বিএনপির প্রথম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে প্রথমবারের মতো বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম চৌধুরী। তিনি গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় দুই হাজার ভোট বেশি পেয়েছেন। পার্বত্য চুক্তির বাস্তবায়ন না হওয়া ও দলের মধ্যে সংহতির অভাব আওয়ামী লীগের পরাজয়ের কারণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৮৮৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী প্রতিম রায় পেয়েছেন আট হাজার ৯১৫ ভোট, আওয়ামী লীগের প্রার্থী আবদুল মতিন পেয়েছেন আট হাজার ১৬৩ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান পেয়েছেন পাঁচ হাজার ৯২৬ ভোট। গত দুই পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে মেয়র পদে জয়লাভ করলেও এবার হয়েছেন তৃতীয়।বিএনপি-সমর্থিত প্রার্থীর জয় আর আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় নিয়ে চলছে হিসাব। মুখে পার্বত্য চুক্তির পক্ষে বললেও চুক্তি বাস্তবায়নের উদ্যোগ না নেওয়ায় আওয়ামী লীগ ভোট হারিয়েছে। এ ছাড়া দলীয় কোন্দল ও একজন আদিবাসী কাউন্সিলর পদপ্রার্থীকে দল থেকে বহিষ্কার করাও আওয়ামী লীগের বিপক্ষে গেছে। আঞ্চলিকতাও এবার প্রভাবক হিসেবে কাজ করেছে। এর ফলে গণরায় বিএনপির পক্ষে গেছে বলে মনে করছেন অধিকাংশ মানুষ।বিজয়ী মেয়র প্রার্থী সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা নির্বাচনে জিততে পরিকল্পনামাফিক কাজ করেছি। সে কারণে পাহাড়ি বাঙালি—সবাই আমাদের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়ন ও নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি ভোটারদের ক্ষুব্ধ করেছে।’ স্বতন্ত্র প্রার্থী প্রতিম রায় পরাজয়ের ব্যখ্যা দিতে গিয়ে বলেন, ‘এবারের নির্বাচনে আদিবাসী ভোটারদের নির্বাচনমুখী করা যায়নি। অন্য সংখ্যালঘু ভোটারদের ভোটও ভাগ হয়েছে। এ ছাড়া আঞ্চলিকতা ও সামপ্রদায়িকতা কাজ করেছে কিছু ভোটারের মাঝে। ’আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বলেন, সংখ্যালঘু ভোট সবসময় আওয়ামী লীগের পক্ষে থাকলেও এবার অনেকে স্বতন্ত্র প্রার্থী প্রতিম রায়ের পক্ষে ভোট দিয়েছেন। ভোট ভাগাভাগির কারণে আওয়ামী লীগ প্রার্থী আবদুল মতিন ও স্বতন্ত্র প্রার্থী প্রতিম রায় হেরেছেন।তবে আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতার মতে, গত দুবারের মেয়র হাবিবুর রহমানকে দলীয় মনোনয়ন না দেওয়ায় বস্তিবাসীর ভোট গেছে বিএনপির পক্ষে। এ ছাড়া দলীয় কোন্দল এবং ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে বিদ্রোহী প্রার্থী ঝিনুক ত্রিপুরাকে দল থেকে বহিষ্কারের কারণে অনেক ভোট বিএনপির পক্ষে গেছে।পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক রকি চাকমা বলেন, ‘মুখে পার্বত্যচুক্তির পক্ষে বলে বাস্তবায়ন না করায় আদিবাসী ভোট আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে। এ ছাড়া পার্বত্যচুক্তিবিরোধী বাঙালিদের ভোটও আওয়ামী লীগের বিপক্ষে গেছে।