সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে বিএনপি-সমর্থিত একক প্রার্থী থাকলেও আওয়ামী লীগে রয়েছেন দুজন। বিএনপির সমর্থন নিয়ে বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সদস্যসচিব মো. শাহজাহান এবারও ভোটযুদ্ধে নেমেছেন। অন্যদিকে আওয়ামী লীগে রয়েছেন দুজন—নগর আওয়ামী লীগের সদস্য মো. জাফর আলম চৌধুরী ও নগর যুবলীগের সদস্য তৌফিক আহমেদ চৌধুরী। তাঁরা দুজনই দল-সমর্থিত প্রার্থী বলে দাবি করছেন।
এর মধ্যে জাফর মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ও তৌফিক নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোটার রয়েছে ২৯ হাজার ২৪১ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৭৯৯ ও নারী ১৩ হাজার ৪৪২ জন। ভোটকেন্দ্র রয়েছে ১২টি।
ফতেয়াবাদ কলেজ রোড এলাকার বাসিন্দা গাজী শওকত হোসেন বলেন, ‘নির্বাচন এলে প্রার্থীরা একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যান। পরে তাঁদের আর দেখা মেলে না। এবার আমরা সব দিকে বিবেচনা করে ভোট দেব।’
বর্তমান কাউন্সিলর মো. শাহজাহান জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এলাকায় ২০ কোটি টাকারও বেশি উন্নয়নকাজ করেছি। মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। সেবা করতে আবারও তাদের পাশে থাকতে চাই। সুযোগ পেলে মাতৃসদন হাসপাতাল, কলেজকে করপোরেশভুক্ত, হাইস্কুল প্রতিষ্ঠাসহ উন্নয়নমূলক কাজ করব।’
আগে তিনবার নির্বাচিত কাউন্সিলর মো. জাফর আলম চৌধুরী জানান, গৃহকর কমানো, দ্বৈত প্রশাসনের জটিলতা নিরসন, ভবন নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নকশা অনুমোদন নিতে কাজ করবেন। তিনি বলেন, ‘১৯৯৪ থেকে ২০১০ সাল পর্যন্ত কাউন্সিলর থাকাকালে এলাকার উন্নয়নে কাজ করেছি। যেখানে হাঁটা যেত না, সেখানে পিচঢালা রোড হয়েছে। আশা করছি ভোটাররা তা বিবেচনা করবেন।’
এলাকার উন্নয়নে কাজ করতে সুযোগ চান তৌফিক আহমেদ চৌধুরীও। এলাকায় গ্যাস, পানি, বিদ্যুৎসহ নাগরিক সুযোগ সুবিধা বাড়ানোর জন্য কাজ করবেন তিনি।
এদিকে তিন কাউিন্সলর প্রার্থীর মধ্যে তৌফিকের বিরুদ্ধে ২০১২ সালে নগরের কোতোয়ালী থানায় একটি অস্ত্র মামলা রয়েছে। দ্বিতীয় যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলাটির কার্যক্রম উচ্চআদালতের নির্দেশে স্থগিতাদেশ রয়েছে। অন্য কোনো মামলা নেই দাবি করেছেন তৌফিক। ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মো. শাহজাহানের বিরুদ্ধে নাশকতার দুটি মামলা রয়েছে হাটহাজারী থানায়। তবে জাফর আলম চৌধুরীর বিরুদ্ধে কোনো মামলা নেই।