বিএনপিতে পাল্টাপাল্টি বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা বিএনপিতে পাল্টাপাল্টি বহিষ্কারের ঘটনায় তোলপাড় চলছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নেতা-কর্মীদের ওপর হামলার দায়ে গত বুধবার রাতে জরুরি বর্ধিত সভায় বহিষ্কারের প্রস্তাব করা হয় জেলা বিএনপির দুই নেতাকে। তাঁরা হলেন জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও পৌরসভার মেয়র জাবেদ রেজা এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ। পরদিন বৃহস্পতিবার রাতে জেলা সভাপতিকে বহিষ্কারের ঘোষণা দেন বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মজিবুর রশিদ বলেন, বিএনপির জেলা ও উপজেলা সব শাখার নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বর্ধিত সভায় পৌর মেয়র জাবেদ রেজা ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদকে বহিষ্কারের প্রস্তাব গৃহীত হয়। এখন তা কেন্দ্রে পাঠানো হবে। তাঁরা পৌরসভা অফিসে কিছু উচ্ছৃঙ্খল লোকজন নিয়ে ডাকা সভার কোনো বৈধতা নেই।’
বর্ধিত সভায় অংশ নেওয়া নেতারা জানান, জেলা শহরের মধ্যমপাড়ায় আয়োজিত সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা প্রায় সবাই উপস্থিত ছিলেন। তবে সহিংস পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় জাবেদ রেজা ও আব্দুল মাবুদকে সভায় ডাকা হয়নি।
দলীয় সূত্র জানায়, এক বছর ধরে বান্দরবান বিএনপিতে কর্তৃত্ব নিয়ে পৌরসভা চেয়ারম্যান ও সাংগঠনিক সম্পাদকের সঙ্গে সভাপতি ও সম্পাদকের দ্বন্দ্ব চলে আসছিল। এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ হয়। সর্বশেষ গত ৩০ মে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর সভায়ও সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে। এতে আহত হন তিনজন। দুই পক্ষই একে অপরকে আওয়ামী লীগের ‘এেজন্ট’ অভিহিত করে বক্তব্য পাল্টা বক্তব্য দিচ্ছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ-মিছিলে জাবেদ রেজা ও আব্দুল মাবুদের উচ্ছৃঙ্খল লোকজন প্রতিনিয়ত হামলা করেছেন। তাঁরা বর্ধিত সভায়ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন—এ আশঙ্কায় ডাকা হয়নি। এমনিতে জরুরি বর্ধিত সভাও তাঁদের দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সহিংসতা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ডাকা হয়েছিল। সভায় উপস্থিত অধিকাংশ নেতা ওই দুজনকে বিএনপি ধ্বংসকারী আওয়ামী লীগের নিয়োজিত এজেন্ট অভিহিত করে তাঁদের বহিষ্কারের কথা বলেন। আওয়ামী লীগের কতিপয় প্রভাবশালী নেতার নির্দেশনায় তাঁরা এখন বিএনপি প্রতিটি কর্মসূচিতে হামলা এবং হামলা শেষে নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করছেন।
এ ব্যাপারে জাবেদ রেজা বলেন, আওয়ামী লীগের কথায় তাঁরা চলেন না। যাঁরা বর্ধিত সভার নামে চা চক্র ডেকেছেন, তাঁরাই আওয়ামী লীগের ব্যবস্থাপত্রে বহিষ্কার নাটক করছেন। পৌরসভা নির্বাচন কাছাকাছি চলে আসায় তাঁরা এ কাজে উৎসাহী হয়ে উঠেছেন বলে তিনি মন্তব্য করেন।
আব্দুল মাবুদ বলেন, জেলা বিএনপির না থাকলেও সহযোগী সংগঠনের অধিকাংশ নেতা–কর্মী তাঁদের ডাকা সভায় উপস্থিত ছিলেন। সভায় তাঁরা জেলা বিএনপির সভাপতির পদ থেকে সাচিংপ্রু জেরীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।
জানতে চাইলে সাচিংপ্রু জেরী বলেন, জাবেদ ও মাবুদকে দলের বিরুদ্ধে চক্রান্ত করে বিপথগামী না হওয়ার জন্য বিভিন্নভাবে বোঝানো হয়েছে। কিন্তু তাঁরা শোনেননি। সবাই তাঁদের বহিষ্কারের পক্ষে মত দিয়েছেন। এতে এককভাবে কারও কিছু করার নেই।