কক্সবাজারের পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনটিতে বিএনপি, দুটিতে জামায়াতে ইসলামী এবং দুটিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জয়লাভ করেছেন। প্রতিটি ইউনিয়নে একাধিক প্রার্থী না থাকলে সব কটিতে আওয়ামী লীগের প্রার্থীর জয়লাভ সম্ভব হতো বলে মন্তব্য করেছেন ভোটাররা।জানা গেছে, কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগের প্রার্থীর। বিএনপি-জামায়াত ভাগাভাগি করে নির্বাচন করেও ভালো ফল করতে পারেনি। ভোটের হিসাবে আওয়ামী লীগ এগিয়ে। এটাকে ভোটাররা অনেকে বিএনপির দুর্গ খ্যাত এই উপজেলায় আওয়ামী লীগের গণজোয়ার বলে মন্তব্য করেছেন। গত শনিবার এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।ভোটাররা জানান, পেকুয়া সদর ইউনিয়নে ছয় হাজার ২৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ। তাঁর নিকটতম প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পেয়েছেন চার হাজার ৯৫৮ ভোট। আওয়ামী লীগের আরেক প্রার্থী সাংবাদিক জহিরুল ইসলাম পেয়েছেন তিন হাজার ৮৩১ ভোট। ভোটারদের মন্তব্য, আওয়ামী লীগের একক প্রার্থী হলে বাহাদুর শাহের জয়লাভ কঠিন হতো।উজানটিয়া ইউনিয়নে এক হাজার ৮৫৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি এ টি এম শহিদুল ইসলাম চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক তোফাজ্জল করিম পেয়েছেন এক হাজার ৬৩৫ ভোট। বিএনপি-সমর্থিত প্রার্থী আজিজুল হক পেয়েছেন এক হাজার ৪৬২ ভোট। পাশের টৈটং ইউনিয়নে চার হাজার ৪৩৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জেড এম মোসলেম উদ্দিন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী পেয়েছেন তিন হাজার ১৬৬ ভোট। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শহীদুল্লাহ পেয়েছেন এক হাজার ৮২১ ভোট। এ ছাড়াও আওয়ামী লীগ প্রার্থীদের অল্প ভোটের ব্যবধানে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মগনামা ইউনিয়নে জামায়াত-সমর্থিত প্রার্থী শহিদুল মোস্তফা চৌধুরী, বারকারিয়া ইউনিয়নে জামায়াতের মাওলানা বদিউল আলম, শিলখালী ইউনিয়নে বিএনপির নুরুল হোসাইন।বিএনপি-সমর্থিত প্রার্থীদের পরাজিত করে রাজাখালী ইউনিয়নে আওয়ামী লীগের নজরুল ইসলাম সিকদার ও উজানটিয়া ইউনিয়নে শহিদুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন। শিলখালী ইউনিয়নের আওয়ামী লীগের পরাজিত প্রার্থী ওয়াহিদুর রহমান ওয়ারেছি জানান, একটি কেন্দ্রে ভোট কারচুপি করে মাত্র ১৭৫ ভোটের ব্যবধানে তাঁকে পরাজিত দেখানো হয়েছে। এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করেন। পেকুয়া সদরের আওয়ামী লীগের পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম জানান, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দিন আহমদের হস্তক্ষেপে এই উপজেলায় বিএনপি ও জামায়াত ঐক্যবদ্ধভাবে প্রার্থী মনোনয়ন দিলেও আওয়ামী লীগের ক্ষেত্রে তা সম্ভব হয়নি। তা ছাড়া দলের জ্যেষ্ঠ নেতারাও একক প্রার্থী মনোনয়নে তেমন মাথা ঘামাননি। একক প্রার্থী মনোনীত হলে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই পেকুয়ার সাতটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করতেন। এরপরও আওয়ামী লীগের পক্ষে ভোটারদের ব্যাপক সাড়া বিএনপির নেতাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি জানান, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা কাউকে দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করিনি। প্রার্থীদের পক্ষেও আচরণবিধি লঙ্ঘন করে কোনো জ্যেষ্ঠ নেতা মাঠে নামেননি। পক্ষান্তরে বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দিন আহমদ আচরণবিধি লঙ্ঘন করে দলীয় প্রার্থী ঘোষণা করে মাঠে নামেন। বহু জায়গায় তাঁর গণসংযোগ নিয়ে হামলা, সংঘর্ষ, ভাঙচুর হয়েছে। ভোটারদের মনে একধরনের আতঙ্ক সৃষ্টি করে নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা চালানো হয়েছে। কিন্তু আমরা তেমনটি চাইনি বলে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তার পরও ফলাফল যা হয়েছে তা আমরা আওয়ামী লীগের গণজোয়ার শুরু বলে মন্তব্য করব।’ এই প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ জানান, নির্বাচন নিয়ে কোনো সাংবাদিকের সঙ্গে তিনি কথা বলবেন না। কারণ সব সাংবাদিক তাঁর বিরুদ্ধে লেখেন।