বিএনপি-জামায়াতের দুই আসন আ.লীগের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি-জামায়াতের দুর্গে হানা দিয়েছে আওয়ামী লীগ। উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে গত মঙ্গলবার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী। দুটিতে জিতেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী। উপজেলার বাকি পাঁচটি ইউনিয়নের নির্বাচন আগামী ৩ জুলাই।চার ইউনিয়নের নির্বাচনের ফলাফলে দেখা যায়, চেয়ারম্যান পদে বিএনপি একটি ও জামায়াতে ইসলামী তাদের একমাত্র চেয়ারম্যান পদটি হারিয়েছে। এ চার ইউনিয়নে এর আগের মেয়াদে ইউপি নির্বাচনে বিএনপি তিনটিতে এবং জামায়াতে ইসলামী একটিতে জিতেছিল। আগে সোনাগাজী সদর ইউনিয়নে চেয়ারম্যান ছিলেন বিএনপি-সমর্থিত। এবার সেখানে চেয়ারম্যান হয়েছেন সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আরেফিন। আমিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান ছিলেন জামায়াতে ইসলামী-সমর্থিত ফখর উদ্দিন। এবার এ ইউনিয়নে পদটি দখল করেছেন আওয়ামী লীগ-সমর্থিত জহিরুল আলম। মতিগঞ্জ ইউনিয়নে পুনরায় নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন। অন্যদিকে নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদটি বিএনপি ধরে রাখতে পারলেও সেখানে দলের প্রার্থী পরিবর্তন হয়েছে। আগে চেয়ারম্যান ছিলেন সরওয়ার আলম। এবার নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহিরুল আলম। এদিকে, জয়-পরাজয় নিয়ে দুই দলের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে। নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দল-সমর্থিত প্রার্থী দেলোয়ার হোসেন ছাড়াও বিদ্রোহী প্রার্থী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুছা সাহজাহান এবং ছাত্রলীগের নেতা আমজাদ হোসেন। গুয়ালিয়া গ্রামের আ.লীগের কর্মী আবদুল খালেক বলেন, ‘দলের প্রার্থী নির্বাচন সঠিক ছিল না।’ এ ছাড়া, দলের তিনজন প্রার্থী থাকার জন্য তিনি জেলা ও উপজেলা নেতাদের দায়ী করেছেন। একইভাবে মতিগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে দলের আরও দুইজন বিদ্রোহী প্রার্থী থাকায় সেখানে দলীয় প্রার্থীর পরাজয় হয়েছে বলে মনে করেন এলাকার সাধারণ কর্মী-সমর্থকেরা। অন্যদিকে, আমিরাবাদ ইউনিয়নে বিএনপি-সমর্থিত প্রার্থী অভিযোগ করেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী তাঁকে নির্বাচন থেকে সরে যেতে হুমকি দেন এবং নানাভাবে প্রচারণায় বাধা দেন। তা ছাড়া চাপের মুখে দলের নেতা-কর্মীদের একাংশ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর হয়ে কাজ করেছেন। এতে তিনি পরাজিত হয়েছেন।