
কক্সবাজারের মহেশখালী উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে চারটিতে বিএনপি এবং তিনটিতে আওয়ামী লীগের প্রার্থীরা জিতেছিলেন গতবারের নির্বাচনে। এবারের নির্বাচনে বিএনপির দুর্গে হানা দিয়ে চার ইউনিয়নের চেয়ারম্যান পদ ছিনিয়ে নিতে মরিয়া আওয়ামী লীগ। পাশাপাশি বাকি তিন ইউনিয়নে নিজেদের বিজয় ধরে রাখতে তৎপর দলটির প্রার্থীরা। তবে ভোটের যুদ্ধে সমানে লড়ছে বিএনপিও।
১৫ মার্চ সকাল নয়টায় কুতুবজোম ইউনিয়নের বটতলীর কালামিয়া বাজারে জালাল সওদাগরের মুদির দোকানে ভোট চাইতে আসেন আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ হোসেন। এ সময় দোকানে উপস্থিত ভোটারদের তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকা উন্নয়ন বঞ্চিত। নৌকা বিজয়ী হলে এলাকার আমূল পরিবর্তন হবে। পরে ওই দোকান থেকে বের হয়ে এলাকার পথচারী ও ব্যবসায়ীদের কাছেও ভোট চান তিনি।
এর এক ঘণ্টা পর একই স্থানে প্রচারণা চালান বিএনপির প্রার্থী শফিউল আলম। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে এলাকায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
তবে উপস্থিত ভোটারেরা ভালো–মন্দ বিবেচনা করেই ভোট দেবেন বলে জানান। কেবল কুতুবজোম ইউনিয়ন নয় উপজেলার সাতটি ইউনিয়নেই এখন বিএনপি–আওয়ামী লীগের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই ইউনিয়নগুলোতে মূলত লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপি–সমর্থিত প্রার্থীদের মধ্যে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০১১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মহেশখালী উপজেলার কুতুবজোম, ছোট মহেশখালী, হোয়ানক ও কালারমার ছড়া ইউনিয়নে বিএনপির প্রার্থীরা জয় পেয়েছিলেন। অপর দিকে আওয়ামী লীগের প্রার্থীরা জয় পেয়েছিলেন মাতারবাড়ি ধলঘাট ও বড় মহেশখালী ইউনিয়নে।
দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণাও। প্রচারণায় ব্যস্ত কুতুবজোম ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান
পদপ্রার্থী মোশাররফ হোসেন ও বিএনপির প্রার্থী বর্তমান চেয়ারম্যান শফিউল আলম। ছোট মহেশখালীতে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জিহাত বিন আলীর পাশাপাশি মাঠে আছেন বিএনপির প্রার্থী নুরুল হুদা। হোয়ানকে সমান তালে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মোস্তফা কামাল ও বিএনপির প্রার্থী এনামুল করিম চৌধুরী। একইভাবে কালারমারছড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী তারেক বিন ওচমান শরীফ ও বিএনপির প্রার্থী এখলাছুর রহমানও প্রার্থীদের ঘরে ঘরে যাচ্ছেন। এই চার ইউনিয়নে মূলত আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও মাঠে আছেন বিদ্রোহী প্রার্থীরাও।
গতবার জয় পাওয়া তিনটি ইউনিয়নেও আওয়ামী লীগের প্রার্থীদের প্রচারণা তুঙ্গে। মাতারবাড়িতে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক চৌধুরীর বিরুদ্ধে লড়ছেন বিএনপির নাসির উদ্দীন মোহাম্মদ বাবর চৌধুরী। ধলঘাটায় আওয়ামী লীগের কামরুল হাসানের বিরুদ্ধে মাঠে নেমেছেন বিএনপির প্রার্থী সরওয়ার আলম। তবে বড় মহেশখালীতে বিএনপির কোনো প্রার্থী নেই। এখানে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ শরীফ বাদশাহর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী এনায়েত উল্লাহ।
হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার ভোটার আবুল হাসেম বলেন, মহেশখালী ও কুতুবদিয়া বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এখন এই ঘাঁটিতে আওয়ামী লীগের প্রার্থীরা হানা দিয়ে জয় ছিনিয়ে আনতে চাইছেন। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীরা।
হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলম বলেন, গতবারের ইউপি নির্বাচনে দেরিতে মাঠে নামার কারণে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হতে পারেননি। এখন আগে ভাগেই মাঠে নেমে পড়ায় আওয়ামী লীগের প্রার্থীরা অবস্থা বেশ ভালো।
জানতে চাইলে মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম বলেন, ‘নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিএনপির প্রার্থী ও নেতা-কর্মীরা পুরোদমে প্রচারণা চালাচ্ছেন। সুষ্ঠু ভোট হলে আমাদের প্রার্থীর বিজয়ে অনেকটা আশাবাদী।’
মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, বিএনপির কাছ থেকে চার ইউনিয়ন উদ্ধারের জন্য আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও নেতা–কর্মীরা মাঠে নেমেছেন।
মহেশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেদারুল ইসলাম বলেন, ‘২২ মার্চ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।’