বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের ৪ নম্বর ধুম ইউনিয়নের ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জিতেছেন। ৫ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত ব্যক্তিরা হলেন ফারুক আহম্মদ ও হারুন অর রশিদ। এদিকে নির্বাচনে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। উল্লেখ্য, ধুম ইউনিয়নে মিরসরাইয়ের সাংসদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেনের গ্রামের বাড়ি।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৬ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য মনরঞ্জন দাশ ও ৮ নম্বর ওয়ার্ডের মো. তাজুল ইসলাম মারা গেলে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় লোকজন জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিস্থিতিতে ভোট চললেও দুপুর ১২টার দিকে ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী আবুল হোসেনের পক্ষে ছাত্রলীগের কর্মীরা জাল ভোট দিচ্ছেন বলে অভিযোগ ওঠে। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী হারুন উর রশিদের সমর্থক ছাত্রদলের কর্মীরা জাল ভোট প্রদানে বাধা দেন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে উত্তর জেলা ছাত্রদলের সদস্য মুহিবুল আলম (২১), যুবদলের কর্মী মাহফুজুল হক (১৯), শাহাদাত হোসেন (২৩), সাইদুর রহমান (১৯), মাহফুজ (২৬) ও তারেক হোসেন (২০) আহত হন।
নির্বাচনে দায়িত্ব পালনকারী জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ধুম ইউনিয়ন পরিষদ কেন্দ্রে দুষ্কৃতকারীরা ঝামেলা করার চেষ্টা করেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য তারেক ইসমত জামশেদী বলেন, জয়ী প্রার্থীরা দুজনই বিএনপি-সমর্থক। সাংসদের নিজের ইউনিয়নে কেন আওয়ামী লীগ-সমর্থকেরা পরাজিত হলেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের কেউ কাজ করেনি। অপর দিকে বিএনপির সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে।