চট্টগ্রামে পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিপর্যয় হয়েছে। নয়টি পৌরসভার মধ্যে তারা মাত্র জয়লাভ করেছে দুটিতে। অথচ গত নির্বাচনে তারা ছয়টি পৌরসভায় জয়লাভ করেছিল। অন্যদিকে গতবার মাত্র দুটি পৌরসভা নিজেদের দখলে থাকলেও এবার আওয়ামী লীগ ছয়টিতে জয়ী হয়েছে। ভোটাররা এ ফলাফলকে বিএনপির ঘাঁটিতে আওয়ামী লীগের হানা বলে মন্তব্য করেছেন। আগের দুটির মধ্যে রাউজান পৌরসভা বিএনপির কাছে হারিয়েছে ক্ষমতাসীনরা।আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও এলডিপি তাদের দুর্গ খ্যাত চন্দনাইশে নিজেদের আধিপত্য ধরে রেখেছে। সেখানে গতবারের মেয়র মোহাম্মদ আইয়ুব জয়লাভ করেছেন। এই আসনসহ ধরলে চট্টগ্রামে মহাজোটের দখলে গেছে সাতটি পৌরসভা।আওয়ামী লীগ এই বিজয়কে কাজকর্মের মূল্যায়ন হিসেবে দেখছে। এ ছাড়া শেষ মুহূর্তে কয়েকটি পৌরসভায় দলীয় বিদ্রোহ নিরসনের কারণে তাঁদের বিজয় নিশ্চিত করা গেছে বলে মনে করছেন আওয়ামী লীগের নেতারা। অন্যদিকে বিএনপি এই বিপর্যয়কে স্থানীয়ভাবে নিজেদের অনৈক্যের পাশাপাশি সরকারি দলের অবৈধ হস্তক্ষেপ ও প্রভাবের কারণ বলে মন্তব্য করেছে।নির্বাচনী ফলাফলে দেখা যায়, গতবার চট্টগ্রাম দক্ষিণ জেলায় তিনটি পৌরসভা—সাতকানিয়া, পটিয়া ও বাঁশখালীতে বিএনপির প্রার্থীরা মেয়র নির্বাচিত হন। কিন্তু সদ্য শেষ হওয়া নির্বাচনে সাতকানিয়া ছাড়া আর কোনোটি তারা ধরে রাখতে পারেনি। বাঁশখালীতে আওয়ামী লীগের শেখ ফখরুদ্দিন চৌধুরী ও পটিয়ায় একই দলের হারুনুর রশিদ জয়লাভ করেন।এ প্রসঙ্গে দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘স্থানীয়ভাবে কিছু কিছু পৌরসভায় আমাদের মধ্যে অনৈক্য ছিল। পাশাপাশি সরকারি দলের অবৈধ হস্তক্ষেপও চট্টগ্রামে আমাদের বিপর্যয় হয়েছে বলে আমি মনে করি। কিছু জায়গায় আমাদের জেতা উচিত ছিল, কিন্তু নিজেরা সবাই নির্বাচন করার ইচ্ছার কারণে অনেকে দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামেননি।’দক্ষিণ জেলার মতো চট্টগ্রাম উত্তর জেলায় নিজেদের দখলে থাকা তিনটি পৌরসভায় পরাজিত হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থীরা। তবে এ তিনটিতে পরাজিত হলেও নতুন করে রাউজান পৌরসভায় জয়লাভ করেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী। তিনি হলেন কাজী আবদুল্লাহ আল হাছান।উত্তর জেলায় আওয়ামী লীগ সবচেয়ে ভালো ফল করেছে। এখানে পাঁচটির মধ্যে চারটিতে এবং দক্ষিণ জেলায় চারটির মধ্যে দুটিতে জয়লাভ করেছে আওয়ামী লীগ। দলের এই বিজয় সম্পর্কে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বলেন, ‘মানুষ আমাদের কাজের মূল্যায়ন করেছে। তাই এবার আমাদের ছয়টি আসন উপহার দিয়েছে। চন্দনাইশে এলডিপিসহ ধরলে আমাদের আসন সাতটি।’ তিনি আরও বলেন, ‘বাঁশখালী ও পটিয়াতে শেষ মুহূর্তে বিদ্রোহ নিরসনের জন্য আমি গিয়েছিলাম। এতে কাজ হয়েছে। আর রাউজান আসনটি নিজেদের প্রার্থীদের মধ্যে উন্মুক্ত করে দেওয়ার কারণে আওয়ামী লীগ হেরে গেছে।’প্রসঙ্গত, রাউজানে আওয়ামী লীগের তিনজন প্রার্থী ছিল। পক্ষান্তরে বিএনপির প্রার্থী ছিল একজন। জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশে আখাতারুজ্জামান চৌধুরী বাঁশখালী, পটিয়াসহ বিভিন্ন স্থানে দলের বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে মূল প্রার্থীদের বিরোধ নিরসনের জন্য গিয়েছিলেন। সেই সঙ্গে বিভিন্ন পৌরসভায় নিজেদের প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নেন। দক্ষিণ জেলায় দুটি পৌরসভায় জয়লাভের পাশাপাশি সাতকানিয়ায় জামায়াতকে ভোটের ব্যবধানে হারিয়েছে আওয়ামী লীগ। এখানে গতবারের মেয়র বিএনপি প্রার্থী মোহাম্মদুর রহমান জয়লাভ করেন। কিন্তু জামায়াতের ঘাঁটি খ্যাত এ পৌরসভায় আওয়ামী লীগের মোহাম্মদ জোবায়ের দ্বিতীয় হওয়াকেও আশানুরূপ ফল বলে আখ্যায়িত করছেন স্থানীয় লোকজন।