বিএনপির কর্মীদের মধ্যে উদ্দীপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদলীয় জোট আহূত ঢাকার মহাসমাবেশে প্রায় এক লাখ নেতা-কর্মীকে চট্টগ্রাম থেকে ঢাকায় পাঠানো হচ্ছে। নগরের প্রতিটি থানা এবং ওয়ার্ডের নেতারা লোক পাঠানোর দায়িত্ব পালন করছেন। গতকাল বুধবার থেকে দলীয় নেতা-কর্মীরা ঢাকায় যাওয়া শুরু করেছেন বলে শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন। দলীয় সূত্র জানায়, ট্রেন, বাস, মাইক্রোবাস ও বক্তিগত গাড়িতে চড়ে নেতা-কর্মীরা ঢাকায় যাওয়া শুরু করেছেন। আগামী রোববার রাত পর্যন্ত নেতা-কর্মীরা যেতে থাকবেন। চট্টগ্রামের নেতা-কর্মীদের ঢাকার একটি জায়গায় জড়ো হতে বলা হয়েছে। তবে কৌশলগত কারণে জায়গার নাম এখনো প্রকাশ করেননি চট্টগ্রামের নেতারা। পুলিশ ও গোয়েন্দাদের বাধা এড়ানোর জন্য এই কৌশল অবলম্বন করছেন নেতারা। এদিকে নেতা-কর্মীদের আরও উজ্জীবিত করতে এবং ঢাকায় যাওয়ার ব্যাপারে উৎসাহ দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার আজ বৃহস্পতিবার চট্টগ্রামে আসছেন। তিনি দুই দিন চট্টগ্রামের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। আজ বিকেলে রাহাত্তরপুল এলাকায় বিএনপির এক পথসভায় বক্তৃতা করার কথা রয়েছে এম কে আনোয়ারের। পরে তাঁর নেতৃত্বে একটি গণমিছিল কর্ণফুলী তৃতীয় সেতু পর্যন্ত যাওয়ার কর্মসূচি রয়েছে।দলীয় সূত্র জানায়, কাল শুক্রবার নগরের ১১টি থানা এলাকায় বিএনপির পথসভা হবে। কয়েকটি পথসভায় এম কে আনোয়ারের বক্তৃতা করার কথা রয়েছে। ওই দিন রাতে তিনি চট্টগ্রাম থেকে চলে যাবেন। ঢাকার কর্মসূচিতে যোগ দেওয়ার ব্যাপারে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম থেকে আমাদের প্রায় এক লাখ নেতা-কর্মী যাবেন বলে আমার ধারণা। এত বিপুলসংখ্যক মানুষ ঢাকায় যেতে ইচ্ছুক, যে কারণে আমাদের পক্ষে সবার দায়িত্ব নেওয়া সম্ভব হচ্ছে না। তাই নগরের ১১টি থানা ও ৪১টি ওয়ার্ডের নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব বণ্টন করে দেওয়ার কারণে অনেকে নিজ নিজ উদ্যোগে ঢাকায় চলে যাওয়া শুরু করেছেন।’আমীর খসরু আরও বলেন, ‘ট্রেন, বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে চড়ে নেতা-কর্মীরা ঢাকায় যাচ্ছেন। এক বা দুই দিনে এত বিপুলসংখ্যক মানুষের ঢাকায় পৌঁছানো সম্ভব নয় বলে কর্মসূচির চার-পাঁচ দিন আগে কর্মী-সমর্থকদের পাঠানো হচ্ছে।’ রেলওয়ে সূত্র জানায়, এই সপ্তাহে যাত্রীদের চাপ প্রচণ্ড বেড়ে গেছে। তবে যাত্রার তিন দিন আগে ট্রেনের টিকিট ছাড়া হচ্ছে। যিনি আগে আসছেন তিনি কাউন্টারে টিকিট পাচ্ছেন। আর স্ট্যান্ডিং (দাঁড়িয়ে যাওয়া) টিকিট যাত্রার এক-দেড় ঘণ্টা আগে ছাড়া হচ্ছে। নির্দিষ্ট কাউন্টারে ওই টিকিট পাওয়া যাচ্ছে। রেলের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘চারদলীয় জোটের ঢাকার কর্মসূচিতে যোগ দিতে স্টেশনে নেতা-কর্মীদের ভিড় বাড়ছে। তবে আসন খালি থাকা সাপেক্ষে টিকিট ছাড়া হচ্ছে। আর এমনিতে রেলের ওপর যাত্রীদের চাপ বেশি থাকে। কোনো বিশেষ রাজনৈতিক দল বা গোষ্ঠীর জন্য আলাদা কোনো ব্যবস্থা আমরা করছি না।’ এদিকে দলীয় নেতা-কর্মীদের ঢাকায় যাওয়ার ব্যাপারে চট্টগ্রামের বিএনপির বিপুল অঙ্কের টাকা খরচ হচ্ছে। যাতায়াত ও থাকা-খাওয়ার জন্য একজন লোকের ন্যূনতম খরচ হচ্ছে আড়াই হাজার টাকা। দলের ধনাঢ্য ব্যক্তিরা অর্থের জোগান দিচ্ছেন বলে জানা গেছে।বাজেট সম্পর্কে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আসলে আমরা ওইভাবে খরচের টাকা জোগান দিচ্ছি না। দলের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে পকেটের টাকা খরচ করে ঢাকায় যাচ্ছেন।’শাহাদাৎ হোসেন আরও বলেন, ‘ঢাকার কর্মসূচি সফল করতে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা কাজ করছে। আসলে দেশের মানুষ কষ্টে আছে। তাই সরকার পরিবর্তনের যে আওয়াজ উঠেছে তাতে সবাই শামিল হতে চাইছেন। চেয়ারপারসন মহাসমাবেশ থেকে কী নির্দেশনা দেবেন তা শোনার অপেক্ষায় আছেন সবাই। এ কারণে লোকজন ঢাকায় যাচ্ছেন। আমাদের সেই অর্থে তেমন কোনো বড় ধরনের বাজেট নেই, যা দিয়ে এক লাখ লোককে ঢাকায় পাঠানো হবে।’ পাঁচলাইশ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আসিফ চৌধুরী বলেন, ‘চলো চলো ঢাকা চলো, চট্টগ্রাম খালি করো রব উঠেছে। আমাদের নেতা-কর্মী ছাড়াও সাধারণ লোকজন স্বতঃস্ফূর্তভাবে ঢাকার কর্মসূচিতে অংশ নিচ্ছে। ইতিমধ্যে প্রতিটি থানা ও ওয়ার্ড থেকে হাজার হাজার নেতা-কর্মী ঢাকায় পৌঁছে গেছে। আরও অনেকে যচ্ছেন। ১২ মার্চ চট্টগ্রাম সত্যিকারভাবে খালি হয়ে যাবে। ’ছাত্রদলের এক কর্মী নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘নেতারা এক লাখ লোক যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছেন। কিন্তু পুলিশ যেভাবে বাধা দিচ্ছে তাতে ঢাকায় যাওয়া কিংবা বাড়ি-ঘরে অবস্থান নেওয়া কঠিন হয়ে পড়েছে। ৪০ থেকে ৫০ হাজারের বেশি লোক ঢাকায় যেতে পারবেন কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। ’ বিএনপির একটি সূত্র জানায়, গতকাল স্টেশনে টিকিট কাটার সময় পুলিশ বিএনপির দুই কর্মীকে গ্রেপ্তার করেছে।