বিআরটিসির গাড়ি মেরামত খরচ কিলোমিটারে চার টাকা!
বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) ১৯৬২ সালের অধ্যাদেশ অনুযায়ী, এক কিলোমিটার গাড়ি চললে মেরামত খরচ চার টাকা। কিন্তু বছর বছর গাড়ির যন্ত্রাংশের দাম বেড়েছে বহুগুণ। অথচ বিআরটিসি গাড়ি মেরামতে সেই ৪৯ বছর আগের অধ্যাদেশ অনুসরণ করছে। ফলে পর্যাপ্ত অর্থ বরাদ্দের অভাবে ঠিকমতো মেরামত না হওয়ায় যানবাহনগুলোও হয়ে গেছে লক্কড়-ঝক্কড় মার্কা। এ বাসগুলোই এখন চলাচল করছে বিভিন্ন রুটে। যাত্রীদের অভিযোগ, বিআরটিসির বাসগুলোতে যাত্রীসেবার মান দিন দিন কমছে। প্রায় সময় পথে বিকল হয়ে যায় বাস। এ ছাড়া দুর্ঘটনার ঝুঁকি তো রয়েছেই।বিআরটিসি চট্টগ্রাম কার্যালয় সূত্র জানায়, বর্তমানে এই কার্যালয়ের অধীন ৮৪ আসনের দোতলা বাস আটটি, ৫৬ আসনের ১৩টি, ৪০ আসনের তিনটিসহ ২৪টি বাস রয়েছে। এসব বাসের মধ্যে চট্টগ্রাম-কোম্পানীগঞ্জে (কুমিল্লা) পাঁচটি, চট্টগ্রাম-চরফ্যাশনে (ভোলা) দুটি, চট্টগ্রাম-চরজব্বরে (নোয়াখালী) একটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছয়টি, নগরে দুটি, চট্টগ্রাম-রাঙামাটিতে চারটি, চট্টগ্রাম-রাউজান রুটে দুটি এবং অতিরিক্ত আরও দুটিসহ মোট ২৪টি বাস চলাচল করছে। এসব বাস আমদানি করা হয় ভারত থেকে। বিআরটিসি চট্টগ্রাম কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘প্রায় সময় পাঁচ-ছয়টি বাস বিকল হয়ে ডিপোতে পড়ে থাকে। এ সময় বিভিন্ন রুটে নিয়মিত গাড়ি পরিচালনা ব্যাহত হয়। সরেজমিনে ১৮ জানুয়ারি বিআরটিসি চট্টগ্রাম ডিপোতে দেখা যায়, ৫৬ আসনের চারটি, ৮৪ আসনের দোতলা বাস দুটিসহ মোট ছয়টি বাসের মেরামতকাজ চলছে। গাড়িগুলোর আসন ছেঁড়া, জানালার কাচ ভাঙাচোরা। এ বাসগুলোর মধ্যে চারটির নম্বর হচ্ছে: চট্টমেট্রো-ব-০৩২৫, চট্টমেট্রো-ব-১১-০৩০৫, চট্টমেট্রো-ব-১১-০৩২৬ ও চট্টমেট্রো-ব-১১-১৯২১। অনেকটা জোড়াতালি দিয়েই বিভিন্ন রুটে গাড়ি পরিচালনা করতে বাধ্য হচ্ছেন—এ কথা স্বীকার করে বিআরটিসি চট্টগ্রাম ডিপোর ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, ‘অর্ডিন্যান্স (অধ্যাদেশ) অনুযায়ী মেরামত খাতে প্রতি কিলোমিটারে চার টাকা খরচ করার কথা বলা হয়েছে। কিন্তু গাড়ির যন্ত্রাংশের দাম বেড়েছে বহুগুণ। ফলে বরাদ্দ করা টাকার মধ্যেই গাড়ি মেরামত করতে হচ্ছে। লক্কড়-ঝক্কড় তো থাকবেই।’ যাত্রীসেবার মান বাড়াতে পারছেন না কেন—এমন প্রশ্নের উত্তরে তিনি লোকবলসংকটসহ নানা কারণ তুলে ধরেন। তিনি বলেন, ‘বিআরটিসির অবকাঠামো অনুযায়ী প্রতিটি গাড়ির বিপরীতে চালক থাকার কথা দুজন। কিন্তু আছেন একজন।’ সূত্র আরও জানায়, বর্তমানে বিআরটিসি চট্টগ্রাম ডিপোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৮০। গত মাসে (ডিসেম্বর-২০১০) চট্টগ্রাম ডিপো ২২টি গাড়ির বিপরীতে আয় করেছে ৩৮ লাখ টাকা। খরচ করেছে প্রায় ৩৩ লাখ টাকা। এর মধ্যে জ্বালানি খাতে ২০ লাখ, বেতন খাতে সাড়ে সাত লাখ ও মেরামত খাতে পাঁচ লাখ টাকা খরচ করা হয়।