নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য অপেক্ষমাণ নবগঠিত রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) দাবি করেছে বান্দরবান জেলা শহর ও অন্য দুটি উপজেলায় তাদের কার্যালয় রয়েছে। বাস্তবে এসব কার্যালয়ের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। জেলা শহরে ভাড়ায় নেওয়া একটি ফ্ল্যাটকে কার্যালয় হিসেবে দেখানো হলেও ভাড়ার দলিলটি ভুয়া বলে জানা গেছে। ওই ফ্ল্যাটে পরিচিতি ফলকবিহীন একটি কক্ষে ধানের শীষ ও জিয়াউর রহমানের ছবি ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। অন্যদিকে লামা ও আলীকদম উপজেলায়ও পাওয়া গেছে ভুয়া ভাড়ানামা চুক্তিপত্র ও পরিচিতিফলক।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনএফ নেতারা নির্বাচন কমিশনের কাছে দেওয়া তথ্যে দাবি করেন, বান্দরবানে তাঁদের জেলা শাখা এবং লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় শাখা কার্যালয় আছে। তাঁদের এ দাবির ব্যাপারে জেলা নির্বাচন কার্যালয় থেকে তদন্ত করা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, নাইক্ষ্যংছড়িতে বিএনএফের কমিটি বা কার্যালয় কোনো কিছুই পাওয়া যায়নি। জেলা নির্বাচন কার্যালয়ে দাখিল করা দলের জেলা কার্যালয়ের ভাড়ার চুক্তিপত্রে মূল ভাড়াটিয়া আনন্দ দাশ ও ভবন মালিকের কোনো সই নেই। চুক্তিতে প্রথম পক্ষে আব্দুর রহমান এবং দ্বিতীয় পক্ষে বিএনএফের সভাপতি আব্দুর রহমান মানিক নামে পৃথক দুটি সই রয়েছে। সই দুটি দেখতে আলাদা হলেও এগুলো একই ব্যক্তির বলে নির্বাচন কার্যালয়ের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নথিপত্র ঘেঁটে এবং স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে লাকি প্লাজা নামে একটি আবাসিক ভবনের চারতলার ফ্লাটে বিএনএফ কার্যালয়ের ঠিকানা দেওয়া হয়েছে। ওই ফ্লাটের মূল ভাড়াটিয়া আনন্দ দাশ জানান, তিনি আব্দুর রহমান মানিক নামে এক ব্যক্তির কাছে ফ্লাটটি এক বছরের জন্য উপ-ভাড়া (সাবলেট) দিয়েছেন। তবে সেখানে রাজনৈতিক দলের কার্যালয় করার কথা ছিল না।
এ বিষয়ে বিএনএফের সভাপতি আব্দুর রহমান ওরফে মানিক দাবি করেন, ভাড়ার দলিলটি তিনি নিজের জন্য করেছিলেন। বিএনএফের সভাপতি হওয়ার পর তিনি সেখানে দলের কার্যালয় করেছেন। পরিচিতি ফলকও লাগিয়েছিলেন। কিন্তু কে বা কারা তা খুলে ফেলে দিয়েছে।
নির্বাচন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আলীকদম ও লামা উপজেলায় বিএনএফের কার্যালয় রয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই দুই উপজেলায় দলটির কোনো কার্যালয় বর্তমানে নেই। বিষয়টি স্বীকার করে লামা বিএনএফের সভাপতি ফরিদুল আলম জানান, ঢাকা থেকে টাকা ও আসবাবপত্র দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তা না দেওয়ায় লামায় কমিটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, কার্যালয়ও নেই। আলীকদমেও কোনো কার্যালয় নেই বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, ‘দুবার তদন্ত করে যা পাওয়া গেছে প্রতিবেদনে তা উল্লেখ করা হয়েছে।’ এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাতে চাননি।