অভ্যন্তরীণ কোন্দলের কারণে আনোয়ারা উপজেলা বিএনপির অবস্থা এখন নড়বড়ে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে ভেতরে ভেতরে প্রস্তুতি চললেও প্রার্থী মনোনয়ন নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন নেতা-কর্মীরা।
উপজেলা বিএনপির দুই পক্ষের দুই নেতাই মনোনয়ন লাভের ব্যাপারে আশাবাদী।
এদিকে বিএনপির কোন্দলের সুযোগ নিয়ে আনোয়ারা থেকে আগামী নির্বাচনে ১৮-দলীয় জোটের পক্ষে এলডিপির (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) সভাপতি অলি আহমদ প্রার্থী হয়ে চমক লাগাতে পারেন বলে আভাস মিলেছে।
বিএনপি নেতা-কর্মীরা জানান, বিএনপির নেতা জামাল উদ্দিন অপহরণ ও হত্যার পরে দলের স্থানীয় নেতা-কর্মীদের একাংশ সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের বিরুদ্ধে অবস্থান নেন। তবে দলীয় প্রধানের নির্দেশে ২০০৮ সালের নির্বাচনে অনেকে তাঁর পক্ষে কাজ করেন। কিন্তু পরে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে কোন্দল আবারও চাঙা হয়ে ওঠে।
২০০৯ সালের ১৮ নভেম্বর পৃথক দুটি সম্মেলনের মধ্য দিয়ে বিভক্ত হয়ে পড়ে আনোয়ারা বিএনপি। সরওয়ার জামাল কালাবিবির দীঘির মোড়ে সম্মেলন করে তাঁর অনুসারী শাহজাহান চৌধুরীকে সভাপতি ও হুমায়ুন কবির চৌধুরীকে সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি ঘোষণা করেন। একই দিন জাফরুল ইসলাম চৌধুরীর অনুসারীরা মোহছেন আউলিয়া কলেজে পৃথক সম্মেলনের আয়োজন করেন। এতে মোশাররফ হোসেনকে সভাপতি ও মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক করে আরেকটি পাল্টা কমিটি ঘোষণা করা হয়। সেই থেকে চলছে দুই পক্ষের আলাদা পথচলা। গত চার বছরেও এ সংকট কাটিয়ে উঠতে পারেনি দলটি। পরবর্তী সময়ে ১১টি ইউনিয়নেও গঠিত হয়েছে পৃথক কমিটি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতা-কর্মীর অভিযোগ, গত সাড়ে চার বছরে সরওয়ার জামাল মাঠে-ময়দানে তেমন সক্রিয় ছিলেন না। কোন্দল নিরসনে তেমন উদ্যোগও দেখা যায়নি। সে তুলনায় তাঁর বিরোধী পক্ষের নেতা জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জালাল উদ্দিন ও তাঁর সমর্থকেরা ছিলেন সরব। গত ১৭ জানুয়ারির উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনায় চলে আসেন জালাল।
এ বিষয়ে নিজামের অনুসারী উপজেলা কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, বড় দল হিসেবে অনেকে অনেক কথা বলেন। নির্বাচন এলে সব ঠিক হয়ে যায়। এবারও দল নির্বাচনে গেলে সরওয়ার জামাল নিজামই মনোনয়ন পাবেন তা নিশ্চিত।
জানতে চাইলে সরওয়ার জামাল নিজাম বলেন, ‘আমি আনোয়ারাবাসীর দীর্ঘদিনের পরীক্ষিত প্রতিনিধি। জনগণ আমার সঙ্গেই আছে। তাই দল নির্বাচনে গেলে ইনশা আল্লাহ আমার মনোনয়নই নিশ্চিত।’
এ বিষয়ে জালাল উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমরা ২৫ অক্টোবরের দিকে তাকিয়ে আছি। দলের সাংগঠনিক কাজও থেমে নেই। দল নির্বাচনে গেলে আমিই মনোনয়ন পাব।’ সাবেক সাংসদ নিজামকে ইঙ্গিত করে তিনি বলেন, এলাকায় না থেকে, দলের কাজ না করে মনোনয়ন পেলে তো কেউ মাঠের রাজনীতি করতেন না।
এদিকে ১৮-দলীয় জোটের প্রার্থী হয়ে আনোয়ারা আসনে অলি আহমদ চমক সৃষ্টি করতে পারেন বলে আভাস দিয়েছেন বিএনপি ও এলডিপির নেতারা। উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘আমরা শুনেছি, আনোয়ারা বিএনপিতে কোন্দলের সুযোগ নিয়ে ১৮-দলীয় জোটের প্রার্থী হিসেবে কর্নেল (অব.) এগিয়ে আসতে পারেন। সে ক্ষেত্রে আমরা দলের নির্দেশ অনুযায়ী কাজ করব।’
জানতে চাইলে আনোয়ারা এলডিপির সভাপতি অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী বলেন, এবার ১৮-দলীয় জোটের প্রার্থী হিসেবে সাতকানিয়া আসনে অলি আহমদের নির্বাচন না করার আশঙ্কা আছে। সে ক্ষেত্রে তিনি আনোয়ারা থেকে মনোনয়ন চাইতে পারেন। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাবে না।