
ক্রিকেটে পরাজয়ের শিক্ষা পরের সিরিজে কাজে লাগিয়ে সফল হওয়ার প্রতিশ্রুতি সত্যি হলেই বিএনপি কঠোর আন্দোলন শুরু করতে পারে।
আগামী সিরিজে আমরা এবারের ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।
আগের সিরিজের পরেও তো এই কথা শুনছিলাম।
এ জন্যই তো আগের সিরিজের ভুলগুলো এবার আর করিনি, তার আগের সিরিজের ভুলগুলোই করেছি।
বেদের মেয়ে জোসনা ফাঁকিবাজি বাদ দিয়ে নায়কের কাছে এলেই বিএনপি কঠোর আন্দোলনে নামবে।
বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে...

বিএনপিও তো আন্দোলন শুরু করবে বলে কথা দিছিল, জোসনা আবার বিএনপিতে যোগ দিল না তো?
ফাঁকিবাজ ছাত্ররা পরের সেমিস্টার থেকে ঠিকমতো পড়ালেখা করার প্রতিজ্ঞা রাখতে পারলেই বিএনপির কঠোর আন্দোলন শুরু হতে পারে।
এই পরীক্ষাটা পার হয়ে যাক, পরের সেমিস্টার থেকে ঠিকমতো পড়ালেখা করে তাক লাগায়া দিব!
তোর ঠিকমতো পড়া শুরুর আগে বিএনপি আন্দোলন শুরু করে তাক লাগায়া দিব!
চেইন স্মোকারদের প্রতিদিনের সিগারেট ছাড়ার প্রতিজ্ঞাটা যেদিন রাখা হবে, সেদিন থেকেই কঠোর আন্দোলন শুরু করবে বিএনপি।
আজকেই শেষ। কালকে থেকে সিগারেট একদম ছেড়ে দেব।
গতকালকেও এই কথা বলেছিলে, আজকে ছেড়েছ?
আমি তো প্রতিদিন ভাবি আগামীকাল ছাড়ব, কিন্তু আগামীকালটা পরের দিন ‘আজকে’ হয়ে যায় বলে ছাড়তে পারছি না!
পরের সংখ্যা থেকে রস+আলো পড়ব না—প্রতি সংখ্যা পড়ার পর পাঠকের এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলেই শুরু হবে বিএনপির কঠোর আন্দোলন।
কী সব ছেপেছে। এসব পড়ে কেউ হাসে! আগামী সপ্তাহ থেকে রস+আলো হাতে নেওয়ার প্রশ্নই আসে না।
গত সপ্তাহেও তো এই কথা বলেছিলি।
হাতে নেব না বলেছিলাম বলেই তো এবার টেবিলের ওপর রেখে পড়ছি!