বিএনপিতে একক প্রার্থী, আ. লীগে কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী। কিন্তু মাঠে রয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চার প্রার্থী। তাঁরা মনোনায়নপত্র জমা দিয়ে নিজেদের মতো প্রচারণা চালাচ্ছেন। উপজেলা আওয়ামী লীগ এখনো একক প্রার্থী নির্ধারণ করতে পারেনি। এ নিয়ে বিভ্রান্ত তৃণমূলের নেতা-কর্মীরা। ৩১ মার্চ এই উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের কয়েকজন নেতা বলেন, টেকনাফ উপজেলার মতো একই অবস্থা বিরাজ করছে উখিয়ায়। টেকনাফে দলের নেতারা সাবেক সাংসদ ও উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলীকে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা দিলেও সাংসদ আবদুর রহমান বদি সদ্য বিএনপি থেকে আ.লীগে যোগদানকারী জাফর আহমদকে প্রার্থী ঘোষণা দেন। ফলে দলের দুই চেয়ারম্যান প্রার্থী নিয়ে দলের নেতা-কর্মীরা দ্বিধাভক্ত হয়ে পড়েছেন। যার সুবিধা নিচ্ছে অন্য দলের প্রার্থীরা।
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া চারজন হলেন উপজেলা আ.লীগের সহসভাপতি আবুল মনছুর চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা আনিসুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরীর স্ত্রী ও আ.লীগ নেত্রী আশরাফ জাহান এবং সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরীর ছেলে হুমায়ুন কবির চৌধুরী।
উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী বলেন, ‘দলের নেতা-কর্মীরা চেয়েছিলেন আমি যেন দলের চেয়ারম্যান প্রার্থী হই। কিন্তু দলের এক প্রভাবশালী নেতার বিরোধিতার কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এসব কোন্দলের কারণে উপজেলা আ.লীগ জর্জরিত।’
দলীয় সূত্র জানায়, আ.লীগের একক প্রার্থী নির্ধারণের জন্য গত ৯ মার্চ বিকেলে উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দ্বিতীয় দফায় তৃণমূলের সভা আহ্বান করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সহসভাপতি খাইরুল আমিন। বক্তব্য দেন জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে আহমদ হোছাইন, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, উখিয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী, সহসভাপতি আবুল মনছুর চৌধুরী, জমির উদ্দিন প্রমুখ। সভায় প্রধান অতিথি হিসেবে সাংসদ আবদুর রহমান বদি উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তিনি সভায় আসেননি। ফলে একক চেয়ারম্যান প্রার্থী নির্ধারণ সম্ভব হয়নি। এতে দলের নেতা-কর্মীরা হতাশ হন। জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ বলেন, সরকারি দল হিসেবে আ.লীগের অনেক নেতা প্রার্থী হতে চাইছেন। এ কারণে দলের একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তৃণমূলের নেতারা যোগ্য একজন নেতাকে দলের একক প্রার্থী ঘোষণা দেবেন। এরপর কেউ বিদ্রোহী প্রার্থী হলে দল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ‘এই উপজেলায় দলের একক চেয়ারম্যান প্রার্থী সরওয়ার জাহান চৌধুরী। আমরা দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছি। ভোটারদের বেশ সাড়াও পাচ্ছি। কিন্তু চকরিয়ার মতো ভোট কারচুপির নীল নকশার কথাও বাতাসে পাচ্ছি। তাহলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন দেখতে চাই।’ নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এই উপজেলায় ছয়জন চেয়ারম্যান, সাতজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ভোটার সংখ্যা এক লাখ ছয় হাজার ৫৪৫। ভোটকেন্দ্র ৩৭টি।