বিএনপিকে জেতাল আ.লীগ!
একাধিক প্রার্থীর কারণে রাউজান পৌরসভায় মেয়র পদ হারিয়েছে আওয়ামী লীগ। এ ছাড়া হামলা ও আওয়ামী লীগের মারমুখী আচরণের কারণে ভোটারদের সহানুভূতি পেয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী। এটাই সাধারণ ভোটার ও রাউজানের সচেতন মানুষের ধারণা। বিজয়ী বিএনপি-সমর্থিত প্রার্থীর প্রাপ্ত ভোটের চেয়ে আওয়ামী লীগ-সমর্থিত তিন প্রার্থীর সম্মিলিত ভোটের পরিমাণ পাঁচ হাজার ৭৭৩টি বেশি।বিএনপির মেয়র পদপ্রার্থী কাজী আবদুল্লাহ আল হাসান নয় হাজার ৯৭৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবাশীষ পালিত পেয়েছেন আট হাজার ৬৯৭ ভোট। শফিকুল ইসলাম চৌধুরী চার হাজার ৪৫৪ এবং আনোয়ারুল ইসলাম দুই হাজার ৫৯৫ ভোট পান।সাধারণ ভোটারদের অভিমত, মেয়র পদে কোনো একক প্রার্থীর প্রতি আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সমর্থন ছিল না। এটাও ভরাডুবির অন্যতম কারণ। অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রদীপ শীল বলেন, একাধিক প্রার্থী এবং কেউ কাউকে ছাড় না দেওয়ার মানসিকতা মেয়র পদে পরাজয়ের কারণ। বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আনোয়ার পারভেজ বলেন, আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকে বিরক্ত হয়ে বিএনপির পক্ষে কাজ করতে দেখা গেছে। ব্যবসায়ী আবদুস সালাম বলেন, বিএনপিকে নানাভাবে বাধা দেওয়ায় নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়েছে।বিজয়ী মেয়র কাজী আবদুল্লাহ আল হাসান বলেন, ‘সারা দেশে সরকারের যে দমননীতি চলছে, রাউজানও তার বাইরে নয়। নির্বাচনের আগে আমার ওপরও হামলা হয়েছে। ভোটাররা ব্যালটের মাধ্যমে এর জবাব দিয়েছেন।’ নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী দেবাশীষ পালিত বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। বহুমুখী ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে হারানো হয়েছে।’ নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের প্রকাশ্যে অবস্থান না নেওয়া প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বলেন, ‘নির্বাচনে আচরণবিধির যাতে লঙ্ঘন না হয় সেজন্য আমরা খুবই সতর্ক ছিলাম। তাই নির্বাচনে কারও পক্ষ নিইনি। ’মেয়র পদে পরাজিত হলেও নয়টি ওয়ার্ডের মধ্যে সাতটিতেই কাউন্সিলর পদে আওয়ামী লীগের প্রার্থীরা জিতেছেন। তাঁরা হচ্ছেন—আলমগীর আলী, বশির উদ্দিন খান, নজরুল ইসলাম, শামীমুল ইসলাম চৌধুরী, সমীর দাশগুপ্ত, মো. আজাদ হোসেন ও জমির উদ্দিন পারভেজ। ৪ নম্বর ওয়ার্ডে বিএনপি-সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর আলম এবং ৮ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী এস এম আসাদউল্লাহ জিতেছেন। নির্বাচিত তিন মহিলা কাউন্সিলর হচ্ছেন—শাহনাজ বেগম, কামরুন্নাহার ও জান্নাতুল ফেরদৌস।