বায়েজিদে পাঁচ দিন জ্বলার পর নেভানো হলো সড়কবাতি
পাঁচ দিন পাঁচ রাত একনাগাড়ে জ্বলার পর অবশেষে নেভানো হলো সড়কবাতি (সোডিয়াম বাতি)। নগরের বায়েজিদ সড়কের বিএসআরএম কারখানা থেকে উত্তরে বায়েজিদ বোস্তামি মাজার ফটক পর্যন্ত এলাকায় পাঁচ দিন ধরে ৫০টি সড়কবাতি জ্বললেও সরকারি কোনো কর্তৃপক্ষ তা নেভানোর কোনো ব্যবস্থা নেয়নি। ১৬ জানুয়ারি দুপুরে সিডিএ (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নেওয়ার পর গতকাল (১৭ জানুয়ারি) থেকে বাতিগুলো নেভানো দেখা যায়। ১১ জানুয়ারি থেকে ওই সড়ক দিয়ে যাতায়াতের সময় সড়কবাতি জ্বলতে দেখে ১৬ জানুয়ারি জানতে চাইলে বিএসআরএম ফটকসংলগ্ন চা-দোকানি মো. আজাদ জানান, পাঁচ-ছয় দিন ধরে এসব বাতি জ্বলছে। এগুলো নেভানোর ব্যবস্থা নেওয়া হয়নি। এ ব্যাপারে ১৬ জানুয়ারি যোগাযোগ করা হলে সিডিএর যান্ত্রিক শাখার সহকারী প্রকৌশলী জয়নাল আবেদীন বলেন, ‘গত ২ জানুয়ারি আমরা সড়কবাতি প্রকল্পটি সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ বিভাগ) মাহফুজুল হককে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিয়েছি। এই লাইনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি করপোরেশনের।’ সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মাহফুজুল হককে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বায়েজিদ সড়কের সড়কবাতি দেখার দায়িত্ব সিডিএর।’ এর পরদিন ১৭ জানুয়ারি সকালে একই সড়ক দিয়ে আসার সময় দেখা যায় বাতিগুলো আর জ্বলছে না।