বিএনপির দুর্গে আ.লীগের হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোয়ালখালীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির দুর্গে হানা দিয়েছে আওয়ামী লীগ। সাত ইউপির দুটিতে জয় পেয়েছেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা। চারটিতে আওয়ামী লীগ-সমর্থিত ও একটিতে ইসলামী ফ্রন্ট-সমর্থিত প্রার্থী জিতেছেন। ২৫ জুন এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চেয়ারম্যান পদে বিএনপি একটি উদ্ধার করেছে ও চারটি হারিয়েছে। হারানো চারটি ইউনিয়ন হচ্ছে, শাকপুরা, শ্রীপুর-খরণদ্বীপ, চরণদ্বীপ ও আমুচিয়া। চেয়ারম্যান পদে শাকপুরায় জিতেছেন আওয়ামী লীগ-সমর্থিত আবদুল মান্নান, সারোয়াতলীতে বিএনপি-সমর্থিত এম নূর মোহাম্মদ, পোপাদিয়ায় আওয়ামী লীগ-সমর্থিত এস এম জসিম, চরণদ্বীপে ইসলামী ফ্রন্ট-সমর্থিত মো. শোয়েইব রেজা, শ্রীপুর-খরণদ্বীপে আওয়ামী লীগ-সমর্থিত মো. মোকারম, আমুচিয়ায় আওয়ামী লীগ-সমর্থিত কাজল দে, আহলা-করলডেঙায় জিতেছেন বিএনপি-সমর্থিত হামিদুল হক। আমুচিয়ায় গত দুবার জিতেছিলেন বিএনপি-সমর্থিত নজরুল ইসলাম ওরফে বাচা চেয়ারম্যান। এবার তাঁর ছোট ভাই জিতেছেন। বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা জানান, কোন্দলের কারণে দল-সমর্থিত প্রার্থী হেরেছেন। জ্যেষ্ঠ নেতারা অনেকেই দলের প্রার্থীর পক্ষে কাজ করেননি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ খান বলেন, ‘দলীয় প্রার্থীর পক্ষে সবাই একযোগে কাজ করেছেন। কারচুপির মাধ্যমে আমাদের প্রার্থীদের হারানো হচ্ছে।’ নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, ‘নির্বাচনে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি হয়নি। কয়েকটি ইউনিয়নে ভোটের ব্যবধান কম হওয়ায় বিএনপি-সমর্থিতরা ফলাফল মানতে পারেননি। এ ব্যাপারে অভিযোগ করতে হবে নির্বাচনী ট্রাইবুনালে।’নির্বাচনের আগে সংখ্যালঘু এলাকায় গোলাগুলি, ভাঙচুর ও ভোটারদের হুমকি-ধমকিতে আতঙ্কিত ছিল এলাকাবাসী। নির্বাচনে প্রশাসন নেয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। ফলে কোনো অঘটন ছাড়াই সম্পন্ন হয়েছে নির্বাচন। ভোটারদের মাঝে ছিল উৎসবের আমেজ।