বিএনপির সাধারণ সম্পাদক আওয়ামী লীগের প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়ায় বমু বিলছড়ির ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন মনোনয়ন পেলেন আওয়ামী লীগের। অথচ তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদানও করেননি। বিএনপির ওই ইউনিয়ন কমিটিও বিলুপ্ত হয়নি। কাগজে-কলমে তিনি এখনো সাধারণ সম্পাদক। এ নিয়ে আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ।
তৃতীয় দফায় কক্সবাজারের চকরিয়া উপজেলার ১২ ইউনিয়ন পরিষদে (ইউিপ) ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে বমু বিলছড়ি ইউপিও রয়েছে। এ ইউপিতে চেয়ারম্যান পদে ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মতলব দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাঠে আছেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কফিল উদ্দিনও।
বমু বিলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ বলেন, ‘তৃণমূল নেতা-কর্মীদের মতামত ছাড়াই জেলা আওয়ামী লীগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিনের নাম কেন্দ্রে পাঠায়। কেন্দ্রীয় আওয়ামী লীগও দলের প্রার্থী হিসেবে তঁার নাম ঘোষণা করে। এতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ক্ষুব্ধ। তাঁদের মধ্যে হতাশা নেমে আসে। কামাল উদ্দিনও ভোটের মাঠে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিচ্ছেন না। তিনি দুই দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। নৌকা প্রতীকের প্রার্থী হলেও এখনো তিনি বিএনপি থেকে পদত্যাগ করেননি।’
আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, ‘ছাত্রজীবনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। হামলা, মামলা ও চাপে পড়ে বিএনপি করেছি। তবে আওয়ামী লীগ ক্ষমতায় এলে দলে ফিরে আসি।’ বিএনপির কমিটিতে থাকা প্রসঙ্গে বলেন, ‘বমু বিলছড়িতে পাঁচ-ছয় বছর ধরে বিএনপি নিষ্ক্রিয়, কমিটির কোনো অস্তিত্ব নেই।’ কামাল উদ্দিন আরও বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়েছি, দল আমাকে মূল্যায়ন করেছে।’
এ ব্যাপারে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘জেলা আওয়ামী লীগ একা কাউকে মনোনয়ন দিতে পারে না। তৃণমূল থেকে কামাল উদ্দিনের নাম পাঠানোয় হয়তো তিনি দলের মনোনয়ন পেয়েছেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন কি না আমরা জানি না।’
এদিকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেও তিনি বিএনপির কমিটি থেকে পদত্যাগ করেননি বলে অভিযোগ রয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত প্রার্থী আবদুল মতলব বলেন, ‘কামাল উদ্দিন পাঁচ বছর চেয়ারম্যান ছিলেন। তাঁর নেতিবাচক কর্মকাণ্ডে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ বিরক্ত ছিলেন। মনোনয়ন পাবেন না নিশ্চিত হয়ে বিএনপি থেকে পদত্যাগ না করেই আওয়ামী লীগের মনোনয়নের জন্য তদবির করতে থাকেন। একপর্যায়ে নৌকা প্রতীক পেয়েছেনও। এখন বিএনপির জন্য অনেক ভালো হয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।’
জানতে চাইলে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘কামাল উদ্দিন বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তিনি এখন আওয়ামী লীগের হয়ে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন। এখন সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচনের পরে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে।’