বিএনপির ১৮ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর বিএনপি আজ রোববার পতেঙ্গা থেকে কর্ণফুলী তৃতীয় সেতুর এপাড় পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করার কর্মসূচি দিয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে স্থানীয়ভাবে এ কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানা গেছে।নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা আশা করছি, আমাদের এই রাজনৈতিক কর্মসূচি গিনেস বুক অব রেকর্ডসে স্থান পাবে। সব শ্রেণীর ও পেশার মানুষকে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে স্থানীয়ভাবে এ ধরনের কর্মসূচি দেওয়া হয়েছে।’ দলীয় সূত্র জানায়, মানববন্ধন কর্মসূচি শুরু হবে বেলা দুইটায়। এটা স্থায়ী হবে মাত্র ১৫ মিনিট। পতেঙ্গা থেকে শুরু হয়ে অবিচ্ছিন্ন এ মানববন্ধন কর্মসূচি স্টিলমিল বাজার, সিমেন্ট ক্রসিং, সিইপিজেড, বন্দর, বারিক বিল্ডিং মোড়, আগ্রাবাদ, দেওয়ানহাট, লালখান বাজার, ওয়াসা, জিইসি মোড়, ২ নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট হয়ে কর্ণফুলী সেতু পর্যন্ত বিস্তৃত হবে। দলীয় নেতারা আশা করছেন, এ কর্মসূচিতে দলের নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষও অংশ নেবেন। কারণ, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সব শ্রেণী-পেশার মানুষ অতিষ্ঠ।