প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির অভিযোগে করা একটি মামলায় কক্সবাজারে বিএনপির চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ওই মামলায় আত্মসমর্পণের জন্য গত রোববার বিএনপি নেতারা কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। জেলা ও দায়রা জজ মীর শফিকুল ইসলাম জামিন আবেদন না মঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চার নেতা হলেন জেলা বিএনপির সহসভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী, কুতুবদিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম কুতুবী এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ২৩ অক্টোবর স্থানীয় আলী আকবর ডেইল হাইস্কুল মাঠে আয়োজিত একসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ তুলে এ টি এম নুরুল বশরসহ চারজনের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় মামলা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কুতুবদিয়া উপজেলা শাখার সভাপতি ও জেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম চৌধুরী। গত ২০ জুন পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৭ জুলাই অভিযুক্ত আসামিরা কুতুবদিয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে স্থায়ী জামিনের আবেদন জমা দিয়ে আর উপস্থিত হননি। এরপর আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
চার নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে ২ আগস্ট বিকেলে জেলা যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছেন। পরে জেলা বিএনপি কার্যালয় চত্বরে জেলা যুবদলের সভাপতি ছৈয়দ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য মোকতার আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমির আলী, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক প্রমুখ।
একই দাবিতে ৩ আগস্ট বিকেলে জেলা বিএনপির উদ্যোগে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। আজ ৪ আগস্ট জেলা প্রশাসক বরাবর বিএনপির স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ‘জেলা বিএনপির সহসভাপতি এ টি এম নুরুল বশর চৌধুরীসহ অপর তিন নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেননি। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলাটি করে হয়রানি করা হয়েছে। আমরা চার নেতার মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’