বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে যুবলীগের দুজনও আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচিতে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর এলাকায় গাড়ি ও আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনায় মিরসরাই থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, একটি মামলায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল আমিনসহ ৮৬ জনের নাম উল্লেখ করে দলের অজ্ঞাতনামা আড়াই হাজার নেতা-কর্মীর সঙ্গে মিরসরাই পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আরিফ ও যুবলীগ কর্মী সুমনকেও আসামি করা হয়েছে।আওয়ামী লীগের একাংশের অভিযোগ, দলীয় কোন্দলের কারণে যুবলীগ নেতাদের বিএনপি-জামায়াতের কর্মী সাজিয়ে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে। ৯ ডিসেম্বর রাতে বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন ও মিরসরাই থানা পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দুইটি দায়ের করেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ৯ ডিসেম্বর বিরোধীদলীয় অবরোধ কর্মসূচি চলাকালে জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিনের মালিকানাধীন রোজিনা হোটেল এবং ২০টি গাড়ি ভাঙচুর করে। একই দিন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিএনপি এবং ১৮ দল সমর্থিত নেতা-কর্মীদের ১১টি ব্যবসা প্রতিষ্ঠান (বিএনপির অস্থায়ী কার্যালয়সহ) ভাঙচুর করে। আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হলেও ১৮ দলের সমর্থিত ব্যক্তিদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের জন্য কোনো মামলা এই রিপোর্ট লেখা পর্যন্ত হয়নি। যুবলীগের দুই নেতাকে আসামি করায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীনের অনুসারী ও মিরসরাই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল জানান, দলীয় কোন্দলের কারণে পৌর যুবলীগের দুই নেতাকে বিএনপি-জামায়াতের কর্মী বানিয়ে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে সাংসদ মোশাররফ হোসেনের অনুসারী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান বলেন, মামলার বাদীরাই বলতে পারবেন কেন যুবলীগ নেতাদের আসামি করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া ঠিক হয়নি। মামলার বাদী (৯ নম্বর মামলার) মো. মহিউদ্দিন বলেন, ‘আসামিদের নাম-ঠিকানাসহ মামলার প্রক্রিয়া সম্পন্ন করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। আমার কাছ থেকে শুধু মামলায় সই নেওয়া হয়েছে। তাই যুবলীগের নেতা-কর্মীদের আসামি করার ব্যাপারে আমি কিছুই জানি না।’ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান ৯ ডিসেম্বর ভাঙচুরের ঘটনায় দুটি মামলা দায়ের হওয়ার কথা স্বীকার করে বলেন, ‘এতে যুবলীগের কেউ আসামি হয়েছে বলে আমার জানা নেই।’দলীয় সূত্রে জানা গেছে, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে সাংসদ মোশাররফ হোসেন ও উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীনের সম্পর্কে ফাটল ধরেছে। এরই মধ্যে দুই নেতার সমর্থক ছাত্রলীগের দুটি কমিটির নেতারা নিজেদের কমিটিকে বৈধ দাবি করে মিছিল ও সমাবেশ করেছে। ওই দুই কমিটির সমর্থকদের মধ্যে ৩ ডিসেম্বর রাতে মিঠাছড়ায় এক সংঘর্ষে গিয়াস উদ্দীনের অনুসারী পাঁচ ছাত্রলীগ কর্মী আহত হয়।