বিএনপির হুমকি মোকাবিলায় ছাত্রলীগই যথেষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলের যেকোনো বাধা ঠেকাতে ছাত্রলীগকে প্রস্তুত থাকতে হবে। বিএনপির হুমকি মোকাবিলায় ছাত্রলীগই যথেষ্ট। ২০ অক্টোবর মিরসরাই উপজেলা ছাত্রলীগের একাংশের কর্মশালা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন এসব কথা বলেন। তিনি মিরসরাই উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের বিবদমান পক্ষগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মিরসরাই সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মাঈনুর ইসলাম। মুখ্য আলোচক ছিলেন আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জিতেন্দ্র প্রসাদ নাথ, যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, মিরসরাই উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের দুটি করে কমিটি রয়েছে। তাদের এক পক্ষ সাংসদ মোশাররফ হোসেন এবং অপর পক্ষ উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীনের সমর্থক হিসেবে পরিচিত। দুটি পক্ষ বিভিন্ন কর্মসূচিও পালন করে আলাদা।