বিএনপির দুর্গ দখলের লড়াই আওয়ামী লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার নির্বাচনে এবার মেয়র পদে লড়াই হবে আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী শামছুল হক ও বিএনপি–সমর্থিত প্রার্থী বাদশা মিয়ার মধ্যে। দুই দলের মেয়র পদে এবার কোনো বিদ্রোহী প্রার্থী নেই। গত পৌর নির্বাচনে মেয়র পদটি পেয়েছিল বিএনপি। আওয়ামী লীগের প্রার্থী সেবার নির্বাচনে তৃতীয় হয়েছিল। এবারের নির্বাচনে আওয়ামী লীগ চাইছে বিএনপির দুর্গে আঘাত হেনে জয় পেতে। আর বিএনপির চাওয়া মেয়র পদটি ধরে রাখা।
নির্বাচন কমিশন সূত্র এবং স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা জানান, ২০১১ সালের ১৮ জানুয়ারি খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের চারজন ও বিএনপির দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে বিএনপি–সমর্থিত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী মেয়র নির্বাচিত হন। আর বিএনপির বিদ্রোহী প্রার্থী হন দ্বিতীয়। অপর দিকে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের অবস্থান ছিল তৃতীয়। আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থী হারুন অর রশিদ ফরাজীর অবস্থান ছিল চতুর্থ। তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির কোনো বিদ্রোহী প্রার্থী নেই। মাটিরাঙ্গা বিএনপির দুর্গ হিসেবে পরিচিত হলেও সেই দুর্গে আঘাত হেনে এবার জয় ছিনিয়ে নিতে চায় আওয়ামী লীগ। তবে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির কর্মী-সমর্থকেরা। ভোটাররা ঠিকমতো ভোটকেন্দ্রে যেতে পারলে জয় ঘরে উঠবে বলে মনে করেন তঁারা। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা চান দলটির নেতা-কর্মীরা।
মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে জমজমাট প্রচারণা চোখে পড়েছে। মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দলীয় প্রতীক নিয়ে মিছিল শোভাযাত্রা করছেন। ব্যস্ত সময় কাটাচ্ছেন গণসংযোগে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিগত মেয়রের সময় পৌরসভার উন্নয়ন হয়নি বলে ভোটারদের কাছে প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি প্রতিশ্রুতি দিচ্ছেন জয়ী হলে উন্নয়ন করার। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা প্রথম আলোকে বলেন, ২০০২ সালে মাটিরাঙ্গা পৌরসভা গঠিত হওয়ার পর তেমন কোনো উন্নয়ন হয়নি। পৌরসভার আওতাধীন এলাকাগুলো গ্রামাঞ্চলের চেয়েও অনুন্নত। পৌরসভায় গত পাঁচ বছরে দায়িত্ব পালনের সময় বিএনপি–সমর্থিত মেয়র ব্যাপক দুর্নীতি করেছেন। পৌরসভার উন্নয়নও করেননি তিনি।
অপর দিকে, বিএনপির নেতা-কর্মীরা প্রচারণায় বলছেন, বিগত মেয়র বিএনপির হওয়ায় এই পৌরসভার উন্নয়নের জন্য সরকারের কাছ থেকে বরাদ্দ পাওয়া যায়নি। এ কারণে পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।
পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ ফরাজী বলেন, ‘আমাদের মধ্যে প্রার্থী নিয়ে মতবিরোধ নেই। ব্যক্তি নয়, আমরা প্রতীকের জয় চাই। আমাদের দলীয় প্রার্থী শামছুল হকের জয়ের ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ।’
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র পদপ্রার্থী শামছুল হক বলেন, ‘গত পাঁচ বছর বিএনপির মেয়র এলাকার উন্নয়ন করতে পারেননি। বরং বিভিন্ন উন্নয়ন সংস্থার উন্নয়ন বরাদ্দ নিয়ে নয়ছয় করেছেন। মানুষ এবার নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। কারণ ভোটাররা এখন এলাকার উন্নয়ন চায়।’
বর্তমান মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী বলেন, ‘মাটিরাঙ্গা বিএনপির দুর্গ। ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারলে আমাদের ভোট দেবেন। প্রশাসনকে এ জন্য নিরপেক্ষ থাকতে হবে।’
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও দলটির মনোনীত মেয়র পদপ্রার্থী বাদশা মিয়া বলেন, ‘বর্তমান মেয়রের যে কাজগুলো অসমাপ্ত আছে সেগুলো আমি নির্বাচিত হলে সমাপ্ত করব। প্রশাসনের কাছে আমার একটিই দাবি যাতে প্রশাসন নিরপেক্ষ থাকে। প্রশাসন নিরপেক্ষ থাকলেই আমার জয় নিশ্চিত।’