বিএনপিতে একক, আওয়ামী লীগে একাধিক প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী নিয়ে আওয়ামী লীগের কর্মী–সমর্থকেরা এককাট্টা হলেও কাউন্সিলর প্রার্থী নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। প্রতিটি ওয়ার্ডে রয়েছে আওয়ামী লীগের একাধিক প্রার্থী। অন্যদিকে, বিএনপিতে রয়েছে একক প্রার্থী। তবে দলটি ৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী দেয়নি।
নির্বাচনে কাউন্সিলর পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, ১ নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী মকছুদুল হক। আওয়ামী লীগে রয়েছেন তিনজন—ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিন, ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরুস শফি এবং আওয়ামী লীগের সমর্থক ও বর্তমান কাউন্সিলর নুর হোসেন।
২ নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিলর নুরুল আমিন। আওয়ামী লীগের রয়েছেন চারজন—উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম, আওয়ামী লীগের সমর্থক আবুল কালাম ও ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম।
৩ নম্বর ওয়ার্ডে বিএনপির কোনো প্রার্থী নেই। তবে আওয়ামী লীগের আছেন তিনজন—বর্তমান কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বশিরুল আইয়ুব, আওয়ামী লীগের নেতা আক্কাস আহমদ ও যুবলীগের নেতা আশেকুর রহমান।
৪ নম্বর ওয়ার্ডে বিএনপির একক প্রার্থী ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর আলম। আওয়ামী লীগে দুজন—ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম ও পৌর শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম।
৫ নম্বর ওয়ার্ডে পৌর যুবদলের সদস্য বেলাল উদ্দিন বিএনপির একক প্রার্থী। এ ওয়ার্ডে আওয়ামী লীগে রয়েছেন তিনজন—পৌরসভা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম, সদ্য আওয়ামী লীগে যোগদান করা ফোরকানুল ইসলাম ও আওয়ামী লীগ–সমর্থক জাফর আলম।
৬ নম্বর ওয়ার্ডে বিএনপির একক প্রার্থী শিব্বির আহমদ। তিনি ওয়ার্ড বিএনপির সভাপতি। আওয়ামী লীগে আছেন তিনজন—ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, আওয়ামী লীগ নেতা জিয়াবুল হক ও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন।
৭ নম্বর ওয়ার্ডে বিএনপির একক প্রার্থী বর্তমান কাউন্সিলর এনামুল হক। আওয়ামী লীগের আছেন তিনজন—ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন ও পৌর মৎস্যজীবী লীগের সভাপতি নুরুল আমিন।
৮ নম্বর ওয়ার্ডে বিএনপির একক প্রার্থী বর্তমান কাউন্সিলর শহিদুল ইসলাম। আওয়ামী লীগের রয়েছেন তিনজন—উপজেলা যুবলীগের সহসভাপতি মুজিবুল হক, আ. লীগের নেতা আবুল হোছন ও যুবলীগের নেতা জয়নাল আবেদিন।
৯ নম্বর ওয়ার্ডে পৌরসভা বিএনপির অর্থ সম্পাদক সেলিম উদ্দিন বিএনপির একক প্রার্থী। আওয়ামী লীগে আছেন দুজন—ওয়ার্ড সভাপতি হুমায়ুন কবির ও ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এ ব্যাপারে চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুদ্দিন ফরায়েজি বলেন, ‘আমরা আটটি ওয়ার্ডে একক প্রার্থী দিতে পেরেছি। ভোট কারচুপি না হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’
পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীরা প্রত্যেকে যোগ্য। একাধিক প্রার্থী থাকলেও আওয়ামী লীগের বিশাল উন্নয়ন কর্মকাণ্ডের কারণে তাঁদের মাঠের অবস্থা ভালো। জরিপ করে দেখেছি, বেশির ভাগ ওয়ার্ডেই আওয়ামী লীগের নেতারা কাউন্সিলর পদে জিতে আসবেন। এ কারণে একাধিক প্রার্থী থাকলেও তাঁদের ওপর কোনো চাপ দেওয়া হয়নি।’