বিএনপির দুর্গে জামায়াতের হানা, সুবিধায় আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুই দফায় ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ছয়টিতে বিএনপি, চারটিতে আওয়ামী লীগ এবং দুটিতে জামায়াতে ইসলামী-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা জয়লাভ করেছেন। নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, বিএনপির দুর্গে হানা দিচ্ছে জামায়াতে ইসলামী। আর সুবিধাজনক অবস্থানে রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।ভোটাররা জানান, বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো আওয়ামী লীগেও একক প্রার্থী দেওয়া গেলে বিএনপির জনপ্রিয়তার ধস দেখা যেত। কোনো কোনো ইউনিয়নে তিন-চারজন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচন করায় বিএনপি অথবা জামায়াত-সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেন।নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন নেতা জানান, নির্বাচনের মাত্র কয়েক দিন আগে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ফাঁসিয়াখালী ইউনিয়নে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুল হক চৌধুরীর পক্ষে গণসংযোগ করতে গেলে হামলা, মারধর ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটান। এ ঘটনায় সালাহউদ্দিন আহমেদসহ আড়াই হাজার বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে চকরিয়া থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। ফলে বিএনপির নেতা-কর্মীরা গ্রেপ্তার হওয়ার আতঙ্কে ভোট দিতে কেন্দ্র পর্যন্ত যেতে পারেননি, যে কারণে বর্তমান চেয়ারম্যান ও বিএনপির নেতা আজিজুল হক চৌধুরীকে পরাজিত হতে হয়েছে।উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম জানান, চকরিয়ায় শুরু থেকে শান্তিপূর্ণ পরিবেশে নির্দলীয়ভাবে নির্বাচনী প্রচারণা চলছিল। কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ গ্রামগঞ্জে ঢুকে আচরণবিধি লঙ্ঘন করে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের পক্ষে গণসংযোগে নেমে পরিস্থ্থিতি ঘোলাটে করে দেন। সাধারণ ভোটাররা তাঁর এ বিতর্কিত কর্মকাণ্ডকে সহজভাবে মেনে নিতে পারেননি। ফলে রায় গেছে ভিন্ন জায়গায়। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির পরাজিত এক চেয়ারম্যানপ্রার্থী জানান, ওই প্রভাবশালী নেতার ওপর অনাস্থা জানিয়ে বিএনপি-সমর্থক বহু ভোটার জামায়াত-সমর্থিত চেয়ারম্যানপ্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেন। জানতে চাইলে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ জানান, এ ব্যাপারে তিনি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলবেন না। কারণ সাংবাদিকেরা সবসময় তাঁর বিরুদ্ধে লেখেন। সূত্র জানায়, ১১ জুন দ্বিতীয় দফার ছয়টি ইউপি নির্বাচনে চারটিতে বিএনপি, একটিতে আওয়ামী লীগ ও একটিতে জামায়াতে ইসলামী-সমর্থিত চেয়ারম্যানপ্রার্থী জয়লাভ করেছেন। এর আগে ৮ জুন প্রথম দফার ছয়টি ইউপি নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগ, দুটিতে বিএনপি ও একটিতে জামায়াত-সমর্থিত চেয়ারম্যানপ্রার্থী জয়লাভ করেন। এর মধ্যে লক্ষ্যারচর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত নুর মোহাম্মদ, কাঁকারায় বিএনপির আলী মনছুর, কৈয়ারবিলে বিএনপির শরিফ উদ্দিন চৌধুরী, বরইতলীতে আওয়ামী লীগের এ টি এম জিয়া উদ্দিন চৌধুরী, শাহারবিলে বিএনপির আবদুল হাকিম, হারবাংয়ে জামায়াতের জহির উদ্দিন মো. বাবর, ফাঁসিয়াখালীতে আওয়ামী লীগের গিয়াস উদ্দিন চৌধুরী, চিরিঙ্গায় আওয়ামী লীগের জসিম উদ্দিন, সুরাজপুর-মানিকপুরে আওয়ামী লীগের আজিমুল হক, বমুবিলছড়িতে বিএনপির কামাল উদ্দিন, ডুলাহাজারায় বিএনপির মিজানুর রহমান চৌধুরী ও খুটাখালীতে জামায়াতের মাওলানা আবদুর রহমান। উল্লেখ্য, ১৪ জুন এ উপজেলার বাকি ছয়টি ইউনিয়ন—পশ্চিম বড় ভেউলা, ঢেমুশিয়া, বদরখালী, পূর্ব বড় ভেউলা, ভেউলা মানিকচর ও কোনাখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।