বিএনপির নেতা-কর্মীদের মধ্যে চাঙাভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ কর্মসূচি বাস্তবায়নের কলাকৌশল নিয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা এখন ব্যস্ত। এই কর্মসূচিকে ঘিরে সংশ্লিষ্ট সবার মধ্যে চাঙাভাব দেখা যাচ্ছে। ঈদুল আজহার দুই সপ্তাহ আগে অর্থাৎ ২৫ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম অভিমুখী রোডমার্চের কর্মসূচি নির্ধারিত ছিল। কিন্তু জনসম্পৃক্ততা কম হওয়ার আশঙ্কায় তা পিছিয়ে দেওয়া হয়েছে। ঈদুল আজহার পরে কর্মসূচির নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে জানা গেছে।নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ঈদের কয়েক দিন আগে চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ কর্মসূচি দেওয়াটা ঠিক ছিল না। কারণ ওই সময় বেশির ভাগ মানুষ বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতে থাকবে। এ ছাড়া, এখানকার অনেক মানুষ হজ পালনের জন্য সৌদি আরবেও চলে গেছেন। তাই ২৫ ও ২৬ অক্টোবরের কর্মসূচি ঈদের পরেই পালন করা হবে। তবে দিনক্ষণ এখনো ঠিক হয়নি।’এদিকে রোডমার্চ কর্মসূচি বাস্তবায়ন নিয়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে বিএনপির সাম্প্রতিক কর্মসূচিগুলোতে জনসমাগমের হার বেড়ে চলেছে। এতে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা আগের চেয়ে অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন বলে জানা গেছে।আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রোডমার্চ কর্মসূচি বিএনপির নয়। দেশের মানুষ শান্তিতে নেই। তাই জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিরোধীদলীয় নেত্রী হিসেবে মাঠে নেমেছেন। এই কর্মসূচিতে জনগণের সম্পৃক্ততা অবশ্যই থাকবে। বিএনপি কোনো কর্মসূচি ঘোষণা করলে তাতে জোয়ারের মতো মানুষের সমাগম হচ্ছে, তাই বিএনপি এখন অনেক আত্মবিশ্বাসী।’দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ হবে ফেনী থেকে। রোডমার্চ শুরুর আগে ফেনীতে জনসভা করতে পারে বিএনপি। এরপর রোডমার্চের যাত্রা শুরু হতে পারে। বিএনপির চেয়ারপারসন কর্মসূচির নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন নগর বিএনপির সভাপতি। জানা গেছে, রোডমার্চের গন্তব্য চট্টগ্রাম হলেও জনসভার স্থান নিয়ে নেতাদের মধ্যে দ্বিধা কাটেনি। বিএনপি আউটার স্টেডিয়াম কিংবা পলোগ্রাউন্ড মাঠে ওই দিন সমাবেশ করার আবেদন জানাবে। কারণ এই দুটি মাঠের আয়তন অনেক বড়, যেখানে হাজার হাজার মানুষের উপস্থিতি নির্বিঘ্ন হবে। কিন্তু সেই তুলনায় লালদীঘি মাঠের আয়তন ছোট হওয়ায় সেখানে বিএনপির বিপুলসংখ্যক কর্মী-সমর্থকের স্থান সংকুলান হবে না বলে দলীয় নেতারা মনে করছেন। প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর ঢাকার এক জনসভা থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশের বিভাগীয় শহর অভিমুখী রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেন। তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা বাতিল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ সরকারের নানা ব্যর্থতার অভিযোগে এই কর্মসূচি দেওয়া হয়। জানা যায়, বিএনপির কর্মসূচিতে স্থানীয় বিবদমান নেতা-কর্মীরাও যোগ দেবেন। তবে ঐক্যবদ্ধভাবে যোগ দেওয়া নিয়ে এখনো সংশয় রয়েছে। চট্টগ্রাম বিএনপির রাজনীতি দুই ভাগে বিভক্ত। একটির নেতৃত্বে আছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং অন্য অংশের নেতৃত্ব দিচ্ছেন আবদুল্লাহ আল নোমান। সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিনেরও নগরের রাজনীতিতে একটি অবস্থান রয়েছে। আবদুল্লাহ আল নোমান মাসখানেক অসুস্থ ছিলেন। তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নেন। বর্তমানে তাঁর অনুসারীদের তেমন সক্রিয় দেখা যাচ্ছে না। তবে তাঁরা আলাদাভাবে রোডমার্চ কর্মসূচিতে অংশ নিতে পারেন বলে আভাস পাওয়া গেছে। নোমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘রোডমার্চ কর্মসূচি নিয়ে চট্টগ্রামে বিএনপির মধ্যে কোনো বিভাজন নেই। কারণ চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেই এই কর্মসূচি ঘোষণা করেছেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেব। এই কর্মসূচিকে ঘিরে নেতা-কর্মীরা চাঙা হয়ে উঠেছেন।’ তবে নোমানের আরেক অনুসারী নাম প্রকাশ না করে বলেন, ‘সরকার পতনের জন্য বেগম খালেদা জিয়ার ডাকে আমরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নিতে চাই। তবে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্ব মানতে আমাদের আপত্তি আছে। কারণ দুই বছরেও তিনি সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি।’