বিএনপির কোন্দলে আ.লীগের লাভ
মিরসরাই ও বারইয়ারহাটে জয় পেয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীরা। তাঁদের জয়ের পেছনে স্থানীয় সাংসদ ও নেতাদের প্রচারণা এবং বিএনপির কোন্দল বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতা-কর্মীরা। বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, প্রশাসনের সহযোগিতা আওয়ামী লীগের জয়ের পথ সুগম করেছে।মিরসরাইয়ে মেয়র নির্বাচিত হয়েছেন মো. শাহজাহান। তিনি পেয়েছেন দুই হাজার ৬০৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফকির আহম্মদ পেয়েছেন এক হাজার ৬১৬ ভোট। এদিকে বারইয়ারহাটে বিজয়ী হয়েছেন মো. তাহের। তিনি পেয়েছেন দুই হাজার ৫৫২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির মঈন উদ্দীন ওরফে লিটন পেয়েছেন এক হাজার ৫৭৫ ভোট।সংশ্লিষ্ট লোকজনের মতে, বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থীর উপস্থিতি আওয়ামী লীগকে সুবিধা দিয়েছে। পাশাপাশি জামায়াত থেকে একজন প্রার্থী হওয়ায় ভোট কমেছে বিএনপির। এ ছাড়া আওয়ামী লীগের স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন ও উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন দুই পৌর এলাকায় দলের জয়ে প্রভাব রেখেছেন।বারইয়ারহাট পৌর এলাকায় সরকারি দলের সমর্থকদের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে জাল ভোট দেওয়ার অভিযোগ এনেছেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমিন। তিনি বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তাসহ ভোটকেন্দ্রের দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব ছিল। অভিযুক্তদের বিরুদ্ধে তাঁরা কোনো ব্যবস্থা নেয়নি।’ তবে দলের একক প্রার্থী না থাকাটাও পরাজয়ের অন্যতম কারণ বলে তিনি মনে করেন। তিনি উপজেলা চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ ভোটারদের প্রভাবিত করেছেন বলে অভিযোগ করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা জানান, দলগত ঐক্য ও বিএনপিতে বিভেদ আওয়ামী লীগের জয় নিশ্চিত করেছে। তাঁর মতে, মিরসরাইয়ের দুটি পৌরসভারই প্রতিষ্ঠাতা সাংসদ মোশাররফ হোসেনের ডাকেও সাড়া দিয়েছেন ভোটাররা।