বিউটি এখন আত্মনির্ভর
দুই কন্যাসন্তানের জননী বিউটি আক্তার। জীবনে কল্পনাও করেননি ঘরে বসেই অর্থ উপার্জন করে আত্মনির্ভরশীল সংসার গঠনে ভূমিকা রাখবেন। বিনা পয়সায় তিন মাসের সেলাই প্রশিক্ষণ নিয়ে তা কাজে লাগিয়ে এখন ঘরে বসেই প্রতি মাসে দেড়-দুই হাজার টাকা আয় করছেন তিনি। আর এই টাকা দিয়ে নিজের এবং দুই মেয়ের ভরণপোষণসহ সংসারের নানা প্রয়োজন মেটাচ্ছেন। বিউটি লোগাং বাজার এলাকার আনসার সদস্য মো. আবুল কাশেমের স্ত্রী। তিনি ২০১১ সালে বিনা পয়সায় তিন মাসের সেলাই প্রশিক্ষণ নিয়েছেন বিজিবি লোগাং জোনের কম্পিউটার প্রশিক্ষণ ও সেলাই প্রশিক্ষণকেন্দ্র থেকে। ২০-বিজিবির সহযোগিতায় গত মার্চ মাসে তাঁর স্বামী একটি সেলাইযন্ত্র কিনে দেন তাঁকে। বিউটি আক্তারকে অনুসরণ করে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন নিয়ে সেলাইযন্ত্র কিনে কাজ শুরু করেছেন একই এলাকার আলেয়া মির্জা ও কোহিনুর আক্তারসহ অনেকে। সংসারের ভরণপোষণে বড় ভূমিকা রাখছেন তাঁরা। বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন মল্লিকা চাকমা, সেলিনা আক্তার, সুমনা আক্তার, ইয়াছমিন আক্তার, কুলছুম আক্তারসহ আরও কয়েকজন। তাঁরা হাতেকলমে সেলাই কাজের পাশাপাশি নকশি কাঁথার কাজও শিখছেন। এখানে প্রশিক্ষক হিসেবে কাজ করছেন সাজেদা বেগম। প্রতি মাসে দুই হাজার টাকা সম্মানী পান তিনি। সাজেদা বেগম বলেন, ‘প্রশিক্ষণার্থীদের হাতেকলমে শিক্ষা দিতে পেরে আমার খুব ভালো লাগে।’ সেলাইকাজ শেখার পাশাপাশি তাঁদেরকে নকশি কাঁথার কাজও শেখানো হয়।১ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, বিউটি আক্তার নিজঘরে সেলাইকাজ করছেন। তিনি বলেন, ‘সেলাইকাজ ভালো হওয়ায় গ্রামের মেয়েরা আগ্রহ করে আমার কাছে কাপড় নিয়ে আসেন। প্রতি মাসে গড়ে দুই হাজার টাকা আয় হয়। আমার ইচ্ছে, মেয়ে দুটি বড় হলে তাদেরও সেলাইকাজ শেখাব। এতে তারাও ঘরে বসে আয়ের সুযোগ পাবে।’ বিউটি জানান, সেলাই শিখতে গিয়ে তাঁকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। গ্রামের অনেকে খারাপ চোখে দেখেছে। কিন্তু তাঁর স্বামী কারও কথায় কান না দিয়ে সেলাইকাজ শিখতে উৎসাহ দিয়েছেন। ২০-বিজিবি লোগাং জোনের অধিনায়ক লে. কর্নেল মো. আবদুর রহমান বলেন, ‘এ প্রশিক্ষণকেন্দ্রটি দুর্গম এলাকার মহিলাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য সহায়ক হয়েছে। এখান থেকে বিনা মূল্যে হাতেকলমে প্রশিক্ষণ নিয়ে তাঁরা আত্মনির্ভরশীল হচ্ছে দেখে আমাদেরও ভালো লাগছে।’ এ প্রশিক্ষণকেন্দ্র থেকে এ পর্যন্ত ৪০ জন মহিলাকে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে তিনি জানান।জানা যায়, তৎকালীন ৩০-ব্যাটালিয়নের জোন কমান্ডার লে. কর্নেল মো. জাকির হোসেন এ প্রশিক্ষণকেন্দ্রটি নির্মাণের উদ্যোগ নেন এবং ২০১০ সালের অক্টোবর এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১১ সালের ২০ জানুয়ারি সেলাই প্রশিক্ষণকেন্দ্র ছাড়াও এখানে কম্পিউটার ও গণপাঠাগার উদ্বোধন করেন তৎকালীন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার মো. এ এফ জগলুল আহমেদ।