বায়োস্কোপের নেশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইট-ক্যামেরা-অ্যাকশন—শব্দগুলোর সঙ্গে তাঁদের নিত্যসখ্য। তাঁরা গড়ে তুলতে চায় চলচ্চিত্রের মতো গতিশীল জীবনধারা। এটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ক্লাবের গল্প। নবাগত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আঙিনায় পা রেখেই দৃষ্টি নিবদ্ধ করে এ ক্লাবের দিকে। ২০০৪ সালে প্রতিষ্ঠিত এ ক্লাবের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম প্রাক্তন শিক্ষার্থী নাজমুল আহসান। ‘অন্য যেকোনো কিছুর মতো আমাদের শুরুটাও সহজ ছিল না। মাত্র চার-পাঁচজন সদস্য নিয়ে আমরা যাত্রা শুরু করি। বাধা ছিল প্রতি পদেই; তবু আমরা আশাহত হইনি, বরং আশায় বুক বেঁধে এগিয়ে গেছি সামনের দিকে।’ প্রায় আড়াই শ সদস্যের এ ক্লাবটি একজন সভাপতি, ক্লাবের কর্মকাণ্ড সঠিকভাবে পরিচালনার জন্য গঠিত ১০টি বিভাগ থেকে ১০ জন পরিচালক, সেক্রেটারি, এক্সিকিউটিভস ও সাধারণ সদস্যদের নিয়ে গঠিত। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করলেও ক্লাবের শিক্ষার্থীরা প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকে মেনটরস হিসেবে। ক্লাবের এত দিনের আত্মার বন্ধন কি সহজেই শেষ করা যায়? ক্লাবের আর্থিক দিকটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখাশোনা করে। ক্লাবের যেকোনো আর্থিক প্রয়োজনে কর্তৃপক্ষ সদাপ্রস্তুত। এ জন্য ক্লাবের পক্ষে এর কর্মকাণ্ড পরিচালনা করা অনেক সহজ হয়েছে। ক্লাব নিয়ে এমন আশার বাণী শোনাচ্ছিলেন ক্লাবের সভাপতি ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী স্টয়াব পিটার হালদার।হাঁটি হাঁটি পা পা করে ক্লাবটি আজ এগিয়ে গেছে অনেক দূর। বৃদ্ধি পেয়েছে এর কর্মপরিধিও। পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী উত্সব, চলচ্চিত্রবিষয়ক কর্মশালা, সর্বসাধারণের মধ্যে চলচ্চিত্র সম্পর্কে সাড়া জাগানোর জন্য ‘রোড শোসহ চলচ্চিত্রবিষয়ক বিভিন্ন উন্নয়নমুখী কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ক্লাবটি। ক্লাবের সেক্রেটারি ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারাহ ফেরদৌস মনে করেন, সদস্যদের মধ্যে একাত্মতা ও ক্লাবের প্রতি তাঁদের প্রবল ভালোবাসাই এর উন্নতির অন্যতম প্রধান কারণ। আর এ জন্যই ক্লাবটি হয়তো বা এতটা জনপ্রিয়।প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি অনেক চলচ্চিত্র প্রদর্শনী ও উত্সবের আয়োজন করেছে। যেমন, পুরোনো দিনের বাংলা চলচ্চিত্র নিয়ে ‘শেকড়ের সন্ধানে’ এবং অ্যানিমেটেড চলচ্চিত্র নিয়ে ‘অ্যানিমেটেড ড্রিমস’-এর মতো উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্র উত্সবের কথা। এসব উত্সবে দেশ-বিদেশের বিভিন্ন ভাষার জনপ্রিয় ও শিক্ষণীয় চলচ্চিত্রগুলোই প্রদর্শিত হয়ে থাকে। আর তা নির্বাচিত হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে। সাভারে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ক্যাম্পাসে প্রতি সপ্তাহেই আয়োজন করা হয় চলচ্চিত্র প্রদর্শনী। এর মধ্যে ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’, ‘বায়োস্কোপের নেশা’—এগুলোর নাম না বললেই নয়। নিজেদের বাইরেও ক্লাবটি নিয়মিতভাবে বিভিন্ন দেশের সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে যৌথভাবে চলচ্চিত্র প্রদর্শনী ও উত্সবের আয়োজন করে আসছে। ক্লাবের সদস্য ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাসুদুর হাসান বলেন, ‘এসব চলচ্চিত্র উত্সব ও প্রদর্শনী শুধু যে শিক্ষার্থীদের একঘেয়েমি দূর করে তা নয়, তাঁদের জ্ঞানের ভাণ্ডারও সমৃদ্ধ হয়। তাঁদের মধ্যে চলচ্চিত্র সম্পর্কে সচেতনতা গড়ে ওঠে, যা হয়তো ক্লাবকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।’ আর এ জন্যই ক্লাবটির রয়েছে প্রায় ৪০০ চলচ্চিত্রের একটি ডিভিডি আর্কাইভ।‘ক্লাব কর্তৃক প্রতিবছরই নিয়মিতভাবে চলচ্চিত্রবিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি ও আলোকবিষয়ক এসব কর্মশালা চলচ্চিত্রের সঙ্গে জড়িত বিশিষ্ট ব্যক্তিদের দ্বারাই পরিচালিত হয়। চলচ্চিত্র সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্সাহ সৃষ্টির লক্ষ্যে চিত্রনাট্য রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হয় এবং শ্রেষ্ঠ চিত্রনাট্য রচয়িতাকে পুরস্কৃত করা হয়। শুধু তা-ই নয়, মোবাইল ফোনে দু-চার মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতেও ক্লাবটি সদস্যদের সর্বদা উত্সাহ দিয়ে থাকে।’ বলছিলেন ক্লাবের সেক্রেটারি ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাতেমা উম্মে জোহরা।‘কথোপকথন’ এ ক্লাবের একটি জনপ্রিয় অনুষ্ঠান। সেলিব্রেটিদের নিয়ে প্রতি সেমিস্টার শেষে আয়োজন করা হয় এটি। এখন পর্যন্ত আমন্ত্রিত সেলিব্রেটিদের মধ্যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরিবার, তারেক মাসুদ, গিয়াসউদ্দিন সেলিমের নামই বিশেষভাবে বলা যায়। ক্লাবের সদস্যরা বছর শেষে নিয়মিতভাবে সুন্দরবন, বান্দরবান, সেন্ট মার্টিনের মতো দর্শনীয় সব স্থানে ভ্রমণে বের হন। এ ভ্রমণের মুখ্য উদ্দেশ্য অবকাশ যাপন হলেও ক্লাবের সদস্যদের প্রামাণ্যচিত্র তৈরিতে এসব ভ্রমণ খুবই উত্সাহিত করে থাকে। সামাজিক দায়িত্ব পালনেও কম যায় না এ ক্লাব। প্রতি সেমিস্টারে ‘ভিলেজ রোড শো’ নামে একটি চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। বিভিন্ন এতিমখানায় অনাথ শিশুদের জন্য আয়োজিত এ প্রদর্শনী যেন তাদের কষ্টের মধ্যে আনন্দের খোরাক জোগায়। শিশুরা আনন্দের পাশাপাশি এসব চলচ্চিত্রের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। চলচ্চিত্রকে উপলব্ধি করতে শেখে তারা—বলছিলেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ক্লাবের সদস্য সৈয়দ আহমেদ শাওফি। এ ছাড়া টি-শার্ট, ব্যানার, পোস্টার ডিজাইন এবং তা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লাগানোসহ যাবতীয় কাজ ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবেই করে থাকেন। আর এভাবেই তাঁদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বের অটুট বন্ধন। ক্লাবকে নিয়ে স্বপ্ন দেখতে দেখতে হারিয়ে যান ক্লাবের সেক্রেটারি ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আদনান। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করার পর থেকেই এ ফিল্ম ক্লাবকে ঘিরেই যেন জীবনটা আবর্তিত হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এর ছায়াতলে এসে দাঁড়ান এক হয়ে। ক্লাবের প্রতি পূর্বসূরিদের রেখে যাওয়া ত্যাগগুলো আঁকড়ে ধরে উত্তরসূরিদের জন্য গড়ে তোলে ভিত্তিমূল—যাঁরা চলচ্চিত্র ভালোবাসে, বুঝতে চায়, চলচ্চিত্র নির্মাণ করতে চায়। আর এমনিভাবেই হয়তো কোনো একসময় ক্লাবের মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট।