বায়ুবিদ্যুৎকেন্দ্র রক্ষার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলী আকবর ডেইল ইউনিয়নের সমুদ্র উপকূলে স্থাপিত বায়ুবিদ্যুৎকেন্দ্রের পশ্চিম পাশে স্থাপিত বেড়িবাঁধের কয়েক কিলোমিটার ঘূর্ণিঝড় আইলার সময় বিলীন হলে কেন্দ্রটিসহ ইউনিয়নের তাবলেরচর, কাহারপাড়া, পণ্ডিতপাড়া, তেলিপাড়া, হায়দরবাপেরপাড়াসহ কয়েকটি গ্রামের কয়েক হাজার বসতবাড়ি ঝুঁকির মুখে পড়ে। বিশেষ করে, সাগরের জোয়ারের পানিতে বায়ুবিদ্যুৎকেন্দ্রটি তলিয়ে যাওয়ায় গত বছরের নভেম্বরে ৩৯ কোটি টাকা ব্যয়ে ৩ দশমিক ৩ কিলোমিটার ভাঙা বাঁধ নির্মাণ করে বায়ুবিদ্যুৎকেন্দ্রসহ এলাকার মানুষকে জলোচ্ছ্বাসের কবল থেকে রক্ষার উদ্যোগ নেয় সরকার।পাউবো ও ঠিকাদার সূত্র জানায়, তিন কিলোমিটারের বেশি ভাঙা বাঁধটি নির্মাণের পর দুই বর্গফুট আকৃতির ১৩ মণ ওজনের দুই লাখ ২৫ হাজার সিসি ব্লক বাঁধের ওপর এবং সাগর অংশে (পশ্চিমে) বসানো হচ্ছে। তিন কিলোমিটার বাঁধের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য তিন ভাগ করে তিনজন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে।উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, পাউবোর নিয়োগপ্রাপ্ত ঠিকাদারেরা এখন পর্যন্ত বাঁধের নির্মাণকাজের ৩০ শতাংশ শেষ করেছেন। যদিও নিয়ম অনুযায়ী, কাজ করার কথা ৬০ শতাংশ। তবে সিসি ব্লক তৈরি হয়েছে ৭০ শতাংশ। কিন্তু বর্ষার আগে বাঁধ নির্মাণ শেষ করা না গেলে এই ব্লক বসানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। তখন নতুন বাঁধটিও বিলীন হয়ে পুরো আলী আকবর ডেইল ইউনিয়নের দেড় হাজার বসতবাড়ি তলিয়ে যাবে। সেই সঙ্গে বায়ুবিদ্যুৎকেন্দ্রটিও রক্ষা করা কঠিন হয়ে পড়বে।