বিএনপির ঘাঁটিতে বিএনপিই জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মাটিরাঙ্গা পৌরসভায় মেয়র নির্বাচিত হলেন বিএনপির জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী। তিনি পেয়েছেন তিন হাজার ২৬৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপিরই বিদ্রোহী প্রার্থী বাদশা মিয়া। তিনি পেয়েছেন দুই হাজার ২০২ ভোট। নির্বাচিত হওয়ার পর আবু ইউসুফ চৌধুরী বলেন, ‘দলের প্রতি আস্থা ও নেতা-কর্মীদের যৌথ প্রচেষ্টায় এ সাফল্য এসেছে। তিনি বলেন, নির্বাচনের সব মেয়র পদপ্রার্থীদের মতামত নিয়ে পৌরসভার উন্নয়নে কাজ করব।’ বিদ্রোহী প্রার্থী বাদশা মিয়া বলেন, ‘অন্যায়ভাবে আমাকে নির্বাচনের আগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় ক্ষমতা ব্যবহার করে বিএনপি ও সহযোগী সংগঠনের সব নেতা-কর্মীদের বহিষ্কারের হুমকি দিয়ে আমার পক্ষ থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া টাকা ছড়িয়ে ভোটারদের প্রভাবিত করা হয়েছে।’অন্যদিকে মাটিরাঙ্গা পৌর নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হারুন অর রশিদ ফরাজী পেয়েছেন এক হাজার ৩৬৭ ভোট। এখানে আওয়ামী লীগের আরও তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মাটিরাঙ্গা পৌর এলাকায় ভোটার ১৩ হাজার ৭৩২ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১১ হাজার ৮১ জন। রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, নয় কেন্দ্রে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সব কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।