উৎপাদনকারী শিল্প-কারখানাগুলোকে ‘মগের মুল্লুক’ ঘোষণা করে দূষণের বৈধ ছাড়পত্র দেওয়া যেতে পারে।

৯. বাতাস কারও বাপের একার সম্পত্তি নয়। কাজেই সাধ্য ও সামর্থ্য অনুযায়ী প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে একে দূষিত করার নাগরিক অধিকার রাখে। এ বিষয়ে সবাই যথেষ্ট সজাগ হওয়া সত্ত্বেও আরও বেশি করে সজাগ করার লক্ষ্যে ‘আমার বাতাস আমি দূষিত করব, যত খুশি তত করব’ নীতি সামনে রেখে ব্যাপক জন(অ)সচেতনতা তৈরি করা যেতে পারে।