নিবন্ধন ছাড়াই বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) ২৬টি নতুন বাস নেমেছে রাস্তায়
বিআরটিসির গাড়িরই নিবন্ধন নেই
নগর ও আন্তজেলার বিভিন্ন রুটে নিবন্ধন ছাড়াই চলছে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) ২৬টি নতুন বাস। তিন মাস আগে কোরিয়া থেকে বিআরটিসি চট্টগ্রাম ডিপোর জন্য এসব বাস আমদানি করা হয়। নগর পুলিশের যানবাহন শাখার কর্মকর্তারা জানান, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী কোনো গাড়ি নিবন্ধন ছাড়া রুটে চলতে পারে না।নিবন্ধন ছাড়াই নগর ও আন্তজেলার বিভিন্ন রুটে বাস চলছে—এ কথা স্বীকার করে বিআরটিসি চট্টগ্রাম ডিপোর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শামসুল আলম বলেন, ‘বাসগুলোর নিবন্ধনপ্রক্রিয়া চলছে বিআরটিএ ঢাকা কার্যালয়ে। আশা করছি, শিগগির সব কটি বাসের নিবন্ধন নম্বর পেয়ে যাব।’ সূত্র জানায়, গত সেপ্টেম্বরে বিআরটিসির জন্য কোরিয়ার ডাইয়ু কোম্পানি থেকে ২৫৫টি বিলাসবহুল বাস আমদানি করা হয়। এর মধ্যে ২৬টি বাস দেওয়া হয় বিআরটিসি চট্টগ্রাম ডিপোকে। নগরের রুট ছাড়াও চট্টগ্রাম-রাঙামাটি, চট্টগ্রাম-খাগড়াছড়ি, চট্টগ্রাম-কোম্পানিগঞ্জসহ আন্তজেলার বিভিন্ন রুটে এসব বাস চলছে। এ প্রসঙ্গে জেলা পুলিশের যানবাহন শাখার পরিদর্শক মীর গোলাম ফারুক বলেন, ‘নিবন্ধন ছাড়া কোনো গাড়ি সড়কে চলতে পারে না। বিআরটিসি তো সরকারি সংস্থা। নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করেই বাসগুলো সড়কে চলতে দেওয়া উচিত ছিল।’