বিএনপির প্রার্থী চূড়ান্ত অপেক্ষায় আ.লীগ
পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই রাঙামাটিতে দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা তৎপর হয়ে উঠেছেন। বিএনপি ইতিমধ্যে মেয়র পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে। তবে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা এখনো কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। তবে তাঁরা মনোনয়ন পাওয়ার জন্য দলের নীতি নির্ধারণীমহলে জোর তদবির চালাচ্ছেন বলে জানা গেছে।জানা গেছে, বিএনপি নির্বাচনী তফসিল ঘোষণার আগে থেকে পৌর নির্বাচনে প্রার্থিতা নিয়ে দলের ভেতর-বাইরে যথেষ্ট কাজ করেছে। ফলে তফসিল ঘোষণার পরপরই মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। বিএনপির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শাহ আলম জানান, তাঁদের দল এখন বেশ গোছানো। পৌর নির্বাচনে মেয়র পদে দলের পৌর শাখার সভাপতি সাইফুল ইসলাম ভুট্টোর নাম আগে থেকেই প্রায় ঠিক করা ছিল। এখন দলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকেই আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হলো। এদিকে, মেয়র প্রার্থী মনোনয়ন নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে সরকারি দল আওয়ামী লীগ। দলে বর্তমান মেয়রসহ কমপক্ষে চারজন মেয়র প্রার্থী হতে আগ্রহী। তবে চারজনই বলেছেন, দলের সিদ্ধান্ত মেনে নেবেন। মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী আওয়ামী লীগ নেতারা হলেন, বর্তমান মেয়র হাবিবুর রহমান, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন, শহর শাখার সভাপতি মো. সোলায়মান ও সাধারণ সম্পাদক মনসুর আলী। যোগাযোগ করা হলে হাবিবুর রহমান বলেন, দলের সিদ্ধান্ত মেনেই তিনি নির্বাচন করবেন। দুবার মেয়র পদে থাকার সুবাদে দল এবারও তাঁকে মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদী।আবদুল মতিন বলেন, ‘দলের দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করার ইচ্ছে আমার নেই।’অপরদিকে মো. সোলায়মান বলেন, ‘আমি দলের কাছে ইতিমধ্যে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছের কথা জানিয়েছি। আশা করি, দল আমাকে মনোনয়ন দেবে।’ মনসুর আলী বলেন, ‘আমি অনেক আগে থেকে দলকে বলেছি, মেয়র পদে নির্বাচন করব।’ তবে দলের সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচন করতে চাইলে তাঁর বিরুদ্ধে অবশ্যই দল ব্যবস্থা নেবে বলে তিনি মন্তব্য করেন।তবে দলের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন দলে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে বলে মনে করেন না। তিনি জানান, দলের শহর কমিটি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহীদের তালিকা দেবে। তারপর সিদ্ধান্ত হবে কে মনোনয়ন পাবেন। তিনি বলেন, ‘সাধারণ ভোটারদের সঙ্গে আমাদের নিয়মিত কথাবার্তা হচ্ছে। আমরা বুঝতে পারছি কার অবস্থান কোথায়। সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে।’রাঙামাটির অপর প্রভাবশালী দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পৌর নির্বাচনে কোনো প্রার্থী দেবে না। তবে কোনো একটি দল বা প্রার্থীকে সমর্থন দিতে পারে। অবশ্য কোনো প্রার্থীর পক্ষে তাদের সরাসরি প্রচারণায় নামার আগ্রহ নেই বলে জনসংহতির একাধিক সূত্রে জানা গেছে।দলীয় প্রার্থী ছাড়াও দুই স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট প্রতীম রায় এবং মনিরুজ্জামান মহসিন শক্ত অবস্থানে রয়েছেন। এ দুই প্রার্থী ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন।জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, রাঙামাটি পৌরসভার বর্তমান ভোটার সংখ্যা ৫৩ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ৩০ হাজার ১২৫ এবং নারী ভোটার ২৩ হাজার ৩০৫ জন।