চট্টগ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের তুলনায় দ্বিগুণেরও বেশি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ-সমর্থক চেয়ারম্যান পদপ্রার্থীরা। চট্টগ্রাম জেলায় বিএনপি-জামায়াতের শক্ত অবস্থান রয়েছে বলে মনে করা হয়। এ কারণে তৃণমূল পর্যায়ের এই স্থানীয় সরকার শাসনব্যবস্থায় আওয়ামী লীগ-সমর্থক চেয়ারম্যানদের বিজয়ের এ ঘটনাকে সরকারের প্রতি জনগণের সমর্থন অক্ষুণ্ন থাকার নজির বলে মনে করছেন দলের নেতারা।এ প্রসঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাচনের এই ফল প্রমাণ করে গ্রামগঞ্জের মানুষের কাছে আওয়ামী লীগ এখনো জনপ্রিয় দল। এর সরকার টেস্ট রিলিফ (টিআর), ডিআর, কাজের বিনিময়ে খাদ্যসহ (কাবিখা) বিভিন্ন উন্নয়ন কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের আয়-রোজগার বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, এতে মানুষ খুশি। এদিকে বিএনপির নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ-সমর্থক প্রার্থীদের জিতিয়ে আনতে প্রশাসন নানাভাবে সহায়তা দিয়েছে। এ কারণে ইউনিয়ন পরিষদে (ইউপি) তাঁরা বেশি জিতেছেন। বিএনপি দক্ষিণ জেলার সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী মনে করেন, প্রশাসন নিরপেক্ষ থাকলে বিএনপি-সমর্থক আরও বেশি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী জিতে আসতেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো কেন্দ্রে পুলিশ সাধারণ ভোটরদের বেধড়ক পিটুনি দিয়েছে। এতে বিএনপি-সমর্থক প্রার্থীর সমর্থক ভোটার ভোটকেন্দ্রে ঘেঁষতে সাহস পাননি। তবে নির্বাচন অন্যান্যবারের তুলনায় সুষ্ঠু হয়েছে বলে তিনি মন্তব্য করেন। সাধারণ মানুষ মনে করেন, যে সরকার ক্ষমতায় থাকবে তাদের লোক চেয়ারম্যান নির্বাচিত হলে উন্নয়ন বেশি হবে। এ কারণে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীকে বেশির ভাগ ভোটার এবার ভোট দিয়েছেন। তবে এলাকায় জনপ্রিয় বলে অনেক বিএনপি প্রার্থীও বিজয়ী হন। অবশ্য এবারের ইউপি নির্বাচন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে সাধারণ ভোটাররা মনে করেন। পুলিশ সদর দপ্তরে পাঠানো চট্টগ্রাম জেলা পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ জুন থেকে ৫ জুলাই—এই এক মাসে চট্টগ্রাম জেলায় ১৭৪টি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জিতেছেন ৯৪টিতে। বিএনপি-সমর্থক চেয়ারম্যান ৪৭টিতে বিজয়ী হন। এ ছাড়া জামায়াত ১০টি, এলডিপি নয়টি এবং স্বতন্ত্র চেয়ারম্যান নির্বাচিত হন ১১টিতে। ফটিকছড়ির ভূজপুরে নির্বাচিত হয়েছেন জাসদ-সমর্থিত প্রার্থী। নির্বাচন কমিশন সূত্র জানায়, চট্টগ্রামের ১৫ উপজেলায় ১৭৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠানের কথা। এর মধ্যে মিরসরাইতে এক কেন্দ্রের এক মুন্ডা ব্যালট পেপার চুরি হওয়ার কারণে হাইতকান্দি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি। বাকি দুইটি ইউনিয়নে আইনি জটিলতার কারণে নির্বাচন বন্ধ রয়েছে। এর একটি হাটহাজারী এবং অন্যটি রাঙ্গুনিয়া। গন্ডগোলেও এগিয়ে: চট্টগ্রাম জেলায় সবকটি ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। তবে ভোট গ্রহণ-পরবর্তী ছোটখাটো সহিংসতা হয়েছে সীতাকুণ্ডের কুমিরা এবং বাঁশখালীর পুকুরিয়া ও খানখানাবাদ ইউনিয়নে। এর মধ্যে দুইজন চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের, একজন বিএনপির। তিন ঘটনায় তিনটি আলাদা মামলা হয়েছে।পুলিশ সূত্র জানায়, ম্যাজিস্ট্রেটের ওপর হামলা এবং পুলিশের সরকারি কাজে বাধাদানের অভিযোগে বিজয়ের রাতেই গ্রেপ্তার হন পুকুরিয়ার আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আকতার হোসাইন। একটি কেন্দ্রে ভোট গণনা শেষ হলে পরাজয়ের আশঙ্কা থেকে তাঁর সমর্থকেরা ম্যাজিস্ট্রেটের ওপর হামলা করেন এবং নির্বাচনী কর্মকর্তাদের ঘেরাও করে রাখেন। কুমিরার পরাজিত প্রার্থী মোরশেদুল ইসলাম চৌধুরীর সমর্থকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ এবং পুলিশের ওপর হামলার চেষ্টা করেছিলেন।এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার মো. জেড এ মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘জনগণ যাঁকে ভোট দিয়েছেন, তিনিই নির্বাচিত হন। আওয়ামী লীগ ও বিএনপি যাঁরাই নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন দল নিরপেক্ষভাবে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছি।’