বিএনপির দুই পক্ষকে এক মঞ্চে আনতে চান মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় কোন্দল মিটিয়ে নগর বিএনপির নেতা-কর্মীদের একমঞ্চে আনার প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মঞ্জুর আলম। বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমান ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর অনুসারীদের এক মঞ্চে আনাই তাঁর উদ্দেশ্য। পাশাপাশি নোমানকে মাঠে নামানোর জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন।জানা গেছে, উত্তরবঙ্গের সাংগঠনিক সফর শেষ করে নোমান আজ-কালের মধ্যে চট্টগ্রামে আসতে পারেন। তাঁকে নিয়ে মঞ্জুর প্রচারণা চালাতে আগ্রহী। নোমান তাঁর পক্ষে কাজ করার আশ্বাস দিয়েছেন।জানা গেছে, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে মঞ্জুর ভিআইপি টাওয়ারে নোমানের বাসায় যান। সেখানে তিনি রাত দুটা পর্যন্ত অবস্থান করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।সূত্র জানায়, বৈঠকে নোমান অনুসারী দলীয় নেতা-কর্মীরা নির্বাচনে সব পক্ষকে সরাসরি সম্পৃক্ত রেখে সমম্বয় করে কাজ করতে মঞ্জুরকে প্রস্তাব দেন। মঞ্জুর সেই প্রস্তাবে রাজি হয়েছেন। তবে সমম্বয় করে কাজ করতে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে নোমানের অনুসারীরা মনে করছেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগের জন্য উদ্যোগ নিতে নোমানের অনুসারীরা মঞ্জুরকে অনুরোধ জানান। আবদুল্লাহ আল নোমান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমি উত্তরবঙ্গের সাংগঠনিক সফর শেষ করে চট্টগ্রামে চলে আসব। এরপর কী করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে দল মঞ্জুরকে সমর্থন দিয়েছে। দলের সিদ্ধান্ত মেনে তাঁর পক্ষে সবাইকে কাজ করতে হবে।’দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম নগর বিএনপির রাজনীতিতে কোন্দলের কারণে সব পক্ষকে এক মঞ্চে আনা যাচ্ছে না। যদিও বেশির ভাগ নেতা দলীয় সিদ্ধান্ত মেনে দলের সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে আশ্বাস দিয়েছেন। মঞ্জুর বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী। তিনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই বছর চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রসঙ্গত, গত বছরের ১৬ নভেম্বর আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের কারণে চট্টগ্রাম নগর বিএনপির সম্মেলন পণ্ড হয়। এরপর নগরের বিএনপির নেতা-কর্মীরা কার্যত দুই ভাগ হয়ে পড়েন। সম্মেলনের আগে-পরে নগরের ১১ থানা ও ৩৩ ওয়ার্ডেও গঠিত হয় পাল্টাপাল্টি কমিটি। একটি অংশের কমিটিতে নোমান ও অন্যটিতে খসরু নেতৃত্ব দিয়ে আসছেন বলে জানা গেছে। দুপক্ষের নেতাদের সমম্বয় করে কাজ করার প্রস্তাব দেন নোমানের অনুসারীরা।মনোনয়নপত্র দাখিলের সময় মঞ্জুরের সঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তাঁর অনুসারী এবং দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন ছাড়া অন্য কাউকে দেখা যায়নি। গত শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, উত্তর জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীসহ আরও কয়েকজন নেতা মঞ্জুরকে সমর্থন দিতে উপস্থিত হন। তবে নোমান সমর্থিত কোনো নেতাকে দেখা যায়নি। দলীয় সূত্র আরও জানায়, নোমান সমর্থিত নেতারা মঞ্জুরকে প্রশ্ন করে বলেন, নগরের ১১ থানা ও ৩৩ ওয়ার্ডে বিএনপির পাল্টাপাল্টি কমিটি আছে। দুপক্ষের নেতা-কর্মীদের সমন্বয় করে কাজ করতে পারলে আগামী নির্বাচনে একটি ইতিবাচক ফল পাওয়া যাবে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরীকে মোকাবিলা করতে হলে সম্মিলিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই। নোমানের অনুসারী নেতাদের প্রস্তাবের জবাবে মঞ্জুর বৈঠকে বলেন, ‘নোমান ভাইকে নিয়ে আমি প্রচারণা চালাব। আর সব পক্ষ একসঙ্গে কাজ করতে পারলে এবার সিটি নির্বাচনে পরিবর্তন আনা সম্ভব। এ ব্যাপারে আমি কাজ চালিয়ে যাব।’ নগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ সবুর এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘নগরে বিএনপির ১১ থানা ও ৩৩ ওয়ার্ডের পাল্টাপাল্টি কমিটির নেতাদের কীভাবে সমম্বয় করে কাজে লাগানো যায়, সে ব্যাপারে দলীয় শীর্ষনেতাদের সঙ্গে আলাপ করে তাঁকে সিদ্ধান্ত নিতে বলেছি। নইলে দলের ভেতর বিভক্তি আরও বাড়বে।’এমএ সবুর আরও বলেন, ‘বিএনপির পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে পাল্টাপাল্টি কমিটি গঠন করা হয়েছে। আর এসব কমিটিতে অন্তর্ভুক্ত নেতাদের আন্দোলন-সংগ্রামের কোনো অভিজ্ঞতা নেই। আমরা মঞ্জুর সাহেবকে স্পষ্ট বলে দিয়েছি, ত্যাগী নেতাদের বাদ দিয়ে প্রচারণা চালালে ইতিবাচক ফল পাওয়া সম্ভব নয়।’